২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ তিন দিন আয়কর মেলার সময় বেড়েছে ৫ ঘণ্টা

করদাতাদের ভিড় বাড়ায় বাকি দিনগুলোতে আয়কর মেলার সময় বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 09:04 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

ঢাকায় শনিবার বিকাল ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা রাখা হয়। রোববার থেকে মেলার বাকি তিনদিন সকাল ১০টার পরিবর্তে ৮টায় মেলা শুরু হবে। শেষ হবে রাত ৮টায়।

আয়কর মেলার চতুর্থ দিন শনিবার ২১৭ কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৫৩ হাজার ৬২৫ জন করদাতা। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন প্রায় ২ লাখ মানুষ।

রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের পদচারণায় মুখর ছিল মেলার চতুর্থ দিন। এদিন মেলায়  ১ লাখ ৯৪ হাজার ৩৩১ জন সেবা গ্রহণ করেছেন। কর আদায় হয়েছে ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকা।

শনিবার ঢাকাসহ দেশের ৬৪টি জেলা ও সাতটি উপজেলাসহ দেশের ৭১টি জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিনের মতো শনিবারও মেলায় করদাতাদের বাড়তি আকর্ষণ যোগ করে ’ইনকাম ট্যাক্স আইডি কার্ড’। মেলায় কয়েকটি লাইনে দাঁড়িয়ে করদাতারা এ কার্ড সংগ্রহ করেন। এছাড়া সাধারণ করদাতাদের পাশাপাশি বিশেষ ব্যক্তিদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড সংগ্রহ মেলায় বাড়তি মাত্রা যোগ করে।

চার দিনে ১২০১ কোটি টাকার কর আদায়

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিনে মেলায় মোট এক হাজার ২০১ কোটি ৩৭ লাখ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন এক লাখ ৬৩ হাজার ৬৮৯ জন করদাতা। সেবা দিয়েছেন ৫ লাখ ৯০ হাজার ৯৬২ জন।

গত বছর প্রথম চার দিনে এক হাজার ১৫৭ কোটি ১৯ লাখ টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন দাখিল করেছিলেন ৯০ হাজার ৯১৩ জন। সেবা নিয়েছিলেন ৪ লাখ ৮২ হাজার ৪৭৬ জন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এ এ মান্নান।

বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনে আগত অতিথিদের নিরাপত্তার জন্য রোববার রাজধানীর আগারগাঁও সড়ক বন্ধ থাকবে।

সেজন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে আয়কর মেলায় আসতে ইচ্ছুক করদাতা-সেবাগ্রহীতাদের মিরপুর/শ্যামলী রোড ব্যবহারের অনুরোধ জানিয়েছে আয়কর মেলা কর্তৃপক্ষ।