সক্ষমতা বাড়ালে ‘কমানো যায়’ বিদ্যুতের দাম
বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়িয়ে বিদ্যুতের দাম কমানোর সুপারিশ এসেছে একটি আলোচনা অনুষ্ঠান থেকে।
বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও ছিলেন।
২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ম তামিম অনুষ্ঠানে বলেন, “দাম কমানোর জন্য উচ্চমূল্যের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে স্বল্প মূল্যের বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি সরকারি কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে হবে।”
ডিজেল বা ফার্নেস অয়েলের মতো জ্বালানি তেলের আমদানি মূল্য কমালেও বিদ্যুতের দাম কমে আসবে বলে মনে করেন তিনি।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম ১১টি সুপারিশ তুলে ধরে বলেন, “তরল জ্বালানির বিদ্যমান মূল্যহার আইনি বৈধতাহীন।
“বিদ্যুত উতপাদন ক্ষমতার অসম ব্যবহার; স্বল্পতম ব্যয়ে কম ও অধিকতর ব্যয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন এবং ভাড়া ও দ্রুতভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি পেমেন্ট যৌক্তিক না হওয়ায় বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়।”
সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘বিদ্যুত ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন’ রহিত করার পক্ষে মত দেন তিনি।
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের উপর এনার্জি রেগুলেটরি কমিশনে দেওয়া দাম কমানোর জন্য ক্যাবের প্রস্তাব বাস্তবায়নের সুপারিশও করেন শামসুল আলম।
শুনানিতে বিদ্যুতের একক ক্রেতা ও বিক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পিডিবি তাদের প্রস্তাবের সঙ্গে পুরোপুরি একমত না হলেও কয়েকটি ধাপে ব্যয় সাশ্রয় করে ইউনিট প্রতি ৫৫ পয়সা দাম কমানো সম্ভব বলে স্বীকার করে।
আলোচনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির। তবে ভোক্তাদের কথা আমরা সব সময়ই শুনতে রাজি।
ভোক্তাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকারকে আরও তিন/চার বছর সময় দিতে বলেন তিনি।
ক্যাবের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পিডিবির চেয়ারম্যান খালেদা মাহমুদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের চেয়ারম্যান অরুণ কর্মকার প্রমুখ।
