পাটের থলে তৈরির কারিগরি সহায়তায় যুক্তরাজ্যের প্রতিষ্ঠান
পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য পাট দিয়ে তৈরি পচনশীল সোনালী থলে বাণিজ্যিকভাবে উৎপাদনে যন্ত্রপাতি সরবরাহ করবে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান।
সচিবালয়ে মঙ্গলবার ফুটামুরা কেমিকেল লিমিটেড ও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মধ্যে এবিষয়ে এক সমঝোতা স্মারক সই হযেছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের উপস্থিতিতে বিজেএমসির সচিব এ কে এম তারেক এবং ফুটামুরা কেমিকেল লিমিটেডের জেনারেল ম্যানেজার গ্রিমি কোউলহার্ড নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, পাটের থলে তৈরির বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি। আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাবে বিজেএমসি।
বর্তমানে বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কর্মকরত ড. মোবারক আহম্মেদ খান পাট দিয়ে পলিথিনের বিকল্প থলে তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন। ২০১৭ সালের ১২ মে পলিথিনের বিকল্প পচনশীল সোনালী থলে তৈরির প্রকল্প উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, পাট থেকে আহরিত সেলুলোজগু প্রক্রিয়াজাত করে অন্যান্য পরিবেশবান্ধব দ্রব্যের মাধ্যমে কম্পোজিট করে পচনশীল ও পরিবেশবান্ধব এই থলে তৈরি করা হয়।
এই থলের ভার বহনক্ষমতা পলিথিনের প্রায় দেড়গুণ এবং এটি পলিথিনের মতই স্বচ্ছ বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মির্জা আজম জানান, পাটের তৈরি এই ‘সোনালী ব্যাগ’ দামে পলিথিনের দ্বিগুণ হলেও বাণিজ্যিকভাবে যখন বাজারে ছাড়া হবে তখন দাম পলিথিনের মতই রাখা হবে।
পলিথিন ব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পাট প্রতিমন্ত্রী বলেন, “পরিবেশবান্ধব এই ব্যাগ যখন বাণিজ্যিকভাবে ছাড়া হবে তখন দাম নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না।”
দেশে বর্তমানে ২৮৫টি পাটপণ্য উৎপাদন হচ্ছে জানিয়ে মির্জা আজম বলেন, বহুমুখী পাটপণ্যে সরকার ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছে।
মন্ত্রীদের কাছে মন্ত্রিসভার ফোল্ডার বিতরণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে পাটের তৈরি ব্রিফকেস সরবরাহ করা হয়েছে জানিয়ে পাট প্রতিমন্ত্রী বলেন, কাল (বুধবারের মন্ত্রিসভা বৈঠকে) সব মন্ত্রী সেই ব্রিফকেস বহন করবেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিজেএমসি চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান, ফুটামুরা কেমিকেল লিমিটেডের গ্রুপ ম্যানেজার মার্টিন রিচার্ড কক রফি ও অপারেশন ম্যানেজার অ্যান্ডিউ জেমস ডাক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
