২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

সরকারের প্রতি ব্যাংক খাতে ‘লুটপাটকারীদের‘ বিরুদ্ধে ন্যূনতম সহিষ্ণুতা না দেখানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের জোট শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2018, 02:11 AM

Updated : 19 Aug 2022, 02:12 PM

বুধবার সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন, “ব্যাংকিং খাতের লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিছু সংখ্যক লুটপাটকারীর জন্য ব্যবস্থা নাজুক হয়ে যাবে সেটা হয় না। এই লুটপাটকারীদের ব্যাপারে শূন্য সহিষ্ণুতা দেখাতে হবে।”

আওয়ামী লীগের আরেক জোট শরিক ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা বলেন, “অর্থমন্ত্রী বলেছেন, টাকা পাচার হয়। এটা যদি বন্ধ করতে না পারি, আমাদের ব্যাকিংসহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারি তবে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করার সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে না। প্রতি বছর দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়ে যাচ্ছে। কারা অর্থপাচার করছে তা খুঁজে বের করতে হবে।

“গত ১০ বছরে বাজেটের আকার বাড়লেও দেশের জনশক্তির কর্মসংস্থান বাড়েনি। এই বাজেট সকল মানুষের স্বার্থ রক্ষা করছে কি না, সেটিই বড় প্রশ্ন।”

তিনি বলেন, “বিশাল বাজেট কীভাবে জনগণের স্বার্থের অনুকূলে কাজে লাগানো হচ্ছে সেটাই হচ্ছে মূল প্রশ্ন। প্রত্যেকবার বাজেট প্রণয়নের সময় আমরা প্রশ্ন তুলেছি, বহু টাকার বাজেট আসে কিন্তু এত কোটির টাকার বাজেটের মধ্য থেকে কত জনশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হবে?

“আগে বলা হচ্ছিল, প্রতিবছর শ্রমশক্তির বাজারে ২২ লাখ মানুষ আসে। এ বছর বলা হল, ২০ লাখ আসবে। তাহলে এই যে ২০ লাখ শ্রমশক্তির কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা বাজেটে পাইনি। অর্থনীতির যে ফাঁক রয়ে গেছে তা পূরণ করতে না পারলে অগ্রগতিতে ধস নামবে।“

আওয়ামী লীগের আবদুল মান্নান বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেন, “সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে, পরিচালনা করবে নির্বাচন কমিশন। মানুষের ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা হ্যাটট্টিক করবেন। কোন দল নির্বাচনে আসবে, কে আসবে না এ ব্যাপারে সরকারের কোনো মাথাব্যাথা নেই। বিএনপি ক্ষমতায় নয়, বিরোধী দলের আসনে বসার জন্য নির্বাচনে আসতে পারে।

“জনবিচ্ছিন্ন বিএনপির এখন ইস্যু হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা। সব নির্বাচনে বিএনপি সেনাবাহিনী চায়। সেনাবাহিনীর প্রতি এত বিশ্বাস থাকলে সিএমএইচে খালেদা জিয়া চিকিৎসা নিতে চান না কেন? আসলে তারা কাউকেই বিশ্বাস করে না।”

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংসদে বলেন, “তারেক জিয়া ক্যাসিনো অর্থাৎ জুয়াকে আয়ের উৎস দেখিয়েছে লন্ডনে। তাদের এদেশকে নিয়ে আর জুয়া খেলার সুযোগ যাদে না দেয় সেই অনুরোধ জানাই জনগণের কাছে। জিয়া পরিবারের বিদেশে পাচারকৃত বিপুল অর্থের উৎস কোথায়? তারেক জিয়া যে মহাদুর্নীতিবাজ তা এই পাচারকৃত অর্থই বড় প্রমাণ।”

যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তারেক রহমানের মতো একজন সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতির বরপুত্রকে আর আশ্রয় দেবেন না। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দণ্ডিত সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে দেন। আর সরকারের প্রতি অনুরোধ, তারেক রহমানের পাচারকৃত সব অর্থ বাজেয়াপ্ত করুন। দেশের জনগণ কোনো দিন খালেদা জিয়ার অগ্নিসন্ত্রাস, শত শত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনা ভুলবে না, কোনো দিন ভোটও দেবে না।”

বাজেট আলোচনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আফতাব উদ্দীন সরকার, এ কে এম ফজলুল হক, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তাজুল ইসলাম, কামাল আহম্মেদ মজুমদার, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, শামসুল হক চৌধুরী, সফুরা বেগম, ফিরোজা বেগম, উম্মে কুলসুম স্মৃতি, তানভীর ইমাম, আব্দুল ওয়াদুদ, এনামুর রহমান, লায়লা আরজুমান্দ বানু, নুরজাহান বেগম, জাতীয় পার্টির আব্দুল মুনিম চৌধুরী, মো. ইয়াহিয়া চৌধুরী।