২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকুরিজীবীদের ভিড় আয়কর মেলায়

ছুটির দিন থাকায় জাতীয় আয়কর মেলার চতুর্থ দিনে সরকারি কর্মকর্তাসহ চাকুরিজীবীরা করসেবা নিতে ভিড় জমিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 08:27 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

শুক্রবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্মাণাধীন ভবনে চলমান আয়কর মেলা সরেজমিনে ঘুরে সেবাগ্রহিতাদের কাছ থেকে কিছু অবব্যস্থাপনার অভিযোগ পাওয়া গেল।

এর মধ্যে আলাদা বুধ না থাকায় ভোগান্তির অভিযোগও পাওয়া গেল নারী করদাতাদের কাছ থেকে।

মেলায় টিআইএন নম্বর নেওয়ার বুথে অপেক্ষমাণ চাকুরীজীবী সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে কোনো সিরিয়াল মানা হচ্ছে না।”

মেলায় কর দেওয়া, আয়কর বিবরণী দাখিল, নতুন টিআইন নম্বর খোলা, ই-ফাইলিংসহ (অনলাইনে আয়কর বিবরণী দাখিল) বিভিন্ন ধরনের সেবা দেওয়ার জন্য বুধ রয়েছে।

মেলায় মোট ১৫টি কর অঞ্চলের জন্য নির্ধারিত দুটি বুথ ছাড়াও কর অঞ্চল ৪ ও ৬ এর জন্য অতিরিক্ত চারটি এবং কর অঞ্চল ১১ ও ১৫ এর জন্যে অতিরিক্ত দুটি বুথ নির্ধারিত রয়েছে।

এর মধ্যে কর অঞ্চল ৬, ১১, ১২ ও ৩৪-এর বুথের সামনে অন্যান্য কর অঞ্চল বুথের চেয়ে বেশি ভিড় দেখা যায়।  

চাকুরীজীবীদের জন্য নির্ধারিত বুথ কর অঞ্চল ৩ এর সামনে অপেক্ষমাণ সাবেক ব্যাংক কর্মকর্তা বোরহানউদ্দিন চৌধুরী বলেন, “শুক্রবার বলে চাকুরীজীবীদের জন্য নির্ধারিত কর অঞ্চল বুথের সামনে ভিড় বেশি।”

আয়কর মেলায় কর্মকর্তাদের সহযোগিতার প্রশংসা করে পরে মেলার পরিসর আরও বাড়ানোর কথা বলেন তিনি।

‘যুদ্ধ করতে হইছে রে ভাই’, বলছিলেন সদ্য আয়কর বিবরণী দাখিল করে ভিড় ঠেলে বের হওয়া সাইফুল হক।

মেলায় প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা বুথ থাকলেও নারীদের জন্য না থাকায় তারা ভোগান্তির কথা বললেন।

স্কুল শিক্ষিকা রহিমা খাতুন বললেন, “পুরুষদের সঙ্গে ভিড় ঠেলে আমরা লাইনে দাঁড়াতে পারছি না।”

এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মেলার পরিসর বাড়াবার চেষ্টা করছি। পরের মেলায় অবশ্যই মহিলা করদাতাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।”