বিনিয়োগ সংক্রান্ত নির্মাণে অনুমতির সময় কমিয়ে আনার চেষ্টায় বিডা
বাণিজ্য সহজীকরণে ৬০ দিনের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত যে কোন নির্মাণ কাজের অনুমতির বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ।
সোমবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
পরে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, “বিনিয়োগ অনুমোদনে একটি র্যাংকিং রয়েছে, যেখানে ১৮৯টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৩৮। এটা বেশ নিচের দিকেই বলা চলে। এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ কোরিয়াও উপরের দিকে রয়েছে।
“আমরা তাদের মত করে বাংলাদেশের পরিস্থিতি উন্নত করতে চাই। বর্তমানে বাংলাদেশে এই অনুমোদন পেতে ২৬৭ দিন লাগে। এটা এখনই কমিয়ে ৬০দিনে নিয়ে আসতে চাই।”
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এটা বাস্তবায়নে পূর্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি হবে। কমিটি মাসে মাসে এই বিষয়টি পর্যালোচনা করবে।
এ বিষয়ে শিগগিরই রাজউকের সঙ্গে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর একটি চুক্তি স্বাক্ষর করবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, রাজউকের সদর দপ্তরসহ আঞ্চলিক অফিসে একটি হেল্পডেস্ক খোলা হবে। একইভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষেও হেল্পডেক্স খোলা হবে।
“এসব হেল্পডেক্স বিনিয়োগকারীদের নির্ধারিত সময়ে স্থাপনা নির্মাণ অনুমোদনে সহায়তা করবে। একটি টাস্কফোর্স থাকবে যারা বাস্তবায়ন প্রক্রিয়া সহজীকরণ ও হেল্পডেক্সসহ সংস্কার কাজ পর্যবেক্ষণ করবে।”
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করছে। একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই।”
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান এম বজলুল কবীরও ছিলেন।
