রেকর্ড ৮.১৩% প্রবৃদ্ধির প্রাক্কলন
চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন প্রথমবারের মত ৮ শতাংশের ঘর ছাড়িয়ে যাবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে হিসাব করেছে, তাতে ২০১৮-১৯ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে রেকর্ড ৮ দশমিক ১৩ শতাংশ।
সেই সঙ্গে এবার বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৯০৯ ডলারে পৌঁছাবে বলে আশা করছে সরকার।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৮৬ শতাংশ। আর গত অর্থবছর বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল এক হাজার ৭৫১ ডলার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেন তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে গত জানুয়ারিতে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মত সরকার গঠন করার পর থেকেই নতুন অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলে আসছিলেন, প্রবৃদ্ধির হার এবারই আট শতাংশ ছাড়িয়ে যাবে।
প্রায় এক দশক ৬ শতাংশের বৃত্তে ‘আটকে’ থাকার পর ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের ‘ঘর’ অতিক্রম করে। এরপর তা ৮ শতাংশের ঘরে পৌঁছাতে সময় লাগলো মাত্র তিন বছর।
অর্থমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাক্কলন অনুযায়ী চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়াবে প্রায় ২৫ লাখ ৩৬ হাজার ১৭৭ কোটি টাকায়। গত অর্থবছরে জিডিপির আকার ছিল ২২ লাখ ৫০ হাজার ৪৭৯ কোটি টাকা।
পরিসংখ্যান ব্যুরো প্রাক্কলিত যে হিসাব দিয়েছে, তাতে চলতি ২০১৮-১৯ অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৩.০২ শতাংশ। গত অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি ছিল প্রায় ১২.০৬ শতাংশ।
এছাড়া কৃষি খাতে ৩.৫১ শতাংশ এবং সেবা খাতে ৬.৫০ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে এবার, যা গতবার যথাক্রমে ৪.১৯ শতাংশ ও ৬.৩৯ শতাংশ ছিল।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জিডিপি ৩১.৫৭ শতাংশ বিনিয়োগে আসছে বলে এই হিসাবে ধরা হয়েছে। গত অর্থবছর এই হার ছিল ৩১.১৩ শতাংশ।
এবারের বিনিয়োগের মধ্যে সরকারি খাতের অবদান ৮.১৭ শতাংশ, আর বেসরকারি খাত থেকে ২৩.৪০ শতাংশ আসছে বলে তথ্য দেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রীকে পাশে রেখে অর্থমন্ত্রীর সুখবর
২০১৪ সালে টানা দ্বিতীয়বারের মত আওয়ামী লীগ সরকার গঠন করলে আ হ ম মুস্তফা কামাল পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান। সে সময় অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আবদুল মুহিত।
বিগত বছরগুলোতে দেখা গেছে অর্থবছরের নয় মাসের তথ্য পাওয়ার পর তার ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আর পরিসংখ্যান ব্যুরো পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিভাগ হওয়ায় পরিকল্পনামন্ত্রীই তাদের প্রতিবেদন উপস্থাপন করতেন।
কিন্তু মঙ্গলবার তার ব্যতিক্রম ঘটল। পুরো অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলনের প্রতিবেদন সাংবাদিকদের সামনে তুলে ধরলেন অর্থমন্ত্রী। আর প্রাক্কলনের হিসাবটি করা হল অর্থবছরের আট মাসের তথ্যের ভিত্তিতে।
দুপুরে এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানকে সঙ্গে নিয়েই ব্রিফিং রুমে আসেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। পাশাপাশি দুটি চেয়ারে বসেন দুই মন্ত্রী।
ব্রিফিং শুরুর আগেই পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, “আজকে আপনাদের সুখবর দেবেন অর্থমন্ত্রী। আর আমি না হয়… অন্য খবর দেব।”
এরপর অর্থমন্ত্রী বলেন, “আপনাদের দুটি তিনটি কথা বলে আমি চলে যাব। এরপর মাননীয় মন্ত্রী (পরিকল্পনামন্ত্রী) অ্যাজ ইউজুয়াল আপনাদের নিয়ে মান্থলি, উইকলি… আমরা যে সভা করে থাকি সে বিবরণী তুলে ধরবেন।”
এরপর অর্থমন্ত্রী প্রথমবারের মত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি এবং মাথাপিছু আয় ১৯ শ ডলার ছাড়িয়ে যাওয়ার আগাম সুখবর দেন।
তবে কেন এবার নয় মাসের বদলে অর্থবছরের আট মাসের তথ্য নিয়ে পুরো বছরের প্রবৃদ্ধির প্রাক্কলন করা হল, তার কোনো ব্যাখ্যা কোনো মন্ত্রী দেননি।
