২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রাপ্তবয়স্ক সবাইকে ব্যাংকিংয়ের আওতায় আনতে কাজ করছে সরকার’

প্রত্যেক প্রাপ্তবয়স্ক জনগণকে ব্যাংকিংয়ের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 11:42 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ভবনে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনীতে এ কথা জানান বিভাগের সচিব ইউনুসুর রহমান।

তিনি বলেন, “সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে ১৭টি লক্ষ্যের অন্যতম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি। এ জন্য প্রত্যেক প্রাপ্তবয়স্ক জনগণকে ব্যাংকিংয়ের আওতায় আনা অপরিহার্য। বর্তমানে সে লক্ষ্যেই এগুচ্ছে অর্থ মন্ত্রণালয়।”

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত এ কর্মশালায় বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

এর উদ্বোধনীতে ইউনুসুর রহমান বলেন, “২০২১ সালে সরকারের যে লক্ষ্যমাত্রা সেদিকে আমরা ভালোমতোই এগুচ্ছি। এরপরের লক্ষ্য এসডিজি অর্জন।”

বাংলাদেশে ব্যাংকিং খাত অনেক সম্প্রসারিত হয়েছে মন্তব্য কর তিনি বলেন, “তবে ১১ কোটি প্রাপ্তবয়স্কের দেশে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রায় সাড়ে ৩ কোটি। অর্থাৎ আরও সাড়ে ৭ কোটি জনগণকে ব্যাংকিংয়ের আওতায় আনতে হবে।

এজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এজেন্ট ও মোবাইল ব্যাংকিংকে প্রয়োজনে আরও গতিশীল করা হবে বলে জানান বিভাগের এই সচিব।

তিনি সাইবার হামলার প্রেক্ষাপটের মধ্যে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়ে ব্যাংকিং খাতকে সহজলভ্য করার ওপর জোর দেন।

কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের চিফ ইনোভেশন অফিসার যুগ্মসচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রাক্তন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ড. শাহ মোহাম্মদ সানাউল হক উপস্থিত ছিলেন।