বাজেট নিয়ে জাপা এমপিদের মন্তব্য উগ্র: মুহিত
আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সমালোচনা করায় বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যদের ওপর ক্ষেপেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি বলেন, ওই সমালোচনা তার কাছে ‘বেখাপ্পা’ মনে হয়েছে। তার ভাষায়, অনেকের মন্তব্য ছিল ‘দারুণ রকমের উগ্র’।
বাংলাদেশকে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে নেওয়ার স্বপ্ন সামনে রেখে গত ৭ জুন জাতীয় সংসদে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
২০১৮-১৯ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটর ওপর এখন সংসদে বক্তব্য রাখছেন সংসদ সদস্যরা।
মুহিত বলেন, “সংসদে একটি জিনিস লক্ষ্য করেছি যেটা আমার কাছে একটু বেখাপ্পা মনে হয়েছে। আমাদের বিরোধী দল যারা সরকারে আমাদের পাটনার্স, যাদের মন্ত্রী আমাদের সঙ্গে বসে মন্ত্রিসভায় বাজেট প্রস্তাব পাস করেছেন, তাদের অনেকের মন্তব্য দারুণ রকমের উগ্র। এটা যথাযথ নয় বলে আমার মনে হয়।”
বিরোধী দলে থাকলেও জাতীয় পার্টি যে সরকারেরও অংশ- সেটা মনে রাখতে দলটির নেতাদের পরামর্শ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা মুহিত।
তিনি বলেন, “বিরোধী দল হিসেবে তাদের একটা ভূমিকা রাখা প্রয়োজন, এর সঙ্গে এটাও মনে রাখা উচিত যে বিরোধী দল হলেও আপনারা কোয়োলিশনের অংশ, এটা বক্তারা ভুলে যান।”
মুহিত বলেন, “মোস্ট অব দ্য টাইম আমি নিজে (সংসদে) ছিলাম। আমি না থাকলেও আমি তাদের বক্তব্য শুনেছি।
“সেখানে তারা এমন একটা ভাব দেখিয়েছেন যে তারা এর কোনো পার্টি না। দ্যাটস নট ট্রু, দে আর কেবিনেট মেম্বারস। দিজ বাজেট হ্যাজ বিন অ্যাপ্রুপড বাই দ্য কেবিনেট, এটা শুধু আমার বাজেট নয়।”
৮৫ বছর বয়সী সাবেক আমলা মুহিত এইচ এম এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী হিসেবে দুটি বাজেট দিয়েছিলেন। আওয়ামী লীগের অর্থমন্ত্রী হিসেবে এ নিয়ে একটানা ১০টি বাজেট দিয়ে রেকর্ড গড়লেন তিনি।
সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য মুহিতের কড়া সমালোচনা করেন। জাতীয় পার্টির সেলিম উদ্দিন অর্থমন্ত্রী মুহিতকে ‘জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন’ বলেও উল্লেখ করেন।
