কক্সবাজার বিমানবন্দর উন্নয়নের ব্যয় আরও বাড়ল
পর্যটন শিল্পের বিকাশ ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নে ৩০২ কোটি টাকার যে প্রকল্পটি নেওয়া হয়েছিল, তার ব্যয় সাত গুণ বেড়েছে।
মঙ্গলবার একনেক বৈঠকে ‘কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির তৃতীয় সংশোধনী অনুমোদন পায়।
এই সিদ্ধান্তের ফলে প্রকল্পের ব্যয় ২ হাজার ১৫ কোটি টাকায় উন্নীত হল।
২০০৯ সালে এ প্রকল্পটি অনুমোদনের সময় এর ব্যয় ধরা হয়েছিল ৩০২ কোটি টাকা। এরপর প্রকল্পে সংশোধন এনে ব্যয় ৫৪৯ কোটি টাকায় উন্নীত করা হয়েছিল।
এবার তৃতীয় সংশোধনীতে ব্যয় আরও বাড়িয়ে ২০২০ সালে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভার পর সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ এবং আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করতে এর কাজের পরিধি আরও বাড়ানো হচ্ছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এ বিমানবন্দরের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে কক্সবাজার একটি বাণিজ্যিক হাব হবে। কুনমিং, সিঙ্গাপুর ও ব্যাংককসহ অনেক শহরের সঙ্গে এ শহরের সরাসরি যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ সম্ভাবনা কাজে লাগাতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
প্রতিমন্ত্রী মান্নান বলেন, “প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘কক্সবাজার বিমানবন্দরে পৃথিবীর সবচেয়ে বড় বিমান ‘এয়ারবাস এ৩৮০’ যেন নামতে পারে, সেভাবে তৈরি করা হবে’।”
একনেকের এই সভায় এটিসহ ১৩ হাজার ২১৮ কোটি টাকা ব্যয়ের মোট ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই বিপুল ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৪৭৯ কোটি টাকা জোগান দেওয়া হবে, প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে প্রায় ৪ হাজার ২৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৪৪৮ কোটি টাকা আসবে।
অন্য প্রকল্পগুলো
>> ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই, পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্প। ব্যয় ৪ হাজার ৩৭১ কোটি টাকা।
>> ‘হাটহাজারী-ফটিকছড়ি-মানিকছড়ি-মাটিরাঙা-খাগড়াছড়ি সড়ক (আর ১৬০) উন্নয়ন (চট্টগ্রাম অংশ)’ প্রকল্প। ব্যয় ৩৯৯ কোটি ৪৪ লাখ টাকা।
>> ‘ভুরুঙ্গামারী-সোনাহাট-স্থলবন্দর-ভিতরবন্দ-নাগেশ্বরী মহাসড়কের দুধকুমার নদীর উপর সোনাহাট সেতু নির্মাণ’ প্রকল্প। ব্যয় ২৩২ কোটি ৯৫ লাখ টাকা।
>> ‘জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প। ব্যয় হবে ১০৯ কোটি ৪৭ লাখ টাকা।
>> ‘সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাটে গুঁড়ো দুধ কারখানা স্থাপন’ প্রকল্প। ব্যয় প্রায় ১০৬ কোটি টাকা।
>> ‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ’ প্রকল্প। ব্যয় প্রায় ১ হাজার ৮৬৯ কোটি টাকা।
>> ‘মেঘনা নদীর ভাঙ্গন হতে ভোলা জেলার সদর উপজেলাধীন রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়ন রক্ষার্থে তীর সংরক্ষণ’ প্রকল্প। ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪৪ কোটি টাকা।
>> ‘চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প। ব্যয় প্রায় ১৫৭ কোটি টাকা।
>> ‘রিচিং আউট অব স্কুল চিল্ড্রেন (আরওএসি)- ২য় পর্যায় (২য় সংশোধিত)’ প্রকল্প। ব্যয় ১ হাজার ২৯০ কোটি টাকা।
>> ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প। ব্যয় প্রায় ৩২৩ কোটি টাকা।
>> ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রকল্প। ব্যয় ১৬৫ কোটি টাকা।
>> ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প। ব্যয় ২৫০ কোটি ৫৬ লাখ টাকা।
>> ‘সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন’ প্রকল্প। ব্যয় হবে প্রায় ৮৩ কোটি টাকা এবং
>> ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্প। ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫০৩ কোটি টাকা।
