বাজেটের আকার তিন বছরে জিডিপির ২০ শতাংশে নিতে চান মুহিত
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের বাজেটের আকার জিডিপির ২০ শতাংশে নিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থনীতির বর্তমান গতিধারায় সেই লক্ষ্য পূরণে তিনি আশাবাদী।
আগামী এক দশকে শুল্ক বিভাগের আয় কমতে থাকবে এবং কাস্টমসকে ‘অনাকাঙ্ক্ষিত পণ্যের অবৈধ প্রবেশ’ ঠেকানোর দিকে মনোযোগ বাড়াতে হবে বলেও মনে করেন মুহিত।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শুক্রবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক সেমিনারে তার এ বক্তব্য আসে।
অর্থমন্ত্রী বলেন, কাস্টমস দিবস পালনের প্রধান উদ্দেশ্য হল জনগণকে সচেতন করা, যাতে রাজস্ব আদায় বাড়ে। আর এই চেষ্টায় সরকার সাফল্যও পাচ্ছে।
“আমাদের রাজস্ব অনেক বেড়েছে, সে অনুযায়ী আমাদের বাজেটের আয়তনও বাড়ছে। এটা ভবিষ্যতেও চলতে থাকবে, কারণ এখনও আমাদের বাজেট আমাদের আয়ের তুলনায় খুব কম, মাত্র ১০-১১ পারসেন্ট… কোনো কোনো দেশে ৩০-৩২ শতাংশ পর্যন্ত আছে।”
বাজেটের এই আকার ২০২১ সালের মধ্যে জিডিপির ২০ শতাংশে নিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়ে মুহিত বলেন, “বড় ধরনের টার্গেট, কিন্তু বাংলাদেশের জনগণ যেভাবে রেসপন্স করছে, তাতে মনে হয় এটা সম্ভব।”
ওই ‘রেসপন্স’ এর ব্যাখ্যায় তিনি বলেন, দেশে এখন আয়কর দাতার সংখ্যা ১৪ লাখ থেকে বেড়ে ৩১ লাখ হয়েছে।
“সেখানে আমরা যে খুব কাজ করেছি সেটা নয়, নতুন উদ্যোক্তা যারা বিশেষ করে যুব সম্প্রদায়, চল্লিশের নিচে যাদের বয়স, তাদের প্রচেষ্টায় এটা হয়েছে। এটা দেশের জন্য একটা অত্যন্ত ভালো নির্দেশক এবং আমরা এ ব্যাপারে গর্ব বোধ করতে পারি।”
দেশের অর্থনীতির গতিধারায় যে পরিবর্তন সাম্প্রতিক সময়ে এসেছে, সেই চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আগে কাস্টমস থেকে সবচেয়ে বেশি আদায় হত, সবচেয়ে কম আদায় হত আয়কর থেকে। আয়কর ছিল মোট রাজস্ব আয়ের মাত্র ১০ শতাংশ।
“এখন মুসক ও আয়করের মধ্যে কম্পিটিশন হচ্ছে- কে বেশি আয় করতে পারে। কাস্টমস অনেক নিচে নেমে গেছে, ভবিষ্যতে কাস্টমস আরও কমবে।”
এর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি উন্মুক্ত থাকলে সব দেশে পণ্য যাওয়া আসা করবে নির্বিবাদে। শুধু খেয়াল রাখতে হবে, মাদকের মত অনাকাঙ্ক্ষিত দ্রব্য যেন কাস্টমস পেরিয়ে দেশে না আসতে পারে।
“আমাদের মধ্যে একটা ধারণা এসেছে যে উন্নয়নের জন্য ব্যবসার প্রসার দরকার। এজন্য ২০১৩ সালে একটা ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট হয়েছে। এ রকম চুক্তির ফলে রাজস্ব আদায় আরও বাড়তে পারে।”
তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে অর্থ পাচারের ধরন ও সন্ত্রাসে অর্থায়নের মত নতুন সমস্যার উদ্ভব হওয়ায় সরকারকে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করতে হচ্ছে, নানা ধরনের কাজও বেড়ে গেছে বলে মন্তব্য করেন মুহিত।
তিনি বলেন, “খুব দূরে নয়, আগামী পাঁচ-দশ বছরের মধ্যে আমরা দেখব, কাস্টমসের প্রধান কর্তব্য হচ্ছে অনাকাঙ্ক্ষিত দ্রব্যাদি যাতে দেশে না আসতে পারে সেই ব্যবস্থাটা করা। এটাই হবে তাদের প্রধান কাজ, রাজস্ব আদায় একটা গৌণ বিষয় হবে।”
অনাকাঙ্ক্ষিত পণ্যের প্রবেশ ঠেকানোর সময় ‘পানিশমেন্ট দিয়ে’ শুল্ক বিভাগের কিছু আয় বাড়তে পারে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সেমিনারে বলেন, বাংলাদেশ এলডিসিভুক্ত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলেও ইউরোপসহ অনেক দেশে জিএসসি প্লাস সুবিধা পাবে।
ব্যবসায়ীদের সঙ্গে ‘নিবিড় সম্পর্ক’ রেখে কার্যক্রম পরিচালনার জন্য এনবিআর চেয়ারম্যানকে পরামর্শ দেন তিনি।
এনবিআরের আয়োজনে এ সংস্থার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন সেমিনারে বক্তব্য দেন।
