৬০ লাখ টন এমওপি সার আমদানি হচ্ছে
কয়েকটি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি ভিত্তিতে ৬০ লাখ মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এছাড়া ৫৫ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানিসহ মোট সাতটি ক্রয় প্রস্তাব বুধবার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব ক্রয় প্রস্তাব অনুমোদন পায়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, রাশিয়া ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে চুক্তির আওতায় প্রথম লটে ৩০ হাজার মেট্রিকটন এমওপি সার আমদানির প্রস্তাবে সায় দিয়েছে ক্রয় কমিটি।
“রশিয়া থেকে প্রতি টন ২৩০ দশমিক ৩৭ ডলারে এমওপি (পটাশ সার) সার আমাদানিতে ব্যয় হবে ৫৪ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার টাকা।”
মোস্তাফিজুর জানান, কানাডা থেকে প্রতি টন ২৩০ দশমিক ৩৮ মার্কিন ডলারে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির আরেকটি প্রস্তাব অনুমোদন পেয়েছে, এতে ব্যয় হবে ৫৪ কোটি ৫০ লাখ টাকা।
“একেক দেশের জন্য একেক প্রিমিয়াম (মূল্য) ঠিক হয়েছে। আমদানির সময় এই দরে হেরফের হবে।”
পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে ১৩ লাখ ২২ হাজার ১১১ মেট্রিকটন গ্যাস ওয়েল, এক কোটি ৪১ লাখ ৮০৪ মেট্রিকটন জেট এ-১ ফুয়েল এবং ৬৫ হাজার ৯৮৯ মেট্রিকটন ফার্নেসওয়েল আমদানি করা হবে বলে জানান মোস্তাফিজুর।
জাতীয় রাজস্ব ভবন নির্মাণ প্রকল্পের আওতায় একটি ১২তলা ভবন নির্মাণে দর বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি।
“৯৯ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা চুক্তিমূল্য থাকলেও ১২ কোটি ৭২ লাখ চার হাজার টাকা বেড়ে মোট মূল্য দাঁড়িয়েছে ১১২ কোটি ২১ লাখ টাকা,” বলেন অতিরিক্ত সচিব।
‘পদ্মা নদীর বামতীর সংরক্ষণমূলক কাজ’ প্রকল্পের আওতায় দোহারের আওরঙ্গবাদ থেকে ব্রাহা ঘাট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার নদীর তীর সংরক্ষণে নৌ বাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাস লিমিটেডকে কাজ দিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এতে ব্যয় হবে ১৮৭ কোটি ৯৯ লাখ টাকা।
পানি উন্নয়ন বোর্ডের পানি ভবন নির্মাণ প্রকল্পের আওতায় এই ভবনে চতুর্থ থেকে ১২তলা পর্যন্ত নির্মাণে ১৬০ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার টাকায় কুশলী নির্মাতা লিমিটেডকে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান মোস্তাফিজুর।
তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজশাহী জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ মিটার দৈর্ঘ্যের ২৬ হাজার ৩৮৯টি এসপিসি পোল (খুঁটি) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
পিডিবির অধীন একটি সরকারি প্রতিষ্ঠান থেকে ৭৭ কোটি ৫৪ লাখ টাকায় এসব খুঁটি কেনা হবে বলে জানান অতিরিক্ত সচিব মোস্তাফিজুর।
