২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগের প্রকল্পে আড়াই হাজার কোটি টাকা

টেলিঘনত্ব বাড়িয়ে আরও মানুষকে এই সুবিধার আওতায় আনার সঙ্গে সাশ্রয়ী মূল্যে তথ্য প্রযুক্তি সেবা দিতে টেলিযোগাযোগ খাতের আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2017, 11:10 PM

Updated : 19 Aug 2022, 05:47 PM

‘ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকরণ’ শীর্ষক এ প্রকল্পটি মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হয়।

সভার পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে টেলিযোগাযোগেরটিসহ ৫ হাজার ৭৮৩ কোটি টাকা ব্যয়ের ১০ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ২৯৬ কোটি ৩২ লাখ টাকা জোগান দেওয়া হবে। প্রকল্প সহায়তা থেকে আসবে ২ হাজার ৪৭২ কোটি টাকা। বাকি ১৫ কোটি টাকা সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে জোগান দেওয়া হবে।

টেলিযোগাযোগের প্রকল্পটিকে ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার আরেক ধাপ’ বলে বর্ণনা করেন মন্ত্রী।

তিনি বলেন, এর আগে ২০১৪ সালে ১ হাজার ৮৬১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল। তখনও এ প্রকল্পে চীনের অর্থায়নের কথা ছিল। কিন্তু ঋণচুক্তি না হওয়ায় তখন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। এখন আবার নতুন করে কাজের পরিধি বাড়িয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হল।

বৈঠকে প্রধানমন্ত্রী এ প্রকল্পে ঠিকাদার নিয়োগসহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আলোচনার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এ কমিটি কিভাবে অর্থ সাশ্রয় করা যায়, তার চেষ্টা করবে।

মন্ত্রী বলেন, “মূল প্রকল্পের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় এর ব্যয় বেড়েছে। যেমন ইন্টারনেট প্রটোকল মাল্টিমিডিয়া সাবসিস্টেম প্লাটফর্ম ৭ লাখ থেকে ১৬ লাখে উন্নীত করা হয়েছে। এভাবে অন্যান্য কাজের পরিধিও বৃদ্ধি করে আধুনিক সংযোগ সুবিধা বাড়ানো হয়েছে।”
প্রকল্পটির মাধ্যমে বিদ্যমান টেলিফোন এক্সচেঞ্জগুলোর পুরনো ট্রান্সমিশন ব্যবস্থার সব যন্ত্রপাতি আধুনিকায়ন, বিদ্যমান কপার বেইজড কোর ট্রান্সমিশন নেটওয়ার্ক অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক দিয়ে ২ হাজার ৩৬৭ কিলোমিটার প্রতিস্থাপন, কপার কেবল স্থাপন ৭৯৩ কিলোমিটার, ১০০ জিবিএস ক্ষমতাসম্পন্ন ব্যাকবোন ইক্যুইপমেন্ট কেনা, আইপ নেটওয়ার্কের জন্য নতুন যন্ত্রপাতি স্থাপনসহ আরও কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

“এ প্রকল্পের জন্য প্রযুক্তি ও আর্থিক সুবিধা সরবরাহ করবে চীন সরকার। ইতোমধ্যে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে,”

বলেন মুস্তফা কামাল। 

এ প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৭৩ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৮১৭ কোটি ২৮ লাখ টাকা প্রকল্প সাহায্য হিসেবে জোগান দেবে চীন সরকার।

বৈঠকে অনুমোদন পাওয়া ‘ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ’ প্রকল্পটি বিষয়ে মন্ত্রী বলেন, “এটি নিয়ে আমরা নোবেল পেতে পারি। পৃথিবীর কেউ মাটি ছাড়া অন্য কোথাও সবজি কিংবা অন্য কিছু চাষের কল্পনা করেনি। আমরাই বেডে সবজি চাষের ফর্মুলা উদ্ভাবন করেছি। এটা শুধু আমাদের কৃষকরাই করেছে।”

এ প্রকল্পটি ৬৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও অনুমোদন পেয়েছে সভায়, যার ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৭৫ লাখ টাকা।