রিজার্ভ চুরিতে নাগরিকদের সম্পৃক্ততা নাকচ করল চীন
ভুয়া নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে চীনা হ্যাকারদের হাত থাকতে পারে বলে ঘটনা তদন্তে কাজ করা ফিলিপিন্স সিনেটরের ধারণা নাকচ করেছে চীন সরকার।
ফিলিপিন্স সিনেটের ব্লু রিবন কমিটির শুনানিতে সিনেটর রালফ রেক্তো ব্যাংকিং খাতের অন্যতম বড় এই চুরির ঘটনায় চীনা হ্যাকারদের ‘জড়িত থাকার সম্ভাবনা’ নিয়ে বলার পরদিন বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে দেওয়া এক প্রতিক্রিয়ায় একে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে উড়িয়ে দেন।
ফেব্রুয়ারির শুরুতে চারটি ভুয়া নির্দেশনা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ ফিলিপিন্সের রিজল কর্মাশিয়াল ব্যাংকে পাঠানো হয়। এছাড়া আরেকটি নির্দেশনায় শ্রীলংকায় পাঠানো হয় আরও ২০ মিলিয়ন ডলার।
এই পাঁচটিসহ সুইফট মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে পাঠানো আরও ৩০টি নির্দেশনায় মোট ৯৫১ মিলিয়ন ডলার সরানোর চেষ্টা করেছিল জালিয়াত চক্র। তবে জালিয়াতি টের পেয়ে ফিলিপিন্সে যাওয়া ৮১ মিলিয়ন ছাড়া বাকি অর্থ আটকানো যায়।
আর এই ৮১ মিলিয়ন ফিলিপিন্সের রিজল ব্যাংকের এক শাখার চারটি অ্যাকাউন্ট থেকে ক্যাসিনোর জুয়ার টেবিলে হাতবদল হয়ে দেশটির মুদ্রা ব্যবস্থায় মিশে যায় বলে স্থানীয় পত্রিকাগুলি খবর প্রকাশের পর ঘটনা উদঘাটনে ফিলিপিন্সের মুদ্রা পাচার কর্তৃপক্ষ এবং সিনেট ব্লু রিবন কমিটি কাজ শুরু করে।
রিজার্ভ চুরির পেছনে দুই চীনা জাংকেট অ্যাজেন্ট রয়েছে বলে ইতোমধ্যে সিনেট তদন্তের শুনানিতে দাবি করেছেন ক্যাসিনোর জাংকেট অপারেটর কাম সিং অং ওরফে কিম অং, যাকে রিজল ব্যাংকে ওই চার অ্যাকাউন্ট খোলায় শাখা ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করায় রিজার্ভ চুরির ঘটনায় অন্যতম হোতা বলে সন্দেহ করা হচ্ছিল।
বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজে নামে ওই দুই চীনাই জালিয়াতির ৮১ মিলিয়ন ডলার ফিলিপিন্সে ঢোকায় বলে দাবি করে ম্যানিলায় বসবাসরত চীনা নাগরিক অং বলেন, শুহুয়া গাওয়ের কাছে জুয়ায় ধার দেওয়া ফিলিপিনো মুদ্রায় ৪৫০ মিলিয়ন পেসো বা প্রায় ১০ মিলিয়ন ডলার তিনি পেতেন। ধার উসুল হিসেবে ওই এক কোটি ডলার পরিশোধে গাও তাকে ওই অ্যাকাউন্টগুলো খুলতে বলেছিলেন।
সার্বিকভাবে রিজার্ভ চুরির ঘটনাটি কোনো ফিলিপিনো নয় বরং চীনা হ্যাকারদের কাজ হতে পারে বলে সর্বশেষ মঙ্গলবারের শুনানিতে ধারণার কথা বলেন ব্লু রিবন কমিটির সদস্য সিনেটর রালফ রেক্তো।
“এটা মনে হচ্ছে- তারা ফিলিপিনো হ্যাকার নয়, সম্ভবত চীনা হ্যাকার।”
আর ‘ফিলিপিন্সের ব্যাংকিং সিস্টেম বা অন্তত একটি ব্যাংকের দুর্বলতা’দেখেই হ্যাকাররা জালিয়াতির অর্থ পাচারের জন্য ফিলিপিন্সকে বেছে নেয় বলেও মন্তব্য করেন দেশটির এই সিনেটর।
তবে রিজার্ভ চুরির পেছনে চীনা হ্যাকারদের হাত থাকার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য বা কেন তিনি চীনা হ্যাকারদেরই সন্দেহ করছেন সে বিষয়ে শুনানিতে কিছু বলেননি রেক্তো।
এ বিষয়ে রয়টার্স বুধবার সিনেটর রেক্তোর সাক্ষাৎকারভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করে।
সাক্ষাৎকারে শুনানিতে অংয়ের দেওয়া ‘দুই চীনার নামের সূত্র ধরেই হ্যাকারদের শনাক্ত করা সম্ভব’ বলে মন্তব্য করে সিনেটর রেক্তো বলেন, “সম্ভাবনা হচ্ছে ... তারা অবশ্যই চীনা হবে।”
শুহুয়া গাও এবং ডিং জিজে নামের ওই দুই বাজিকর যেখানেই থাকুক না কেন সিনেটের তদন্ত কমিটি তাদের খুঁজে বের করতে চীন সরকার কাছে সহায়তা চাইতে পারে বলেও যোগ করেন রেক্তো।
এর প্রতিক্রিয়ায় চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাংক চীনা হ্যাকারদের জড়িত থাকার সম্ভাবনাকে ‘সম্পূর্ণ বাজে কথা’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন বলে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়।
সন্দেহভাজন দুই জাংকেট অ্যাজেন্টের মধ্যে ডিং জিজে চীনের দক্ষিণাঞ্চল ম্যাকাওয়ের, যেটি বিশ্বের অন্যতম বড় একটি ক্যাসিনো হাব। চীন সরকার তাদের কোনো নাগরিক হ্যাকিংয়ে জড়িত থাকার সম্ভাবনা নাকচ করলেও সন্দেহভাজন দুই অ্যাজেন্ট ম্যাকাওয়ে ফিরে গেছে বলে সাক্ষাৎকারে ধারণার কথা বলেন ফিলিপিন্সের সিনেটর রেক্তো।
