গার্মেন্টের সঙ্গে অন্য শিল্পে নজর দেওয়ার পরামর্শ এডিবির
২০১১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করতে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য শিল্পের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার দুটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বলছে, অবকাঠামোগত উন্নয়ন ও আরও বৈচিত্র্যময় অর্থনীতি বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধি, অর্থবহ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের কাঠামোগত রূপান্তর ত্বরাণ্বিত করতে সহায়তা করতে পারে, যা মধ্য আয়ের অর্থনীতির সঙ্গে সাজুয্যপূর্ণ হবে।
রাজধানীর র্যাডিসন হোটেলে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি, সংস্থার জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ভ্যালেরি মার্সার ব্ল্যকম্যান, প্রবাসী কল্যাণ সচিব বেগম শামসুন নাহার ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধাপক শামসুল আলম বক্তব্য দেন।
‘বাংলাদেশ: কনসোলিডেটিং এক্সপোর্ট-লেড গ্রোথ’ শিরোনামের প্রতিবেদন তুলে ধরে ভ্যালেরি মার্সার ব্ল্যকম্যান বলেন, বাংলাদেশের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দক্ষ জনশক্তি ও অর্থনৈতিক বহুমুখীকরণ প্রয়োজন।
অবকাঠামো তৈরিতে সরকারি-বেসরকারি উভয় খাতের ভূমিকা রাখা দরকার মন্তব্য করে তিনি বলেন, একইসঙ্গে পরিকল্পিত নগরায়ন ও সুষ্ঠু পরিবহণ ব্যবস্থা এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে।
তৈরি পোশাক খাতে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে এডিবির এই অর্থনীতিবিদ বলেন, “পোশাক শিল্পের মধ্যবর্তী ব্যবস্থাপনা এখনও বিদেশিদের দখলে। দক্ষ জনশক্তি না থাকায় এই অংশে বাংলাদেশিরা অংশ নিতে পারছে না। এক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।”
অপর একটি সমীক্ষা প্রতিবেদন তুলে ধরে এডিবির ইকোনমিক রিসার্চ ও আঞ্চলিক সহযোগিতা বিভাগের পরিচালক এডিমন জিনটিং বলেন, গত দশ বছর ধরে প্রধানত তৈরি পোশাক রপ্তানি ও প্রবাসীদের আয় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে বেশি অবদান রেখেছে।
“এমনকি সম্প্রতি বাংলাদেশ যে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে তাতেও এ দুই খাতের উল্লেখযোগ্য অবদান।”
এখান থেকে দেশের অর্থনীতিকে উচ্চ প্রবৃদ্ধির দিকে নিয়ে যেতে হলে নতুন খাত যেমন, হাল্কা প্রকৌশল শিল্প, যন্ত্রপাতি মেরামত, কৃষি উৎপাদন সংরক্ষণে হিমাগারসহ অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
এজন্য সরকারকে নীতি সহায়তা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এডিবির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রিজওয়ানুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে ৮ ভাগ প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারলে দেশের চাহিদা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
“৬ দশমিক ৫ ভাগ প্রবৃদ্ধি হলে ১৮ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়, ৭ ভাগ প্রবৃদ্ধি হলে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়, ৭ দশমিক ৪ ভাগ প্রবৃদ্ধি হলে ২১ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়, আর ৮ ভাগ প্রবৃদ্ধি করতে পারলে দেশের চাহিদা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে।”
বর্তমানে দেশে প্রতিবছর ২৪ লাখ মানুষ চাকরির বাজারে আসছে বলে জানান তিনি।
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য পণ্য যেমন, চামড়া ও চামড়াজাতপণ্য, তথ্য প্রযুক্তি, ওষুধ, কৃষিজাত পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগাতে বলছে এডিবি।
সংস্থাটি বলছে, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক বহুমুখীকরণ করা গেলে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বে। সেইসসঙ্গে কার্যকরী কর্মসংস্থান এবং মধ্য আয়ের দেশে যাওয়া সহজ হবে।
