বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার পদে পরিবর্তন
রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
‘হ্যাকিংয়ের মাধ্যমে’ রিজার্ভ চুরির ঘটনার তিন মাস পর এই পরিবর্তন আনা হল। তবে একে ‘রুটিন পরিবর্তন’ বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের রংপুর কার্যালয়ে বদলি করা হয়েছে।
তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে-২ এর মহাব্যবস্থাপক আজিজুর রহমানকে।
রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন।
‘এটি একটি রুটিন পরিবর্তন’ জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের রংপুর অফিসের জিএম পোস্ট বেশ কিছু দিন ধরে খালি ছিল। ওই খালি জায়গা পূরণের জন্যই ছাইদুর রহমানকে বদলি করা হয়েছে।
“ছাইদুর রহমান ছিলেন স্টেশন সিনিয়ারমোস্ট। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুয়ায়ী, কাউকে বাইরে দিতে হলে তাকে সিনিয়র হতে হয়। কাজী ছাইদুর রহমান অনেকদিন আগে এসেছেন, সে হিসেবে তিনি স্টেশন সিনিয়ারমোস্ট।”
একই কারণে ছয়টি পদে পরিবর্তনও আনা হয়েছে বলে জানান শুভঙ্কর সাহা।
“একটি জায়গা খালি হলে তা পূরণ করতে আরও কিছু পরিবর্তন করতে হয়। সে কারণেই কয়েকটি পরিবর্তন করতে হয়েছে।”
কাজী ছাইদুর রহমান
ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টই বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্বে থাকে।
ছাইদুর রহমান দীর্ঘদিন ধরে এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ২০০৮ সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বর্ণপদক পেয়েছিলেন তিনি।
দেড় দশক আগে ছাইদুর যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল প্রায় দু’শ’ কোটি ডলার, তার দায়িত্ব ছাড়ার সময় তা এখন দুই হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে।
তার দায়িত্ব পালনের মেয়াদে বিশ্ব মন্দার সময়ও কেন্দ্রীয় রিজার্ভ সমৃদ্ধ করা এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল।
গত ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এই অর্থ ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে।
সেখান থেকে সুইফট মেসেজিং সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ শ্রীলঙ্কা ও ফিলিপিন্সের দুটি ব্যাংকে ব্যক্তিগত হিসাবে পাঠানো হয়।
শ্রীলঙ্কায় পাঠানো ২ কোটি ডলার আটকানো গেলেও ফিলিপিন্সে পাঠানো অর্থের অধিকাংশই ব্যাংক চ্যানেল থেকে বেরিয়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ওই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে গভর্নরের পদ ছাড়তে হয় আতিউর রহমানকে। একইসঙ্গে দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি দেয় সরকার।
