২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরের সার্ভারে ঢুকে পণ্য খালাস দুর্ভাগ্যের: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভার হ্যাকিংয়ের মাধ্যমে ‘শত শত কোটি টাকার’ পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করে নেওয়ার ঘটনায় আগেই ব্যবস্থা নেওয়া দরকার ছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 08:03 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

এনবিআরের সার্ভারে অনুপ্রবেশ বা হ্যাকিংয়ের ঘটনা তুলে ধরে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, “কাস্টমস কর্মকর্তাদের সরকারি আইডি ও পাসওয়ার্ড চুরি করে পণ্য পাচারে জড়িত সংঘবদ্ধ একটি চক্র তিন বছরের বেশি সময় ধরে এই সার্ভারের অবৈধ ব্যবহার করেছে। আর এ সময়ে চক্রটি শত শত কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করে নিয়ে যায়।”

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “আমি দেখেছি। এটা আগেও হয়েছে। আজকে অফিসে গিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেব। কী ব্যবস্থা নেওয়া যায়, সেটা আমরা নেব।

“আমার মনে হয়, আগে থেকেই আমাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার ছিল।”

এনবিআরে এই ঘটনার শুরু ২০১৬ সালে- এ বিষয়ে মুস্তাফা কামাল বলেন, “এটা একই রকমভাবে হচ্ছে। অফিসারদের আইডি কার্ড ইউজ করে কনসাইনমেন্টগুলো রিলিজ করা হয়।”

সাইবার সিকিউরিটি নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, “আমার মনে হয়, সার্ভার আরও অনেক বেশি সংরক্ষিত হওয়া দরকার। ফ্রাঙ্কলি বলছি, এটা আমাদের দুর্ভাগ্য।

“টেকনোলজি যত ডেভেলপ করবে এই বিপদগুলো তত থেকে যাবে। আমরা আমাদের টেকনোলজি শুধু বাড়াচ্ছি, কিন্তু এগুলোর সেইফটি-সিকিউরিটি বাড়াচ্ছি না। প্রত্যেকটির পেছনে একাধিক ফায়ারওয়াল রাখতে হবে। একটা ভাঙ্গতে পারলে আরেকটা...আমরা যেন সিকিউরড থাকি। ওই ওয়ালগুলো আমাদের তৈরি করতে হবে।”

এ বিষয়ে কোন তদন্ত কমিটি করা হয়েছে কি না সে প্রশ্নের জবাবে মুস্তাফা কামাল বলেন, “কমিটি করলে জানতে পারবেন। কমিটি করে কী লাভ হবে, কমিটি বলতে পারবে কী করলে হবে না?

“কিছু হলে তদন্ত কমিটি হয়, কিন্তু আমরা ফলাফল খুব কমই পাই।”