২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক খাত নিয়ে উদ্বেগ বিজিএমইএর

ব্যাংক খাত নিয়ে উদ্বেগ জানিয়ে ঋণ অনিয়মে সংকটে পড়া ব্যাংককে সরকারি তহবিল থেকে মূলধন যোগানোর সমালোচনা করেছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 01:43 AM

Updated : 11 Oct 2022, 12:15 PM

সোমবার বিকালে কাওয়ানবাজারে বিজিএমইএ ভবনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ব্যাংকের অবস্থা ভালো না। আমরা নিজেরাও বুঝি। আমরা ব্যবসা করি। আমরা ব্যাংকের সাথে নিয়ামিত যোগাযোগ করি। আমরা জানি অনেক ব্যাংকের অবস্থা খুবই খারাপ।”

নিয়ম বহির্ভূতভাবে হল-মার্ক গ্রুপকে সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ দিয়ে সংকটে পড়ে রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংক। এরপর একইভাবে বেসিক ব্যাংক থেকে সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়। রাষ্ট্রায়ত্ত্ব এই দুই ব্যাংকের ধকল সামালের আগেই ঋণ অনিয়মে কারণে ধুঁকছে তিন বছর আগে প্রতিষ্ঠিত বেসরকারি ফারমার্স ব্যাংক।

এই প্রেক্ষাপটে বেসরকারি ব্যাংকে সরকারি অর্থ রাখার হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি ব্যাংকগুলোর গ্রাহকদের কাছ থেকে আমানত হিসেবে পাওয়া অর্থের সাড়ে ৬ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার (সিআরআর) শর্ত শিথিল করে সাড়ে পাঁচ শতাংশ করা হচ্ছে।

সিআরআর কমানোর ফলে বেসরকারি ব্যাংকগুলোর হাতে প্রায় ১০ হাজার কোটি টাকা যাবে বলে সংবাদ মাধ্যমের খবর।

অনিয়মে কারণে সমস্যায় পড়া ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের ছাড় দেওয়ার সমালোচনা করে বিজিএমইএ সভাপতি বলেন, “একটি ব্যাংককে ৬০০ কোটি টাকা দিলেন। তারা দুর্নীতি করে টাকা নিয়ে গেল। আবার ৬০০ কোটি টাকা দিলেন। তার মানে কী? তাকে আপনি দুর্নীতি করার জন্য আর দশটা ব্যাংককে উৎসাহিত করছেন। এটাতো কোনো অবস্থায় উচিত না। এখানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কী?”

সিদ্দিকুর রহমান বলেন, “আমি যদি চুরি করি আজকে আমাকে আবার ১০০ কোটি টাকা দেবেন ওই চুরি কেইস জায়েজ করার জন্য। সেটা না করে উচিত ওই ব্যাংককে অন্য ব্যাংকের সাথে মার্জ (যুক্ত) করিয়ে দেওয়া এবং ওই ব্যাংকের পরিচালকদের বাদ দিয়ে দেওয়া।

“এভাবে অন্যায়ের প্রশ্রয় না দিয়ে… যদি দিতে থাকি, তাহলে আমার মনে হয় একজনের পর আরেকজন করতেই থাকবে।”

ব্যাংকের সুদের হার নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, “আমরা ১৯৮৪ সালে ব্যবসা শুরু করি, তখন প্রতিটি এলসির জন্য অ্যাড চার্জ দিতে হত ১ শতাংশ, আজও ৩০ বিলিয়নের উপর রপ্তানি করেও অ্যাড চার্জ ১ শতাংশ দিতে হয়। তাহলে এ ব্যবসা সামনে এগোবে না।”

অনুষ্ঠানের মঞ্চে বসা শিল্পমন্ত্রীর উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, “আমরা ব্যাংকিং সেক্টরকে আরও বেশি আইনের আওতায় অনুরোধ করছি। এভাবে একজন আরেকজনের উপর চালিয়ে দেবে যে, আমি জানি না ও জানে।

“এভাবে না করে আপনি (মন্ত্রী)  সরকারের একজন সিনিয়র লোক এবং আপনার এখানে ইনফ্লুয়েন্স (প্রভাব) আছে। আমি আশা করি, নেক্সট যে মিটিং হবে সেখানে আপনি (মন্ত্রী) এটা উঠাবেন। ব্যাংক নিয়ে কথা বলেন-এটাই আমরা চাই।”

অনুষ্ঠানে বক্তব্যে ব্যাংক খাত নিয়ে কোনো কথা বলেননি শিল্পমন্ত্রী আমু। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে তৈরি পেশাক শিল্পের অবদান উল্লেখ করার মতো।

বিজিএমইএ ও বিইউটিএফের উদ্যোগে এ বছর ফেলোশিপপ্রাপ্ত ছয় সাংবাদিকের নাম ঘোষণা করেন সিদ্দিকুর রহমান।

তারা হলেন- দৈনিক সমকালের আবু হেনা মুহিত, এনটিভির মো. হাসানুল আলম শাওন, একাত্তর টেলিভিশনের কাবিরী মৈত্রীয়, ডেইলি সানের জসিম উদ্দিন, মানবকণ্ঠের মফিদুল হোসেন ও কালের কণ্ঠের রাশেদুল ইসলাম তুষার।