২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের বড় উন্নতি

মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ সূচকে চলতি বছর বাংলাদেশের বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2017, 12:39 AM

Updated : 19 Aug 2022, 05:21 PM

এ বছর ২৮টি দেশকে পেছনে ফেলে সূচকের ৫৪ নম্বর ঝুঁকিপূর্ণ দেশ থেকে ৮২ নম্বরে উঠে এসে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় ‘ব্যাপক উন্নতি’ হওয়ায় ওই সূচকে দেশের অবস্থান ‘দ্রুত এগিয়েছে’ বলে সোমবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। 

এতে বলা হয়- ২০১৭ সালের ‘ব্যাসেল এএমএল’ সূচকে সবচেয়ে দ্রুত উন্নয়নকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ সূচক অনুযায়ী সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে রয়েছে- ইরান ও আফগানিস্তান। সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ ফিনল্যান্ড।

মুদ্রাপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন ঝুঁকির নিরিখে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তানের অবস্থান দুই নম্বরে, এছাড়া মিয়ানমার ১৩, নেপাল ১৪, শ্রীলঙ্কা ২৫, পাকিস্তান ৪৬, বাংলাদেশ ৮২ এবং ভারত রয়েছে ৮৮ নম্বরে।

সূচকে যথাক্রমে ১১৬ ও ১১৮ নম্বর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

সুইজারল্যান্ড ভিত্তিক দ্য ব্যাসেল ইনস্টিটিউট অন গভর্ননেন্স বিশ্বের ১৪৬টি দেশের মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকি নিরূপণ করে গত ১৬ অগাস্ট ২০১৭ সালের ‘ব্যাসেল অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) ইনডেক্স’ প্রকাশ করে।

ব্যাসেল এএমএল সূচক অনুযায়ী,  দ্রুত উন্নয়নকারী ১০টি দেশের  মধ্যে রয়েছে- সুদান, তাইওয়ান, ইসরাইল, বাংলাদেশ, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ, লাটভিয়া ও গ্রিস।

সূচকে বাংলাদেশের দ্রুত উন্নয়নের কারণ হিসেবে ২০১৬ সালে দেশে  মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থার উপর এপিজি পরিচালিত ‘মিউচ্যুয়াল ইভাল্যুয়েশন রিপোর্টে’ উন্নতিকে চিহ্নিত করা হয়েছে।

এপিজির ‘মিউচ্যুয়াল ইভাল্যুয়েশন রিপোর্ট’ অনুযায়ী, বাংলাদেশ এফএটিএফ’র ৪০টি সুপারিশের বিপরীতে ছয়টিতে ‘কমপ্লায়েন্ট’, ২২টিতে ‘অধিকাংশ কমপ্লায়েন্ট’ এবং ১২টিতে ‘আংশিক কমপ্লায়েন্ট’ রেটিং পেয়েছে।

বাংলাদেশ এফএটিএফ’র ৪০টি সুপারিশের সবকটিই বাস্তবায়ন করেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ব্যাসেল ইনস্টিটিউট কোন একটি দেশের মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় ঘাটতি, স্বচ্ছতার ঘাটতি, উচ্চপর্যায়ে দুর্নীতির ধারণা সূচক, আর্থিক মানদণ্ড ও স্বচ্ছতা এবং দুর্বল রাজনৈতিক অধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে ব্যাসেল এএমএল সূচক তৈরি করে থাকে।

গত ছয় বছর ধরে এ সূচক তৈরি করে আসছে প্রতিষ্ঠানটি।