২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি এক যুগের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

অর্থবছরের ১১ মাসের হিসেবে মূল্যস্ফীতি আরও কিছুটা কমেছে, গড় মূল্যস্ফীতির হার নেমে এসেছে এক যুগের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 08:13 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) গত মে মাসে মূল্যস্ফীতি ঘটেছে ৫ দশমিক ৪৫ শতাংশ।

এর অর্থ হচ্ছে, গত বছর মে মাসে যে পণ্য বা সেবা কিনতে ১০০ টাকা খরচ হতো; এখন তা কিনতে ১০৫ টাকা ৪৫ পয়সা খরচ হচ্ছে।

এই হিসাবে এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ; মার্চে ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ।

২০১৫ সালের মে থেকে ২০১৬ সালের মে পর্যন্ত এক বছরে গড় মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ। আগের বছর একই সময়ে (মে ২০১৪- মে ২০১৫) এই হার ৬ দশমিক ৪০ শতাংশ ছিল।

সোমবার এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “এই হার এক দশকের মধ্য সর্বনিম্ন।”

মন্ত্রী এক দশকের কথা বললেও বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৯৭ শতাংশের নিচে ছিল এক যুগ আগে, সর্বশেষে ২০০৩-০৪ অর্থবছরে। ওই অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৮৩ শতাংশ। 

 

মে মাসে মূল্যস্ফীতি কমার কারণ ব্যাখ্যা করে মুস্তফা কামাল বলেন, “দেশে বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নিত্য  প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি কমছে।”

আমদানি ও দেশীয় উৎপাদন নিরচ্ছিন্ন থাকার বিষয়টিও সাধারণ মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রেখেছে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী।

চলতি ২০১৫-১৬ অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছিল সরকার। মে মাসের তথ্য অনুযায়ী, এগার মাসে গড় মূল্যস্ফীতি ছয় শতাংশের নিচেই রয়েছে।

অর্থবছর শেষেও মূলস্ফীতি লক্ষ্যমাত্রার ভেতরেই থাকবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। 

মূল্যস্ফীতি (পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে)

খাত

এপ্রিল ২০১৬

মে ২০১৬

সাধারণ

৫.৬১%

৫.৪৫%

খাদ্য

৩.৮৪%

৩.৮১%

খাদ্য বহির্ভূত

৮.৩৪%

৭.৯২%

মুস্তফা কামাল বলেন, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি কমে ৪ দশমিক ৫৯ শতাংশ হয়েছে। এপ্রিলে এ হার ছিল ৪ দশমিক ৭৫।

আর শহর অঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ০৬ শতাংশ। এপ্রিলে তা ৭ দশমিক ২২ শতাংশ ছিল।

মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমার পাশাপাশি মে মাসে মজুরির হার বেড়েছে শতকরা ৬ দশমিক ০৭ শতাংশ। আর এপ্রিলে এ হার ৬ দশমিক ১৩ শতাংশ ছিল।