২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আমদানি নিয়ে সংসদে দুই মন্ত্রীর ভিন্ন তথ্য

চলতি ২০১৭-১৮ অর্থবছরে চাল আমদানি নিয়ে জাতীয় সংসদে ভিন্ন ভিন্ন তথ্য দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 07:45 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরে সরকারি দলের সাংসদ হাবিবুর রহমানের প্রশ্নে তোফায়েল আহমেদ বলেন, গত ২৬ ডিসেম্বর পর্যন্ত চলতি ২০১৭-১৮ অর্থবছরে ২২ লাখ ৩৮ হাজার মেট্রিন টন চাল আমদানি করা হয়েছে।

অপরদিকে সরকারি দলের আরেক সাংসদ শেখ মো. নুরল হকের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে ১৫ লাখ মেট্রিন টন চাল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ৮ লাখ মেট্রিক টন দেশের বন্দরে এসে পৌঁছেছে।

দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই বলেও খাদ্যমন্ত্রী দাবি করেন।

গত বছর হাওরে আগাম বন্যায় ফসলহানির পর দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া রোগবালাইয়ের কারণেও ধানের ফলন অনেক কম হয়।

হাওরে ফসলহানীর পর থেকে চালের দাম বাড়তে শুরু করে। চালের সরকারি মজুদ তলানিতে নেমে এলে দফায় দফায় বাড়ে দাম। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে চালের আমদানি শুল্ক কমিয়ে দুই শতাংশে নামিয়ে আনে সরকার। এছাড়া সরকারি মজুদ বাড়াতে চলতি অর্থবছরে সরকারিভাবে ১৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।  এরই ধারাবাহিকতায় সরকার ধাপে ধাপে চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিচ্ছে।

সাম্প্রতিক সময়ে চালের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে খাদ্যমন্ত্রী বলেন, “পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যা এবং ধানে ব্লাস্ট রোগ ইত্যাদি কারণে বোরো ফসলের ক্ষয়ক্ষতি হয়ে খোলা বাজারে চালের মূল্যে ঊর্ধ্বগতি দেখা দেয়। এ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিপুল পরিমাণে চাল দেশে আসায় চালের দাম কমে স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করে। সরকারের উদ্যোগে মজুদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চালের মূল্য কমে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির জনসাধারণের ভোগ্য চালের দাম সহনীয় পর্যায়ে আছে।”

এক সম্পুরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, “বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে খাদ্য সংগ্রহ করতে না পারায় আমরা সঙ্কটে পড়ি। ওই সময় অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও পত্রপত্রিকায় লেখালেখির কারণে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল এবং আমরা ক্রাইসিসে পড়েছিলাম। আমরা সঙ্কট কাটিয়ে উঠেছি।”

তিনি বলেন, “সংগ্রহ শুরু করার পূর্বে সাধারণত গুদামে কম মজুদ থাকে। গত এপ্রিলে আমরা যখন খাদ্যশস্য সংগ্রহ করব তার পূর্বে আমাদের গুদামে চাল মজুদ ছিল ৬ লাখ টনের বেশি। কিন্তু বোরো সংগ্রহ আমরা করতেই পারিনি। ধান-চাল মিলিয়ে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১২ লাখ টনের ওপরে, তবে আমরা একেবারেই তা সংগ্রহ করতে পারিনি। ফলে আমাদের গুদাম তলানিতে নেমে আসে। এজন্য আমরা এই ক্রাইসিসে পড়েছি। সেজন্য আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়েছে।”

মন্ত্রী জানান, এই মুহূর্তে দেশে ১১ লাখ ৭৮ হাজার ৪৬১ মেট্রিন টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চাল রয়েছে ৮ লাখ ২৪ হাজার ৪৯১ মেট্রিক টন। এক মাসের মধ্যে এই মজুদ ১০ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থবছরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। কিন্তু গত বছর জুলাই-আগস্ট মাসে বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতির কারণে খাদ্যস্বল্পতা দেখা দেয়। ফলে সরকারি-বেসরকারি পর্যায়ে চাল আমদানি করে চাহিদা মেটানো হচ্ছে।

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “পেঁয়াজের উৎপাদন, আমদানি ও বিপণন ব্যবস্থায় কোনো প্রকার সিন্ডিকেট কাজ করেনি। বন্যায় ভারতের বাজারে মূল্যবৃদ্ধি ও বাংলাদেশে বন্যায় স্থানীয়ভাবে মজুদকৃত পেঁয়াজের একটি অংশ নষ্ট হওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।”

সরকারি দলের মোরশেদ আলমের প্রশ্নে তোফায়েল আহমেদ জানান, বাংলাদেশ থেকে আলু, টমেটো, বেগুন, সিম, বরবটি, ঢেঁড়স, গাজর, মাশরুম ইত্যাদি সবজি বিদেশে রপ্তানি হয়। সবজি রপ্তানি করে বাংলাদেশ ২০১৬-১৭ অর্থবছরে ৮১ দশমিক শূন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।

এক কোটি ১৫ লাখ কর্মী বিদেশে

সরকারি দলের মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, মালয়েশিয়া থেকে কোনো চাহিদা না থাকায় বর্তমানে সরকারি পর্যায়ে কোনো কর্মী পাঠানো হচ্ছে না। তবে বেসরকারি ব্যবস্থাপনায় জি-টু-জি প্লাস প্রক্রিয়ায় সমাঝোতা স্মারকের পর থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত ৭৫ হাজার ২৪০ জন কর্মী মালয়েশিয়া গেছে।

সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী বিদেশে গেছে।

সরকারি দলের মু. গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নে মন্ত্রী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বিদেশগামী কর্মীর সংখ্যা (ডিসেম্বর ২০১৭ পর্যন্ত)) এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৪৩ জন।

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেণ, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র নিয়ে ৩৩ লাখ ৯৩ হাজার ২৭১ জন কর্মী সৌদি আরব গেছে। এরমধ্যে ২০১৭ সালে  গেছে ৫ লাখ ৫১ হাজার ৩০৮ জন।