অর্থমন্ত্রীর সঙ্গে নতুন গভর্নরের সাক্ষাৎ
অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে নতুন গভর্নর ফজলে কবির বলেছেন, আগামী রোববার দায়িত্ব নেবেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার রাতে রাজধানী মিন্টু রোডে আবুল মাল আবদুল মুহিতের সরকারি বাড়িতে যান তিনি।
রিজার্ভের অর্থ চুরির পর দায়িত্ব হারানো আতিউরের পদে আসা ফজলে কবির সাংবাদিকদের বলেন, মন্ত্রীর সঙ্গে এটা ছিল তার সৌজন্য সাক্ষাৎ।
সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ফজলে কবির নিউ ইয়র্কে থাকা অবস্থায় বুধবার অন্য চাকরি ছাড়ার শর্তে গভর্নর পদে তাকে নিয়োগ দেয় সরকার।
সাবেক এই অর্থসচিব বলেন, রোববার সোনালী ব্যাংকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন কর্মস্থলে যোগ দেবেন তিনি।
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি যতটুকু ক্ষুন্ন হয়েছে, তা পুনরুদ্ধারে সচেষ্ট হবেন বলেও জানান ফজলে কবির।
“আপনারা যেটা জানতে চাচ্ছেন যে সংকটের কথা... আপনারা সবাই জানেন সাবেক গভর্নর ফরাসউদ্দিন সাহেবের নেতৃত্বে কমিটি কমিটি হয়েছে, সেই কমিটি তদন্ত করবে, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের একটি নিজস্ব কমিটি আছে, তারাও তদন্ত করছে, এসব তদন্ত রিপোর্ট পেলে তারপরে কাজ হবে।”
কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন বা রিজার্ভ থেকে অর্থ লোপাট বাংলাদেশের ব্যাংক খাতে বড় প্রভাব ফেলবে না বলে মনে করেন নতুন গভর্নর।
“আসলে কেন্দ্রীয় ব্যাংকের আমাদের যে সুনাম ছিল, সেই সুনামটা পুনরুদ্ধার করতে হবে। ভালো রেপুটেশন ছিল বা এখনও আছে। তবে এই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হলে সেই জায়গায় ফিরে আসবে।”
অর্থমন্ত্রীর সঙ্গে কী নিয়ে কথা হল- জানতে চাইলে ফজলে কবির বলেন, “মন্ত্রী মহোদয় গল্প করতে পছন্দ করেন। আমরা অনেক গল্প করলাম। অনেকদিন পরে স্যারের কাছে আসলাম।”
ভোরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছে তিনি তিনি সাংবাদিকদের বলেন, “সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, এ গুরুত্বপূর্ণ দায়িত্ব, এ দায়িত্ব আমি প্রতিপালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।”
গভর্নর হিসেবে প্রথম মিশন কী হবে- এ প্রশ্নে ফজলে কবির বলেন, “প্রথম মিশন তো আপনারা জানেন, এখন যে বিষয়টি রয়েছে.. সম্প্রতি যে বিষয়টি হয়েছে সেটি...।
“আপনারা দেখবেন, তদন্ত কমিটি হয়েছে, ধরে ধীরে রিপোর্টে আসবে। ইতোমধ্যে যে বিপর্যয় হয়ে গেছে, সেজন্য কোনো ড্যামেজ রিপেয়ার করার দরকার আছে কি না... এর পুনরাবৃত্তি যেন না হয় কখনো, সে বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সবাই সচেষ্ট থাকব।”
যুক্তরাষ্ট্রে থাকলেও অর্থ চুরির বিষয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের কারও সঙ্গে কথা হয়নি বলে জানান ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আট কোটি ডলারের বেশি অর্থ ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ লোপাট হয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে মঙ্গলবার গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান।
ওইদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার চার বছরের জন্য চুক্তিতে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
