করমেলা: দ্বিতীয় দিনে আদায় ৫৪৩ কোটি টাকা
আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫৪৩ কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৪০ হাজার করদাতা। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ।
বৃহস্পতিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতা-সেবাগ্রহীতাদের পদচারণায় মুখর ছিল দ্বিতীয় দিনের আয়কর মেলা।
এদিন মেলায় ১ লাখ ৫৩ হাজার ২৮৭ জন কর সেবা গ্রহণ করেছেন। ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৫৭ টাকার আয়কর আহরণ হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৩৯ লাখ ৩৫১ হাজার করদাতা।
গতবছর আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ২০ হাজার ৬৫৭ কোটি টাকা। সেবা নিয়েছিলেন ১ লাখ ২৩ হাজার ৩৪৮ জন।
ঢাকাসহ ৫০টি জেলা ও সাতটি উপজেলাসহ সারা দেশের ৫৭টি স্পটে বৃহস্পতিবার আয়কর মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কর সেবা প্রদান করা হয়।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এ এ মান্নান।
মেলার আর্কষণ
দ্বিতীয় দিনের মেলায় মন্ত্রী-এমপিসহ গর্বিত করদাতাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ দেওয়া হয়।
করদাতাদের উৎসাহ ও স্বীকৃতি দিতে ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলায় রিটার্ন দাখিলের সাথে সাথে একটি স্মার্ট কার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় এনবিআর। এ কার্ড নিতে সম্মানিত করদাতারা প্রথম দিন ব্যাপক রিটার্ন জমা দেন। একইসাথে দ্বিতীয় দিন রিটার্ন জমা দিয়ে এ কার্ড নিতে করদাতারা ভিড় করেন।
দুই দিনে মেলায় প্রায় ১০ হাজার করদাতাকে স্মার্টকার্ড দেওয়া হয়। দ্বিতীয় দিনে মেলায় বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া মন্ত্রী, এমপি ও অন্যান্য বিশেষ ব্যক্তিকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান।
এদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য কাজী রোজী, বেসিস সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ ছিলেন।
শুক্রবারের আয়কর মেলা
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে মেলা। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে।
