‘চাকরি খোঁজার নয়, দেওয়ার লোক সৃষ্টি করতে হবে’
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেছেন, বর্তমান শিক্ষাসহ সামগ্রিক ব্যবস্থায় শুধু চাকরি খোঁজার লোক সৃষ্টি করছে। কিন্তু সঠিক কার্যক্রম নিয়ে সামনে এগিয়ে গেলে চাকরি দেওয়ার লোক সৃষ্টি করা যাবে।
সোমবার ‘ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ইভেস্টমেন্ট ইকো-সিস্টেম : ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এই আলোচনা অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খায়রুল হোসেন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান প্রমুখ।
কাজী আমিনুল বলেন, “সামাজিকভাবে অর্থনীতিতে ইতিবাচক আস্থার জায়গা সৃষ্টি করা গেলেই কেবল ভেঞ্চার ক্যাপিটাল সাফল্যের মুখ দেখবে, আস্থার পরিবেশ ঋণ প্রদানে ঝুঁকি নিরসন করতে পারবে।”
উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য তহবিল গড়ার উপর জোর দিয়ে তিনি বলেন, “আমি বিশ্বাস করি দেশের আর্থিক খাত উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টিতে একটি বড় ভূমিকা রাখতে পারবে।
“একজন উদ্যোক্তার শুধু ব্যবসা শুরুর তহবিল নয়, বরং দীর্ঘ মেয়াদে তার ব্যবসার প্রয়োজনীয় মূহুর্তে তহবিল যোগানোর নীতি গ্রহণ করতে হবে।”
কাজী এম আমিনুল ইসলাম (ফাইল ছবি)
আবুল কালাম আজাদ বলেন, “ভেঞ্চার ক্যাপিটালের অর্থ হল বিনা নিরাপত্তায় ঋণ দেওয়া, যা আমাদের দেশের ব্যাংকিং সেক্টরে হয় না, হওয়া দরকার খুবই। আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি, মধ্যম আয়ের দুষ্টচক্র থেকে বের হওয়ার মূল অস্ত্র হতে পারে এই ভেঞ্চার ক্যাপিটাল।”
তিনি বলেন, “আমাদের দেশের তরুণদের প্রচণ্ড উৎসাহ আছে, তারা চায় উদ্যোক্তা হতে। আমাদের দায়িত্ব হল উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি করা, নতুন উদ্যোক্তাদের বুদ্ধি-পরামর্শ দেওয়া।”
অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সহায়তায় ভেঞ্চার ক্যাপিটাল সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ গাইডলাইনস ও ছয় সপ্তাহের মধ্যে একটি টিম গঠন করার পরামর্শ দেন তিনি।
গভর্নর ফজলে কবির বলেন, “উদ্যোক্তা সৃষ্টি করতে সরকারকে বাড়তি প্রেরণা দিতে হবে। কিন্তু এখন সময় এসেছে তরুণ উদ্যোক্তা সৃষ্টির বিনিয়োগ বহুমাত্রিক করার। এজন্য সরকারি-বেসরকারি সকল খাতকে এগিয়ে আসতে হবে।”
খায়রুল হোসেন বলেন, “আইটি খাতে স্টার্টআপ হিসেবেই উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারে।”
তহবিল গঠনের জন্য তিনটি প্রস্তাব রাখেন তিনি। এগুলো হচ্ছে, দুই বছরের কম সমেয়ের মধ্যে স্টার্টআপ তহবিল গঠন করা। দ্বিতীয়টি হচ্ছে, বেসরকারি উদ্যোক্তাদের তহবিল তৈরি করা। তৃতীয়টি হচ্ছে, সমাজের যেসব লোক আর্থিক সুযোগ সুবিধার বাইরে আছে তাদের জন্য বিশেষ তহবিল গঠন করা।
