২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রগতি বিস্ময়কর: মুহিত

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের এই আমলে বাংলাদেশের ‘বিস্ময়কর অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 12:25 AM

Updated : 19 Aug 2022, 01:40 PM

তিনি বলেছেন, “চলতি অর্থবছর সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বছর। দুই মেয়াদের প্রায় এক দশকে অন্তর্ভুক্তিমূলক এবং প্রবৃদ্ধি সহায়ক উন্নয়ন কৌশল দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি এনেছে।

“শেষ বছরটিতে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি এক দশকের অর্জনকে সুসংহত করে একটি সুদৃঢ় ভিত রচনা করার জন্য, যার ওপর দাঁড়িয়ে আস্থা ও আত্মবিশ্বাসের সাথে জাতি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনের পথে অগ্রসর হতে পারবে।”

সোমবার জাতীয় সংসদে চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনকালে একথা বলেন অর্থমন্ত্রী।

এদিনই জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ব্যাংক খাত নিয়ে অর্থমন্ত্রী মুহিতের কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, “আমাদের অর্থমন্ত্রী ... হাজার হাজার কোটি টাকা চলে গেল। নিজের লোকদের হাজার কোটি টাকার লোন দিয়ে দিলেন, সরকারও কম নেয়নি। এই জন্যই তো লক্ষ-কোটি টাকার বাজেট বানাই।

“যখন ব্যাংকগুলো ফেইল হয়ে গেল, সেই দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রী নাই! তখন ওই ব্যাংকের ম্যানেজার খারাপ, অমুক খারাপ! আপনি মন্ত্রী, আপনি সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কেমন করে আপনি দায়িত্ব এড়াতে চান?”

মুহিত বলেন, “গত ৯ বছরের বেশি সময়ে অর্থনীতির বিভিন্ন খাতে ব্যাপক উন্নতি হয়েছে। এই অগ্রগতিতে আশাবাদী হওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। আর্থিক খাতের গুণগত পরিবর্তন আনতে আমরা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি, যা অদূর ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

অর্থবছরের আট মাস পার হওয়ার সময় প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) বাজেট বাস্তবায়ন পরিস্থিতি উপস্থাপন করেন অর্থমন্ত্রী মুহিত। ‘আন্তর্জাতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকায়’ এই প্রতিবেদন দিতে দেরি হয়েছে বলে জানান তিনি।

প্রতিবেদনটি দেরিতে উপস্থাপনে ‘একদিকে সুবিধে’ হয়েছে মন্তব্য করে মুহিত দেশের অর্থনীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনা করে বলেন, “দেশ থেকে মুদ্রা পাচার হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতিতে সামনে দুর্দিন, তথ্যভিত্তিক না করে যে খবর প্রকাশ হয়েছে এবং নৈরাশ্যবাদীদের বক্তব্য যাতে খণ্ডিত হতে পারে, তার জন্য এই সময় ত্রৈমাসিক প্রতিবেদনটি আসায় ভালোই হয়েছে।”

চলতি অর্থ বছরে অর্থনীতিতে কোনো বিচ্যুতির সম্ভাবনা নেই বলেও আশা প্রকাশ করেন তিনি।

“দ্বিতীয় প্রান্তিকও শেষ হয়ে গেছে। তার প্রতিবেদন তৈরির কাজ চলছে। আশা করি, পরবর্তী অধিবেশনে সেটা উপস্থাপন করতে পারব। ওই প্রতিবেদনে সবাই আরও নিশ্চিত হবেন যে দেশের অর্থনীতিতে কোনো জটিলতা কিছু এই মুহূর্তে নেই।”

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে গত বছরের একই সময়ের চেয়ে রাজস্ব আদায় ১৯ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সরকারি ব্যয় বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন গত অর্থবছরে প্রথম প্রান্তিকে ছিল ৮ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরের এই তিন মাসে হয়েছে ১০ দশমিক ২ শতাংশ।

রপ্তানি আয় ৮ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ দশমিক ৮ শতাংশ।

আমদানি ব্যয় ২৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের এই সময়ে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৪ শতাংশ। আমদানি ঋণপত্র খোলার (এলসি) পরিমাণ বেড়েছে ৩৬ দশমিক ৫ শতাংশ।

ব্যক্তি খাতে ২০১৬ মালের সেপ্টেম্বরের চেয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৮ শতাংশ।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে যা ছিল নেতিবাচক প্রবৃদ্ধি (-১৭.৫)।

অর্থনীতির আরেক সূচক গড় মূল্যস্ফীতি গত বছরের সেপ্টেম্বরে ছিল ৫ দশমিক ৭ শতাংশ।  ২০১৭ সালের সেপ্টেম্বরে তা কমে ৫ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

সরকারের ব্যয় বেড়েছে ৮.৮ শতাংশ

প্রতিবেদনে বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে গত বছরের একই সময়ের চেয়ে সরকারের ব্যয় বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ।

বাজেটের মোট ব্যয় ধরা হয় ৪ লাখ  ২৬৭ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন রাজস্বসহ অন্যান্য ব্যয় ২ লাখ ৪৬ হাজার ৯৩৬ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা।

প্রথম প্রান্তিকে মোট ব্যয় হয়েছে ৪৬ হাজার ৬৫৮ কোটি টাকা । এর মধ্যে অনুন্নয়নসহ অন্যান্য ব্যয় ৩৬ হাজার ১২৯ কোটি টাকা।

এই তিন মাসে মোট এডিপির ১০ দশমিক ২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ৮ দশমিক ৮ শতাংশ।

উদ্বৃত্ত সাড়ে ৪ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাজেটে উদ্বৃত্ত রয়েছে ৪ হাজার ৪৭৪ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে বাজেটে উদ্বৃত্ত ছিল ৮১৭ কোটি টাকা।

চলতি অর্থবছরে বাজেট ঘাটতি (অনুদান ব্যতীত) প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ২২ হাজার ২৭৭ কোটি টাকা। যা জিডিপির ৫ শতাংশ।