২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে ৬ চ্যালেঞ্জ

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমাসহ বাংলাদেশের অর্থনীতি এখন ছয় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এসব বিষয় সামাল দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 10:49 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

রোববার অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের প্রথম প্রান্তিকের বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনকালে এ সব চ্যালেঞ্জের কথা বলেন।

প্রতিবেদন শেষ করার আগে লিখিত বক্তব্যের বাইরে মুহিত বলেন, “আমাদের অর্থনীতিতে বর্তমানে ছয়টি চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হচ্ছে- রেমিটেন্স প্রবাহ কম, সঞ্চয়পত্রের উচ্চ হার, বার্ষিক ‍উন্নয়ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত না হওয়া, দেশের শিল্প ব্যবস্থাপনায় মধ্যম ও উচ্চ পর্যায়ের প্রশিক্ষিত জনবলের অভাব, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো ও ভারসাম্য আনা এবং অবকাঠামো উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিকসহ বিভিন্ন বিষয়ে সংস্কার।”

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য জনশক্তি রপ্তানি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলশ্রুতিতে জনশক্তি রপ্তানি বেড়েছে। আশা করছি, রেমিটেন্স প্রবাহে যে ধীরগতি চলছে তা কেটে যাবে।”

উন্নয়ন কর্মসূচিগুলোর বাস্তবায়ন বাড়াতে পরিকল্পমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “এক্ষেত্রেও ইতিবাচক ফল পাওয়া যাবে।”

অন্য চ্যালেঞ্জগুলো মোকাবিলায়ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

সরকারের ব্যয় বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সরকারের ব্যয় ১৫ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে বলে মুহিতের তুলে ধরা প্রতিবেদনে বলা হয়েছে।

এই তিন মাসে সরকার মোট ৪২ হাজার ৮৯৪ কোটি টাকা ব্যয় করেছে। এরমধ্যে অনুন্নয়ন বা রাজস্ব ব্যয়ের পরিমাণ হচ্ছে ৩৫ হাজার ৩২৫ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয়ের পরিমাণ হচ্ছে ৭ হাজার ৫৬৯ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে মোট ৩৭ হাজার ১৩৬ কোটি টাকা ব্যয় হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, জুলাই-সেপ্টেম্বর সময়ে গত বছরের একই সময়ের চেয়ে রাজস্ব ব্যয় বেড়েছে ১৯ দশমিক ৩৫ শতাংশ। আর উন্নয়ন ব্যয় বেড়েছে দশমিক ৪২ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাজেট ঘাটতি (অনুদানসহ) জিডিপির ৪ দশমিক ৭ শতাংশের মধ্যে রয়েছে।

২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার মোট বাজেটে ঘাটতি ধরা আছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা (জিডিপির ৫ শতাংশ)।

প্রতিবেদনে বলা হয়, এই তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর রাজস্ব আদায় ১৭ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ৬ হাজার ৫০২ কোটি হতে বেড়ে ৯ হাজার ৭৬৭ কোটি টাকা হয়েছে।

রপ্তানি আয় ৭ দশমিক ৭৬ বিলিয়ন থেকে বেড়ে ৮ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বেড়েছে আমদানি ব্যয়ও, ১৭ দশমিক ২৭ শতাংশ পয়েন্ট বেড়ে ১১ দশমিক ১১ বিলিয়ন ডলার হয়েছে।

আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১০ দশমিক ১৬ এবং ১৬ দশমিক ৯৭ শতাংশ।

ব্যক্তিখাতে ঋণপ্রবাহ ১৫ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে (২০১৫ সালের সেপ্টম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত)।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৩০ সেপ্টেম্বর প্রায় ৩১ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ২০১৫ সালের সেপ্টেম্বরের ৬ দশমিক ২ শতাংশ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর সময়ে ৫ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

প্রবাস নিয়োগ ‘বাড়লেও’ আয় কমছে

রেমিটেন্স নিয়ে অর্থমন্ত্রীর প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণে প্রবাস নিয়োগ হলেও প্রবাস আয়ে গতিশীলতা আসেনি।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে প্রবাস আয়ের প্রবাহ ছিল ৩২৩ কোটি ২০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৯৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এ সময়ে প্রবাস আয়ের প্রবাহ ১৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে।

উন্নত অর্থনীতির দেশগুলোতে অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীর গতি, তেলের দাম কমার কারণে মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক স্থবিরতা এবং ডলারের বিপরীতে তুলনামূলকভাবে টাকা ‘শক্তিশালী’ থাকায় প্রবাস আয় প্রবাহ কমতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

“এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই- মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন এই সেপ্টেম্বর নাগাদ বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৮ দশমিক ৮ শতাংশ প্রবাস নিয়োগ বৃদ্ধি সত্বেও এ সকল দেশ হতে একই সময়ে প্রবাস আয় কমেছে ১০ দশমিক ৯ শতাংশ।

“তেলের মূল্য কিছুটা স্বাভাবিক হলে এ সব দেশ হতে প্রবাস আয় প্রবাহও স্বাভাবিক হবে বলে আমি মনে করি। প্রবাসীরা অপেক্ষাকৃত কম বেতনে চাকরি নিয়ে তাদের কর্মস্থলে বহাল রয়েছেন। সে কারণে রেমিটেন্স কমছে।”

‘সচল’ অর্থনীতির চাকা

প্রতিবেদনের শেষে মুহিত বলেছেন, ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের পথ ধরে অনেক সম্ভাবনাকে সামনে রেখে সূচনা হয়েছে ২০১৬-১৭ অর্থবছর।

“বছরের শুরু থেকেই সচল আছে অর্থনীতির চাকা। সরকারের প্রাজ্ঞ ব্যবস্থাপনায় স্থিতিশীল রয়েছে সামষ্টিক অর্থনীতির সকল খাত, আছে রাজনৈতিক সুস্থিতি। বিদ্যুৎ-জ্বালানি ও যোগাযোগ খাতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সৃজিত হচ্ছে বিনিয়োগ সহায়ক পরিবেশ।”

অন্যদিকে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ও প্রশিক্ষণে  জনগণের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, বহিঃবিশ্বের সম্পৃক্ততায় দৃষ্টিভঙ্গির প্রসারিত হওয়ার পাশাপাশি জীবনবোধে ইতিবাচক পরিবর্তন আসছে।

“সব মিলিয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুষম, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের যে স্বপ্ন আমরা রচনা করেছি তা বাস্তবায়নের এখনই অনুকূল সময়। সকলের  সম্মিলিত প্রচেষ্টা, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আর দেশের মানুষের নিরন্তর প্রচেষ্টায় আমাদের দেশ হবে 'সমৃদ্ধ বাংলাদেশ।”