২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাব সম্পাদকের ‘অর্থপাচার’ ঠেকাতে উদ্যোগ

দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন যাতে বিদেশি অর্থপাচার করতে না পারেন সেজন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 12:10 AM

Updated : 20 Aug 2022, 02:20 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনের আলোকে স্বাধীনতাবিরোধী মাওলানা আব্দুল মান্নানপুত্রের বৈদেশিক মুদ্রা লেনদেনে নজরদারিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর বাংলাদেশ ব্যাংকের একটি চিঠিতে বাহাউদ্দিনের বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত কার্যক্রম মনিটরিংয়ের তথ্য পাওয়া যায়।

দেশের স্থাবর সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া বিদেশে পাঠানোর সুযোগ না থাকার বিষয় উল্লেখ করা হয় ওই চিঠিতে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিবেদনের আলোকে ‘বাহাউদ্দিন কর্তৃক তার নিজের এবং পৈত্রিক সম্পত্তি বিক্রয়পূর্বক বিক্রয়লব্ধ অর্থ যাতে দেশের ব্যাংকিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে বৈধ ব্যাংকিং কার্যক্রমের আড়ালে বিদেশে প্রেরণ বা পাচার করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তের বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে মনিটরিং এর জন্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হয়েছে।’

সংশ্লিষ্ট বিভাগ বলতে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা অপারেশনস এবং বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগকে চিঠিতে উল্লেখ করা হয়।