২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো ইউরোয় তহবিল, উদ্দেশ্য পরিবেশবান্ধব শিল্পের বিকাশ

পরিবেশবান্ধব শিল্পে বিনিয়োগের জন্য ২০ কোটি ইউরোর একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর নাম দেওয়া হয়েছে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড-জিটিএফ।বিদেশী মুদ্রার রিজার্ভ থেকে এ তহবিল গঠন করা হয়েছে।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 02:15 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

ইউরোতে প্রথমবারের মতো কোনো তহবিল গঠন করল কেন্দ্রীয় ব্যাংক। এখান থেকে ঋণ নিয়ে পরিবেশবান্ধব শিল্প খাতে ব্যবহূত কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি করা যাবে।

বর্তমান বাজার দরে প্রতি ইউরো ৯২ টাকা হিসেবে টাকার অংকে জিটিএফের পরিমাণ হচ্ছে ১ হাজার ৮৪০ কোটি টাকা।

এই তহবিল প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান বিশ্ব পেক্ষাপটে দেশে যাতে অনেক বেশি পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে-সেটাকে উৎসাহিত করতেই জিটিএফ গঠন করা হয়েছে। এখান থেকে ঋণ নিয়ে পরিবেশবান্ধব শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করা যাবে।”

বাংলাদেশ ব্যাংক বুধবার এই তহবিল সংক্রান্ত একটি নীতিমালা ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

রপ্তানিমুখী চামড়া ও বস্ত্র খাতের কারখানা পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের জন্য বর্তমানে ২০ কোটি ডলারের একটি তহবিল রয়েছে, যা গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড বা জিটিএফ নামে অবিহিত।

২০১৬ সালের জানুয়ারিতে গঠিত এ তহবিল থেকে ঋণ নিয়ে সবুজ কারখানা রূপান্তরের জন্য শুধু মূলধনী যন্ত্রপাতি আমদানি করা যায়। ঋণ নিতে হয় ডলারে। নতুন এ তহবিল থেকে ইউরোতে ঋণ নিয়ে মূলধনী যন্ত্রপাতির পাশাপাশি শিল্পে ব্যবহূত কাঁচামাল আমদানি করা যাবে।

নীতিমালায় বলা হয়েছে, পরিবেশবান্ধব শিল্প কারখানার জন্য গঠিত এ তহবিল ব্যাংকগুলো ইউরো ইন্টার ব্যাংক অফার রেটের (ইউরিবোর) সঙ্গে ১ শতাংশ সুদে অর্থায়ন নিতে পারবে। যদি ইউরিবোর ঋণাত্মক হয়, সে ক্ষেত্রে সুদহার হবে ১ শতাংশ। এর সঙ্গে ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে আরও ১ থেকে সর্বোচ্চ ২ শতাংশ সুদ যোগ করে ঋণ বিতরণ করতে পারবে। বর্তমানে ইউরিবোর ঋণাত্মক রয়েছে। ফলে বর্তমানে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার হবে ৩ শতাংশ। ব্যাংক অর্থ পাবে ১ শতাংশ সুদে। ছাইদুর রহমান বলেন, বর্তমানে বিদেশ থেকে শিল্পে ব্যবহূত কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আনতে ৬ শতাংশের মতো সুদ ব্যয় হয়। নতুন এ তহবিলের ফলে গ্রাহকের সুদ ব্যয় কমবে। একই সঙ্গে ইউরোতে যারা বিভিন্ন পণ্য আমদানি করেন, তাদের ডলার থেকে ইউরোতে বিনিময় করতে গিয়ে অনেক ক্ষেত্রে যে লোকসান হয়, সেটিও আর হবে না।

ডলারে ঋণ দেওয়ার জন্য বর্তমানে গ্রিন ট্রান্সফরমেশন তহবিল (জিটিএফ) ছাড়াও রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) রয়েছে।

নভেল করোনাভাইরাস মহামারীর কারণে রপ্তানিকারকদের ক্ষতি পুষিয়ে দিতে সম্প্রতি এ তহবিলের আকার ৩৫০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৫০০ কোটি ডলার করা হয়েছে। সুদহার নামিয়ে আনা হয়েছে ২ শতাংশে। এখান থেকে ঋণ নিয়ে রপ্তানিতে ব্যবহত বিভিন্ন পণ্য আমদানি করতে পারেন উদ্যোক্তারা।