বাংলাদেশ-হাঙ্গেরির সহযোগিতার ৫ ক্ষেত্র
বাংলাদেশ ও হাঙ্গেরির সম্পর্ক জোরদারে সহযোগিতার পাঁচটি ক্ষেত্র চিহ্নিত করেছেন দুই দেশের নেতারা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের মধ্যে মঙ্গলবার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে এসব ক্ষেত্র চিহ্নিত হয়।
এগুলো হলো- পানি ব্যবস্থাপনা, কৃষিতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং এসডিজি বাস্তবায়নে সহায়তা।
বাংলাদেশে হাঙ্গেরির দূতাবাস খোলার বিষয়েও বৈঠকে ইঙ্গিত মিলেছে।
এছাড়া ২০১৭ সাল থেকে বাংলাদেশের দুইশ শিক্ষার্থীকে হাঙ্গেরিতে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফরের তৃতীয় দিনের শুরুতেই শেখ হাসিনা হিরোজ স্কয়ারে ফুল দিয়ে সেন্ট্রাল ইউরোপের দেশটির প্রয়াত নেতা ও সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান।
সেখান শেকে শেখ হাসিনা হাঙ্গেরির পার্লামেন্টে যান। সেখানে প্রবেশের আগে কসুথ স্কয়ারে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।
পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধান একান্ত বৈঠক করেন। দ্বিপক্ষীয় বৈঠকের পর হাসিনা ও অরবানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়।
বৈঠকের শুরুতেই শেখ হাসিনাকে সাহসী রাজনৈতিক নেতা উল্লেখ করে ভিক্টর অরবান বলেন, তার নেতৃত্বে বাংলাদেশের দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
পানি ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে শহীদুল হক বলেন, “পানি ব্যবস্থাপনায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। “এতে দুই দেশের মধ্যে একটি ওয়ার্কিং গ্রুপ করার কথা রয়েছে। আর বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
পানি ব্যবস্থাপনায় জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের কথাও হয়েছে বৈঠকে।
পররাষ্ট্র সচিব বলেন, “পানি ব্যবস্থাপনায় হাঙ্গেরি বেশ এগিয়ে আছে। এসডিজিতে পানির নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী যে আন্তর্জাতিক তহবিল গঠনের কথা বলেছেন, সে বিষয়েও সহায়তার কথা হয়েছে।”
কৃষিতে সহায়তায় ‘জার্মপ্লাজম’ বিনিময়ের বিষয়েও কথা হয়েছে।
বাণিজ্য ও বিনিয়োগে প্রযুক্তি ও বৈজ্ঞানিক উদ্ভাবনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব।
বৈঠকে নতুন বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আঞ্চলিক যোগাযোগের সুবিধা রয়েছে।
এক্ষেত্রে নতুন প্রকল্প খুঁজে বের করতে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানান শহীদুল হক।
স্বাধীনতার পর বাংলাদেশে দূতাবাস চালু করেছিল বাংলাদেশকে স্বীকৃতিদাতা ইউরোপীয় প্রথম দেশ হাঙ্গেরি। তবে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সম্পর্ক আর না গড়ানোয় তা বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধুকন্যা হাসিনা পুনরায় বাংলাদেশে মিশন চালুর অনুরোধ জানান দেশটির বর্তমান সরকার প্রধানকে।
বৈঠকে হাঙ্গেরির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে একটি মিশন বা কনস্যুলেট খোলার ঈঙ্গিত দেন।
শেখ হাসিনা বলেন, হাঙ্গেরি বাংলাদেশে দূতাবাস চালু করলে বাংলাদেশেরও সেখানে দূতাবাস খুলতে আগ্রহ সৃষ্টি হবে।
বৈঠকে কৃষি, চিকিৎসা ও বিজ্ঞানে উচ্চশিক্ষায় বাংলাদেশি ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১৭ সাল থেকে এই বৃত্তি শুরু হবে এবং শিক্ষার মাধ্যম হবে বাংলা।
