আদর্শ জীবন পার করেছেন অধ্যাপক মোজাফফর আহমদ: রেহমান সোবহান
অর্থনীতিবিদ ও নাগরিক আন্দোলনের নেতা অধ্যাপক মোজাফফর আহমদ একটি আদর্শ জীবন পার করে গেছেন বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।
এই অধ্যাপকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
রেহমান সোবহান বলেন, “তিনি ছিলেন একজন অসাধারণ শিক্ষক। তিনি সারা জীবন দেশের জন্য কীভাবে ভালো হয় সে বিষয়গুলো নিয়ে কাজ করে গেছেন। কোনো কিছু পাওয়ার আশা করেননি। তিনি চিন্তা করে বসে থাকেননি, তিনি সেটা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে রাস্তায় নেমেছেন।
“তিনি যে কোনো দল মতের ঊর্ধ্বে উঠে যখনই কোনো ধরনের অসংগতি দেখেছেন সেটা নিয়ে প্রতিবাদ করেছেন। তার জীবনকে এক কথায় বলা যায়, এমন একটি জীবন যেটা একটি আদর্শ। যে জীবন যাপন করে মৃত্যুর সময় শান্তিতে থাকা যায়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও এমিরেটাস অধ্যাপক মোজাফফর আহমদ নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি ছিলেন।
তিনি দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
পরিকল্পনা কমিশনের সাবেক এই সদস্য শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার কর্মের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে এই অধ্যাপককে একুশে পদক ভূষিত করে বাংলাদেশ সরকার।
২০১২ সালের ২২ মে মারা যান অধ্যাপক মোজাফফর আহমদ।
স্মরণ অনুষ্ঠানে অধ্যাপক মোজাফফর আহমদ স্মৃতি সংসদের পক্ষ থেকে www.muzafferahmad.com নামে একটি ওয়েবসাইট চালু করা হয়, যেখানে তার জীবনী এবং কর্মকাণ্ডের তথ্য রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান স্মারক বক্তৃতায় বলেন, “মোজাফফর আহমদ ছিলেন সমকালীন বাস্তবতা সম্পর্কে সচেতন একজন অর্থনীতিবিদ। তিনি ছিলেন জাতীয়তাবাদী অর্থনীতির প্রবক্তা, তবে তিনি মতাদর্শিক গ্রামের উর্ধ্বে ওঠার ক্ষমতা ধারণ করেছিলেন।
“সামাজিক যে কোনো আন্দোলনে তিনি ছিলেন অগ্রসৈনিক। তার জীবন, কর্ম ও চিন্তা পর্যালোচনা করলে দেখা যায়, তিনি যে একই সাথে মোরাল এবং বাস্তববাদী অর্থনীতিবিদ, শিক্ষক, সমাজচিন্তক এবং সমাজ কর্মী।”
অধ্যাপক মোজাফফর আহমদ স্মৃতি সংসদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “মোজাফফর আহমদ ছিলেন একাধারে একজন শিক্ষক, একজন সমাজ সচেতন, রাজনীতি সচেতন এবং মানুষের অধিকার নিয়ে সোচ্চার একজন মানুষ। তিনি কখনোই নিজের জন্য, নিজেকে তুলে ধরবার জন্য কাজ করেননি, তিনি প্রতি মুহূর্তে একটা কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে তোলার জন্য চিন্তা করেছেন। গবেষণা করেছেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য যা করার প্রয়োজন সেটাও তিনি করেছেন।
“এই বাংলাদেশকে ভালোবেসে যেখানে তিনি সমস্যা দেখেছেন তিনি প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে গেছেন। ব্যক্তিগত জীবনে খুবই নীতিবান একজন মানুষ ছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি দেশের জন্য কাজ করে গেছেন এবং কখনো প্রতিবাদ করতে পিছপা হননি।”
