২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ দিতে সুপারিশ

অর্থনীতিতে শৃঙ্খলা আনা এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ‌্য অর্জনে দেশীয় উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার সুপারিশ এসেছে ব‌্যবসায়ীদের এক আলোচনা অনুষ্ঠান থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 06:40 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

অনুষ্ঠানে বলা হয়েছে, বাংলাদেশের রক্ষণশীল অর্থনীতির কারণে ভিনদেশের বাজারে বিনিয়োগের সুযোগ রুদ্ধ থাকায় মুদ্রা পাচারের মতো ঘটনা ঘটছে। অর্থনীতির ব্যাপ্তি বাড়ার যে সম্ভাবনা রয়েছে, তাও থেমে আছে।

বৃহস্পতিবার ঢাকার ব্র্যাক সেন্টার ইন-এ ‘ভিনদেশে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম, বাংলাদেশ’।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ার‌ম্যান মজিবুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলাসহ শীর্ষ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে মূল প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। অর্থনীতিকে বড় করে তোলার এই প্রচেষ্টায় সফল হতে হলে বিদেশের বাজারে বিনিয়োগ করা সময়ের দাবি। এদেশের ব্যবসায়ীরা সেই বাস্তবতা মাথায় রেখে বিদেশে বিনিয়োগের জন্য এখন আগ্রহ দেখাচ্ছে।  

২০১৮ সালের মধ্যে বিশ্বব্যাপী এফডিআই বা বিদেশি বিনিয়োগের পরিমাণ এক দশমিক ৮ ট্রিলিয়নে গিয়ে দাঁড়াবে বলে আভাস দিয়ে তিনি বলেন, উন্নত দেশের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান গত শতাব্দির ষাটের দশক থেকে বিদেশি বাজারে বিনিয়োগ শুরু করেছে। এমন কি প্রতিবেশী দেশ ভারতও ১৯৫৬ সালের বিদেশে বিনিয়োগ শুরু করেছে।

“কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। সরকারের নীতিগত বাধা নিষেধের কারণে বাংলাদেশি বিনিয়োগকারীরা বিদেশে বিনিয়োগ করতে পারছে না।”

১৯৪৭ সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনের বিধি অনুযায়ী বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ ছিল। ২০১৫ সালের সেপ্টেম্বরে আইনে সামান্য পরিবর্তন করে বিদেশে বিনিয়োগের দ্বার উন্মোচন করা হয়। তবে বাছাই করা কয়েকটি কোম্পানিই বিনিয়োগের সুযোগ পাচ্ছে।

মুদ্রা পাচার ঠেকাতেও বিদেশে বিনিয়োগের পথ উন্মুক্ত করা প্রয়োজন বলে মনে করেন মার্কেটিংয়ের সহযোগী অধ‌্যাপক ইসমাইল।

তিনি বলেন, “গত চার দশকে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৮০০ মিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব টাকা মালয়েশিয়া, কানাডা, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশে পাচার হচ্ছে।

“অথচ এসব দেশে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ করে দিলে বিদেশি বাজার থেকে উচ্চহারে রিটার্ন পেত বাংলাদেশ। পাশাপাশি পরিবহন খরচ কমা ও বিদেশে দেশীয় জনশক্তির কর্মসংস্থান বাড়তে পারত।”

বাংলাদেশের রিজার্ভ বাড়ার নেতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, এতে মুদ্রাস্ফীতি বাড়ার পাশাপাশি রপ্তানি আয় কমে যাবে। আবার পণ্যের অবমূল্যায়নও হতে পারে।

অন‌্যদিকে ব্যবসার ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিলে বর্তমানে বিদেশে বিনিয়োগকারী বড় কোম্পানিগুলো নিয়মতান্ত্রিক ব্যবসায় আগ্রহ হারাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই শিক্ষক।

এফবিসিসিআই সভাপতি মাতলুব বলেন, “কয়েক বছর আগে প্রধানমন্ত্রী বিদেশে বিনিয়োগের জন্য আমাকে উগান্ডায় পাঠিয়েছিলেন। তখন বিদেশে বিনিয়োগের একটি প্রক্রিয়া শুরু হলেও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দপ্তরের রক্ষণশীল নীতির কারণে সেই প্রক্রিয়া আর এগোয়নি।

“এখন রিজার্ভ নতুন উচ্চতায় পৌঁছেছে বিধায় নতুন করে বিধি প্রণয়ন করে বিদেশে বিনিয়োগের দ্বার উন্মোচনের সময় এসেছে।”

ট্যারিফ কমিশনের সাবেক চেয়ার‌ম্যান মজিবুর বলেন, “বাংলাদেশের মতো এমন ছোট অর্থনীতির দেশে এত বিশাল পরিমাণ রিজার্ভের নেতিবাচক দিকও আছে। বিদেশে বিনিয়োগের মাধ্যমে এই রিজার্ভকে কাজে না লাগালে অর্থনীতিতে বিভিন্ন রকম ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।”

বিদেশি বিনিয়োগের ধারা চালু করতে হলে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে আরও একীভূত ও সুসংহত হতে হবে বলে মত দেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর।

“বিশ্ব অর্থনীতিতে যুক্ত হওয়ার জন্য যে সক্ষমতার দরকার, বাংলাদেশের ব্যবসায়ীদের সেটা নেই, আমি তা বলব না, সেটা আমাদের আছে। কিন্তু এসব সক্ষমতাগুলোকে প্রতিষ্ঠানিকভাবে এখন একীভূত করা যায়নি। এখানে অবিশ্বাসের সমস্যা রয়েছে যেটা টেকনিক‌্যাল কারণে সৃষ্টি। তাই বিদেশি বিনিয়োগের মতো বড় পদক্ষেপে যেতে হলে এই সমস্যার সমাধান করে নিতে হবে।”

কয়েক বছর আগে বিদেশে বিনিয়োগের একটি নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছিল জানিয়ে তিনি বলেন, তখন রিজার্ভ অতটা শক্তিশালী ছিল না। ফলে নানা দিক বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক সেটা আর সামনে বাড়ায়নি।

পুরনো খবর:

বিদেশে বিনিয়োগে সায় দিতে কেন্দ্রীয় ব্যাংককে প্রস্তাব
বিদেশে বিনিয়োগে আগ্রহীদের আশা দিলেন মুহিত