২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল খালাসের মুরিং নির্মাণে চীনের সঙ্গে চুক্তি

জাহাজ থেকে তেল খালাসে গভীর সাগরে একটি ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং’ নির্মাণে চীনের সঙ্গে ৫৫ কোটি ৪০ লাখ ডলারের অবকাঠামো ঋণচুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 07:02 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

রোববার এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে সই করেন চীনের রাষ্ট্রদুত মা মিংকিয়াং এবং ইআরডি সচিব কাজী শফিকুল আযম।

‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন’ শীর্ষক প্রকল্পের জন্য এই ঋণ নেওয়া হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “এটা আমার স্বপ্নের প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের সিস্টেম লস কমবে। প্রকল্পটি চালু হলে বিপিসির বছরে এক হাজার কোটি টাকা খরচ কমবে।”

তিনি বলেন, “এখন একটা তেলের জাহাজ আনলোড করতে ১১ দিন পর্যন্ত লাগে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে মাত্র অর্ধেক দিনে করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদুত মা মিংকিয়াং বলেন, “বাংলাদেশ শরণার্থী (রোহিঙ্গা) নিয়ে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। আমরা বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা তোমাদের সাথে আছি।

“বাংলাদেশ ও মিয়ানমার বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃপ্রতীম দেশ। আমরা আশা করছি দুই দেশ বসে আলোচনা করে এর সমাধান করবে। আমরা ইতিমধ্যেই কিছু উন্নতি লক্ষ্য করছি। দুই দেশের মধ্যে কিছু আলোচনাও হয়েছে।”

অনুষ্ঠানে জানানো হয়, ৫৫ কোটি ৪০ লাখ ডলার ঋণের মধ্যে আট কোটি ২৫ লাখ ডলার নমনীয় ঋণ এবং ৪৬ কোটি ৭৮ লাখ ডলার নেওয়া হবে (প্রিফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট) সরবরাহ ঋণ হিসেবে।

এ ঋণের জন্য ৫ বছরের রেয়াতকালসহ ২০ বছর মেয়াদে ২ শতাংশ হারে সুদসহ পরিশোধ করতে হবে।

পুরনো খবর:

৫৫ কোটি ডলার চীনা ঋণে হবে তেল খালাসের মুরিং