২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাননীয় অর্থমন্ত্রী আপনি আইন ভাঙতে পারেন না: সেলিম

ব্যাংক ও আর্থিক খাতের ‘বিশৃঙ্খলা’ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির পর সংসদে এবার নিজের দলের এক জ্যেষ্ঠ নেতার সমালোচনার মুখে পড়লেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 11:03 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, অর্থমন্ত্রীর দায়িত্ব জনগণের অর্থ রক্ষা করা, কাউকে বাড়তি সুবিধা দিতে তিনি ‘নিয়ম বহির্ভূতভাবে’ সেই অর্থ ব্যবহার করতে পারেন না।   

মঙ্গলবার সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “ব্যাংক খাতে কিছু অনিয়ম আছে, গুরুত্ব বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে। গত বছর ডিসেম্বর পর্যন্ত বেসরকারি ব্যাংকের উদ্যোক্তরা এক লাখ কোটি টাকা ঋণ নিয়েছে, যা তাদের মূলধনের ছয়গুণের বেশি। এটা হতে পারে না।”

Image
শেখ ফজলুল করিম সেলিম (ফাইল ছবি)

শেখ ফজলুল করিম সেলিম (ফাইল ছবি)

“বাংলাদেশ ব্যাংক কী করে জানি না। আপনার কাছে কী প্রতিবেদন আছে মাননীয় অর্থমন্ত্রী আমি জানি না। খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা নিয়ন্ত্রণের জন্য, আদায় করার জন্য এমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিয়েছেন কি না আমার জানা নেই।”

ব্যাংক খাতে অনিয়মের রাশ টানতে না পারলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে মনে করেন সংসদ সদস্য শেখ সেলিম।

তিনি বলেন, “রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৩২ শতাংশ। এটা কোনোভাবেই গ্রহণয়োগ্য নয় মাননীয় অর্থমন্ত্রী। আপনার সকল প্রকল্প ভেস্তে যাবে যদি ব্যাংক ভেঙে পড়ে। ব্যাংক ভেঙে গেলে অর্থনীতির অনেক অসুবিধা হবে।”

অর্থমন্ত্রীর উদ্দেশে সেলিম আরও বলেন, “সকলের জন্য আইন সমান। কিন্তু আপনি...বাংলাদেশ ব্যাংক কিছু কোম্পানিকে যে সুযোগ দিয়েছে তা কোনোভাবেই উচিত হয় নাই। ৫০০ কোটি টাকার ওপর যারা ঋণ নিয়েছে ১১টি গ্রুপ কোম্পানিকে সুবিধা দেওয়া হয়েছে ১৫ হাজার কোটি টাকা। এটা কেন দিলেন জানি না। এ টাকা জনগণের টাকা। আপনি শুধু সেটা রক্ষা করববেন। আপনি আইন ভঙ্গ করে তাদের এ সুযোগ দিতে পারেন না।”

Image
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

এক পরিবার থেকে চারজনকে ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ দেওয়ার সমালোচনা করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সেলিম বলেন, “এটা কেন? দুর্নীতি অনিয়ম বাড়বে। এটা করা উচিত নয়। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনে স্পেশাল ট্রাইব্যুনাল করেন। একই ব্যক্তি বিভিন্ন ব্যাংকে ডাইরেক্টর হচ্ছে, দুটি ব্যাংকের বেশি একজন পরিচালক হতে পারবে না। হলে অনিয়ম দুর্নীতি হবে। কিছু লোকের দুর্নীতি অপকর্মের দায়িত্ব সরকার বা দল নিতে পারে না।”

বাজেটের সমালোচনা করায় সুশীল সমাজের কয়েকজনকে ‘মতলববাজ’ আখ্যা দেন শেখ সেলিম।

তিনি বলেন, “কিছু বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী না, আমি বলব মতলববাজ, এরা সুযোগ সন্ধানী। বাজেট হতে পারল না টেলিভিশনের পর্দা ফাটিয়ে দিল। কে? ড. মির্জা আজিজুল ইসলাম। উনি কে? উনি হচ্ছেন ওয়ান-ইলেভেনের মঈনউদ্দীন ফখরুদ্দীন সরকারের অর্থ উপদেষ্টা। উনি দুটা বাজেট দিছে। কোথায় দিছে? ক্যান্টনমেন্টে বসে। সংসদকে সেদিন কারাগার, আদলত বানিয়েছিল। তার কাছ থেকে বাজেট সম্পর্কে শিক্ষা নিতে হবে!

“আবেকজন দেবপ্রিয় ভট্টাচার্য। উনি প্রতিদিন আমাদের ছবক দেন। এই হয় নাই, ওই হয় নাই, এটা অবাস্তব। আরে আমরা যদি উচ্চবিলাসী, উনি কে? পরিচয় জানা দরকার। ওয়ান-ইলেভেনের আগে এনজিও প্রতিনিধি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। যখন সংবিধানের বাইরে কেয়ারটেকার সরকারের সুযোগ পাইল। মঈন ফখরুদ্দীনকে ধরে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হয়ে জেনেভা চলে গেল। এদের কথা শুনে আমাদের বাজেট প্রণয়ন করতে হবে? এরা হলো মতলববাজ, সুবিধাভোগী। এদেশের সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই।”

জ্যেষ্ঠ আইনজীবী কামাল হোসেনের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা সেলিম বলেন, “আরেকজন হল ড. কামাল হোসেন। উনি কী? উনি ওয়ান-ইলেভেনের সরকারের পরামর্শদাতা ছিলেন। বিনা নির্বাচনে ইলেকশন করলে নাকি বৈধ হয় না। উনি যে ইলেকশন করছিল, বঙ্গবন্ধু যে সিট ছেড়ে দিছেন সেইখানে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছিলেন। আর উনি বলেন কি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করা ঠিক হয় নাই। এটা মেনে নেওয়া যায না।”

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে শেখ সেলিম বলেন, “ড. ইউনূস; যেখানে অশান্তি সেখানে তিনি। ওয়ান-ইলেভেনের সঙ্গে তিনি জড়িত। এখন তিনি সাফাই গাইছেন “

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, শান্তিতে নোবেল পুরস্কার পেলে তিনি পেতে পারেন।

“কারণ পার্বত্য শান্তি চুক্তি করছে। এর চেয়ে অল্প শান্তি চুক্তি করে নোবেল পাইছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় নোবেল দেওয়া উচিত।”

বাজেটের সমালোচনাকারীদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “কয়েকটি সুশীল সমাজের আলোচনার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে ঢালাও মন্তব্য, সুনির্দিষ্ট কিছু নেই। কোনটা জনস্বার্থের বিরুদ্ধে সেটা নেই। একজন বলেছেন বিশেষ গোষ্ঠীর জন্য এ বাজেট। কিন্তু এই বিশেষ গোষ্ঠীর নাম নেই। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। নিন্দুক অনেক আছেন সরকারের বিরুদ্ধে। কিন্তু মনে হচ্ছে এটা এখন হিংসার পর্যায়ে চলে গেছে যে, এত ভালো কেন হচ্ছে?”

বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, “আট বছরে রাজস্ব আদায়ে কোনো সংস্কার হয়নি। নির্বাচনের আগে এই বাজেট কীভাবে দিল যেখানে জনগণের কর ৩৩ শতাংশ, আর বড়লোকের কর ৩০ শতাংশ। এখানে নির্বাচনকালীন বিষয়টি অনুপস্থিত। সরকার ৫ শতাংশ লোককে টার্গেট করেছে। যেভাবে হোক ওই ৫ পার্সেন্ট লোকের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনে নামবে।”

বাজেট আলোচনায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, হুইপ আতিউর রহমান আতিক, তালুকদার মো. ইউনুস, মাহাবুব-উল-আলম হানিফ, সাবের হোসেন চৌধুরী, জাতীয় পার্টির মাহজাবীন মোরশেদ প্রমুখ।