২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্যাটেলাইট বীমার আওতায়: বিটিআরসি প্রধান

বঙ্গবন্ধু স্যাটেলাইট বীমার আওতায় থাকায় উৎক্ষেপণে কোনো দুর্ঘটনা ঘটলেও বাংলাদেশের কোনো আর্থিক ক্ষতির ঝুঁকি নেই বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান শাহজাহান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 12:31 AM

Updated : 08 Apr 2022, 06:22 PM

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বীমার আওতায় থাকায় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়িত্ব নেবে স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান তালেস এলিনিয়া স্পেস।”

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টা ৪৭ মিনিটে বঙ্গবন্ধু -১ উৎক্ষেপণের জন্য সব প্রস্তুতি নেওয়া হলেও কাউন্ট ডাউনের শেষ মিনিটে সমস্যা দেখা দেওয়ায় রকেট আর ওড়েনি।

এ ধরনের মিশনে নানা ধরনের ঝুঁকি থাকায় উৎক্ষেপণ ব্যর্থ হলে বাংলাদেশ কতটা আর্থিক ক্ষতির মুখে পড়বে, সেই আলোচনা চলছে বৃহস্পতিবার রাত থেকে। 

এই প্রেক্ষাপটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বীমা থাকায় বাংলাদেশের কোনো আর্থিক ক্ষতির ঝুঁকি থাকবে না, কেবল স্যাটেলাইটের উৎক্ষপণে বিলম্বের জন্য সময় নষ্ট হবে। 

বৃহস্পতিবার রাতের জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, রকেট বা স্যাটেলাইট এ কোনো সমস্যা হয়নি, সমস্যা ছিল গ্রাউন্ড স্টেশনের একটি সফটওয়্যারে।

এই জিওস্টেশনারি স্যাটেলাইটকে কক্ষপথে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া বেসরকারি কোম্পানি স্পেসএক্স শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ থেকে ৪টা ২১ মিনিটের মধ্যে উৎক্ষেপণের নতুন সময় রেখেছে। 

আর শুক্রবারও উৎক্ষেপণ সম্ভব না হলে ১২ মে শনিবারও স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা ১৫) একটি রিজার্ভ সময় রাখা হয়েছে।

পুরনো খবর:

এক নজরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১