২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবৃদ্ধিতে চাই সমতার নীতি: এমএম আকাশ

গড়ে প্রবৃদ্ধি বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে দেশে ধনী-গরীবের বৈষম্যও বাড়ার কথা তুলে ধরে সরকারি নীতি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন অধ্যাপক এমএম আকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 09:17 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

শুক্রবার বিকেলে এক আলোচনা অনুষ্ঠানে এই পরামর্শ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক বলেন, “মুক্ত বাজার ও চুঁইয়ে পড়া প্রবৃদ্ধির তত্ত্ব থেকে বার হয়ে আসতে হবে এবং সমতাপূর্ণ প্রবৃদ্ধির নীতি গ্রহণ করতে হবে।

“অর্থাৎ প্রবৃদ্ধিকে এমন চরিত্রের হতে হবে, যাতে আগামী দিনগুলিতে ধনীদের আয় যে হারে বৃদ্ধি পাবে তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পাবে দরিদ্রদের আয়।”

মুক্তিযুদ্ধ জাদুঘরে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও বৈষম্যের চালচিত্র’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আকাশ।

বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধিতে ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করলেও সেটা বৈষম্যকেও বাড়াচ্ছে বলে বিভিন্ন সূচকের মাধ্যমে দেখান তিনি।

গিনি সূচক ব্যবহার করে ২০১৩ সালে বিশ্ব ব্যাংক প্রকাশিত বৈষম্য মাত্রার চিত্র তুলে ধরে তিনি বলেন, ৮১ দেশের করা প্রতিবেদনে সারা বিশ্বের গড় হারে বৈষম্য কমলেও বাংলাদেশে সেটা বেড়েছে।

“২০০৮ সালে সারাবিশ্বে গড় গিনি সূচকে দশমিক ৩৭৯ থেকে ২০১৩ সালে দাঁড়িয়েছে দশমিক ৩৭১ এ। বিপরীত ক্রমে বাংলাদেশে সেটা দাঁড়িয়েছে দশমিক ৪৬ থেকে দশমিক ৪৮ এ।

বৈষম্যের দিক থেকে বাংলাদেশের পৃথিবীতের ‘প্রথম সারিতেই অবস্থান’ করছে বলে মন্তব্য করেন এমএম আকাশ।

Image
আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও ক্রমবর্ধমান বৈষম্যের চালচ্চিত্র’ শীর্ষক আলোচনা সভায় অধ্যাপক এম এম আকাশ। ছবি: মাহমুদ জামান অভি

আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও ক্রমবর্ধমান বৈষম্যের চালচ্চিত্র’ শীর্ষক আলোচনা সভায় অধ্যাপক এম এম আকাশ। ছবি: মাহমুদ জামান অভি

“জনসংখ্যার দিক থেকে দরিদ্রের সংখ্যা চার কোটির মতো। দারিদ্র্য কিছুটা কমেছে হয়তো, কিন্তু দারিদ্র কমাকে দেখিয়ে বৈষম্য কমেছে বলার সুযোগ নেই।”

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের ‘ব্যতিক্রমী উন্নয়নের’ পেছনে চারটি চালিকা শক্তি চিহ্নিত করেন অধ্যাপক আকাশ।

কৃষি ও কৃষক সমাজ, পোশাক শিল্প, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো রয়েছে তার এই চালিকাশক্তির তালিকায়।

অধ্যাপক আকাশ বলেন, এই চার ইতিবাচক উন্নয়ন উপাদানে সম্মিলিতভাবে বিপুল সম্ভাবনা থাকলেও ‘নানা নেতিবাচক ও প্রতিকূল বাধার কারণে’ বর্তমানে পুরোপুরি বাস্তবায়িত হতে পারছে না।

এ ধরনের উন্নয়ন সফল হলে কি আর্থ-সামাজিক বৈষম্য দূর হবে কি-না সেটা নিয়েও সন্দিহান এই অধ্যাপক। তার ভাষায়, “হতেও পারে, নাও হতে পারে।”

ব্যক্তি মালিকানাধীন বাজারে অর্থনীতিতে বৈষম্য থাকবেই- এমন মন্তব্য করে অধ্যাপক আকাশ বলেন, “কিন্তু সেখানে যদি একচেটিয়া শিল্প-ব্যাংক মালিক গড়ে ওঠে, রাষ্ট্র ক্ষমতায় যদি অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী ও অসৎ রাজনীতিবিদের বন্ধন তৈরি হয় এবং রাষ্ট্রযন্ত্র যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে যে বৈষম্য তৈরি হবে, তা হবে চরম বৈষম্য এবং অনৈতিক বৈষম্য। তার ভিত্তির হচ্ছে অনোপার্জিত আয়ের কেন্দ্রীভবন।”

মাথাপিছু আয়ও ‘গড়ের ফাঁকে’ পড়ে গিয়েছে মন্তব্য করে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, “গড় উন্নতি আমাদের বেড়েছে। কিন্তু বৈষম্যওই বেড়েছে অনেক। উপরে সঙ্গে নিচের গড় হলে সেখানে বৈষম্য দূর হবে না।”

কয়েকজন ব্যাংক মালিকের সঙ্গে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাম্প্রতিক বৈঠকের বিষয় উল্লেখ করে তিনি বলেন, “সরকার শাসন করে না, শাসন করে মুষ্টিমেয় পুঁজিপতিরা। পৃথিবীর ইতিহাসে আর কোথাও এভাবে ব্যাংক মালিকের সঙ্গে এমন বৈঠক হয়নি।”

দেশের বৈষম্য কমাতে নারী-পুরুষের উপর বৈষম্য কমানোর উপর জোর দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদ।

তিনি বলেন, কর্মোক্ষম নারীদের মাত্র ১৫ শতাংশ বিভিন্ন কাজ করছেন। তার বিপরীতে পুরুষ আছেন ৮২ শতাংশ। এটা বৈষম্যের অনেক বড় প্রমাণ।”

এসএমই খাতে নারী উদ্যোক্তারা ঋণ নিতে গেলে সেখানেও নানাভাবে হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন তিনি।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ব্যাংকার ও কলামিস্ট রমনীমোহন দেবনাথ বক্তব্য দেন।