এপ্রিলে ৫.৬৩% মূল্যস্ফীতি
বছরের শুরুতে মূল্যস্ফীতি বৃদ্ধির যে ধারা দেখা যাচ্ছিল, এপ্রিলে তা অব্যাহত থাকলেও আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখছেন না পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সেই সঙ্গে অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি সরকারের প্রত্যাশা অনুযায়ী ৫ দশমিক ৫ শতাংশের মধ্যেই রাখা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
মঙ্গলবার একনেক সভার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ মূল্যস্ফীতির তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।
সেখানে দেখা যায়, এপ্রিলে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ৫ দশমিক ৪৭ শতাংশ ছিল।
৫ দশমিক ৬৩ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হল, ২০১৭ সালের এপ্রিলে শেষে যে পণ্য বা সেবার জন্য ১০০ টাকা খরচ করতে হত, ২০১৮ সালের এপ্রিলের শেষে এসে তার জন্য ১০৫ টাকা ৬৩ পয়সা খরচ করতে হচ্ছে।
তবে মার্চ মাসে ৫ দশমিক ৬৮ শতাংশ সাধারণ মূল্যস্ফীতির কথা মনে করিয়ে দিয়ে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “গত মার্চ মাসের তুলনায় মূল্যস্ফীতি কমেছে। আমরা চলতি অর্থবছরের বাজেটের প্রাক্কলন অনুযায়ী মূল্যস্ফীতি ৫ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখতে পারব বলে আশাবাদী।”
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আগামী রমজান মাসের জন্য নিত্যপণ্যের যোগান দিতে সরকার সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। তাই রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।”
মন্ত্রী বলেন, এবার ধানের বাম্পার ফলন হয়েছে। গত বছরের দুর্যোগের প্রভাব মোকাবিলায় সরকার ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় খাদ্য শস্য আমদানি করা হয়েছিল। তাছাড়া দেশে অন্যান্য খাদ্যপণ্যের উৎপাদনও ছিল ‘যথেষ্ট ভালো’।
“তাই বিশেষ করে আগামী রমজান মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।”
এপ্রিল মাসে খাদ্য খাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল।
আর খাদ্য বহিভূর্ত খাতে মূল্যস্ফীতি গতবছরের এপ্রিলের ৩ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে এবার ৩ দশমিক ৪৯ শতাংশ হয়েছে।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গ্রামাঞ্চলেও সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে। গত বছরের এপ্রিলের মাসের ৫ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে এবার হয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ।
তবে একই সময়ে শহর অঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি ৫ দশমিক ৮৮ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৭০ শতাংশ হয়েছে।
