২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের স্বার্থে কর ফাঁকি বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী মান্নান

নাগরিকদের কর ফাঁকির প্রবণতা থেকে বের করে আনতে সাংবাদিকদের ‘সক্রিয়তা’ চাইলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, “দেশের উন্নয়নের স্বার্থে সকল নাগরিককে কর ফাঁকির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। কর প্রদানে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

“বর্তমানে আয়কর রিটার্নের জন্য যে ফরম ব্যবহার করা হয় তা বেশ কঠিন। করদাতারা সহজে বুঝতে পারেন না। সরকার সহজ করতে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।”

আয়কর সচেতনতা কর্মশালা ও আয়কর রিটার্ন ফরম পূরণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক ডিআরইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানিয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে মান্নান বলেন, “নতুন ভ্যাট আইন সম্পর্কে মানুষের মাঝে ধোঁয়াশা আছে। আপনাদের লেখনির মাধ্যমে তা পরিষ্কার করে তুলবেন। আপনারা কর দেবেন এবং অন্যদের কর প্রদানে উৎসাহিত করবেন।”

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন বলেন, “আমরা সবাই কর দিতে চাই। এক্ষেত্রে এনবিআরকে মানবিক হতে হবে। বর্তমানে করমুক্ত আয়ের যে সীমা নির্ধারিত আছে, সেই আয়ে জীবন যাপন করা যায় কিনা তা এনবিআরকে বিবেচনা করতে হবে।”

গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, “মানুষ কেনো কর দিতে চায় না, এ বিষয়ে জানতে এনবিআরের গবেষণা সেল উন্নত করা উচিত। একই সঙ্গে এনবিআরের নীতি গ্রহণ সহজ করা দরকার। যাতে সহজে এবং দ্রুত নীতি গ্রহণ করা যায়।”

ডিআরইউ সভাপতির জামাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনবিআর সদস্য (ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন, কর) মীর মুস্তাক আলী, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ডিআরইউ এর অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন‌্যদের মধ‌্যে উপস্থিত ছিলেন ডিআরইউ এর যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহ্দি আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ওসমান গনি বাবুল, শেখ মাহমুদ।