২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশে ৩০টি খাতে বিনিয়োগ হতে পারে ৩২ বিলিয়ন ডলার’

বাংলাদেশে কৃষি, অটোমোবাইলস, পর্যটন এবং সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি পণ্যসহ অন্তত ৩০টি খাতে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করছেন বিনিয়োগ বিষয়ক একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 11:29 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বুধবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘অর্থনীতির নতুন ভাবনা: ২০৩০ ও পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের প্যানেল আলোচনায় এ মত তুলে ধরেন মরিস স্ট্র্যাটেজিসের ব্যবস্থাপনা পরিচালক জোসেফ আলফ্রেড ডিভানা।

মরিস স্ট্র্যাটেজিস হল যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজের ব্যবসাভিত্তিক একটি থিঙ্ক ট্যাংক।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত এই সেমিনারের প্যানেল আলোচনায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সভাপতিত্ব করেন।

এতে জোসেফ আলফ্রেড ডিভানা বলেন, বাংলাদেশের উঠতি এই ৩০টি খাতে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগের সুযোগ রয়েছে।

“তবে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হল, এ সুযোগ বাস্তবায়ন করা।”

এসব খাতের মধ্যে রয়েছে- কৃষিভিত্তিক ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, হালকা প্রকৌশল শিল্প ও অটোমোবাইলস, কম্পিউটার সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি পণ্য, তৈরি পোশাক শিল্প, সিল্ক শিল্প, বাণিজ্যিকভাবে গাছ লাগানো, ফুল ও ফলের চাষ, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, হিমায়িত খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা পণ্য, তেল ও গ্যাস শিল্প, ওষুধ শিল্প, পর্যটন শিল্প ইত্যাদি।       

এসব খাতে বিনিয়োগ সুবিধা কাজে লাগে কয়েকটি পরামর্শও দেন যুক্তরাষ্ট্রের এই ব্যবসা বিশেষজ্ঞ।  

এরমধ্যে রয়েছে- মূলধনের সহজলভ্যতা তৈরি করা, বেসরকারি খাতে কর্মসংসস্থান বাড়ানোর পরিবেশ সৃষ্টি করা, দক্ষ শ্রমশক্তি তৈরি করা, বাজারে প্রবেশে নতুন চিন্তাভাবনা করা এবং নীতি ও নিয়ন্ত্রণ আরোপ করা।

আলোচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি খাতের বিভিন্ন অগ্রগতি তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

কেন বাংলাদেশে বিনিয়োগ করবেন- নিজেই এ প্রশ্ন তুলে পলক জবাব দেন, এখানে রাজনৈতিক প্রতিশ্রুতি, নীতি সহয়তা, আর্থিক প্রণোদনা, অব্যবহৃত দক্ষ মানবসম্পদ ও অবকাঠামো রয়েছে।

আলোচনার সঞ্চালক শুরুতেই বাংলাদেশের বিভিন্ন খাতে অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন সঞ্চালক কাজী আমিন।

সরকারের ‘ইনক্লুসিভ’ ভূমিকার কারণে ‘উল্লেখযোগ্য’ হারে দারিদ্র্য কমানো ও সাত শতাংশের ওপড় জিডিপি প্রবৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে বিদ্যুৎ, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতের অগ্রগতি চিত্র তুলে ধরার পাশাপাশি বিনিয়োগ গতির জন্য অবকাঠামোসহ কয়েকটি বাধার কথাও জানান বিডার নির্বাহী পরিচালক।

আলোচনায় খাতভিত্তিক আলোচনায় অংশ নেন সংশ্লিষ্টরা।

ব্লু অর্থনীতি নিয়ে উপস্থাপননা দেন অবসরপ্রাপ্ত রিয়াল এডমিরাল মো. খুরশেদ আলম। বাংলাদেশ সমুদ্র সম্পদ আহরণ করে কীভাবে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে পারে সে তথ্য তুলে ধরেন তিনি।

তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিয়ে বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং হালকা প্রকৌশল খাতের সম্ভাবনা নিয়ে উপস্থাপনা দেন ডিসিসিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ।