২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি হবে ১ লাখ টন চাল, সোয়া লাখ টন সার

বৈদেশিক উৎস থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক লাখ টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 05:44 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

আমদানির প্রস্তাবও সরকারের সায় পেয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চাল ও সার আমদানির এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সর্বনিম্ন দরতাদা হিসেবে রশিদ অটোমেটিক রাইস মিলস লিমিটেড তিনটি প্যাকেজে ৪২২ কোটি ৫৯ লাখ টাকায় এসব চাল সরবরাহ করবে।

গত বছর হাওরে আগাম বন্যায় ফসলহানির পর দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফার বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া রোগবালাইয়ের কারণেও ধানের ফলন অনেক কম হয়।

হাওরে ফসলহানীর পর থেকে চালের দাম বাড়তে শুরু করে। চালের সরকারি মজুদ তলানিতে নেমে এলে দফায় দফায় বাড়ে বাঙালির প্রধান এই খাদ্যশস্যের দাম।

বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানি শুল্ক কমিয়ে দুই শতাংশে নামিয়ে আনে সরকার। এছাড়া সরকারি মজুদ বাড়াতে চলতি অর্থ বছরে সরকারিভাবে ১৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

এরই ধারাবাহিকতায় সরকার ধাপে ধাপে চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিচ্ছে।

অন্যদিকে রাষ্ট্রীয় পর্যায়ে গ্রুপ ক্রিমিকিউ তিউনিশিয়া ও বাংলাদেশের কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে প্রথম লটের ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, প্রতি টন ২৯০ দশমিক ৭৫ মার্কিন ডলারে এসব সার আমদানিতে ব্যয় হবে ৬০ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়া কোটেশনের মাধ্যমে ৪৫ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

মেসার্স পোটন ট্রেডার্স ৭৩ কোটি ৮০ হাজার টাকায় ২৫ হাজার টন এবং মেসার্স হাইড্রোকার্বন ৫৮ কোটি ৪০ লাখ ৬৪ হাজার টাকায় বাকী ২০ হাজার টন সার আমদানি করবে।

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দ্বিতীয় লটে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি টন ২৫০ মার্কিন ডলারে এই সার আমদানিতে ব্যয় হবে ৫২ কোটি টাকা।

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি ও বাংলাদেশের কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে চুক্তির আওতায় প্রথম লটের ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতি টন ৩০৩ দশমিক ২৫ মার্কিন ডলার ব্যয়ে এতে মোট খরচ হবে ৬৩ কোটি সাত লাখ ৬০ হাজার টাকা।