প্রকল্প ২ মাস আগেই শেষ করল বাংলাদেশ ব্যাংক
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এসএমই খাতের মধ্য ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ উৎসাহিত করার প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
২০১১ সালের মে মাসে ‘ফাইন্যান্সিয়াল সেক্টর প্রজেক্ট ফর দ্য ডেভেলপমেন্ট অব স্মল এন্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস’ শীর্ষক এই প্রকল্পের জন্য সরকার জাইকার সঙ্গে চুক্তি করে। সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি বাস্তবায়ন করছিল।
চুক্তি অনুযায়ী কয়েক ধাপে বাংলাদেশ সরকারকে ৫ বিলিয়ন ইয়েন তহবিল সরবরাহ করে জাইকা।
শূন্য দশমিক শূন্য ১ শতাংশ সুদে ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছর মেয়াদে এসএমই খাতের বিকাশে ব্যবহারের জন্য এই তহবিল দেয় জাপানের সংস্থাটি।
পাঁচ বছর মেয়াদী এই প্রকল্প চলতি বছরের মে মাসে শেষ হওয়ার কথা। এর দুই মাস আগেই বাংলাদেশ ব্যাংক তহবিল ব্যয় করতে পারায় প্রকল্প সমাপ্তি ঘোষণা করা হল।
জাইকার সঙ্গে প্রকল্প শেষ হলেও তহবিল থেকে এসএমই উদ্যোক্তাদের ঋণ বিতরণ অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানান প্রকল্পের পরিচালক বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।
তিনি বলেন, “জাইকার সাথে আমাদের (বাংলাদেশ ব্যাংক) প্রকল্প শেষ হচ্ছে। তবে এই তহবিল থেকে পুনঃঅর্থায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
গ্রাহকরা ২ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ পেয়ে থাকে এই তহবিল থেকে।
তহবিল থেকে দেশের ৫১৩ জন এসএমই উদ্যোক্তা ঋণ নিয়েছে। তাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৭৯টি উৎপাদন খাতের এবং ১২৫টি সেবা খাতের। বাকিগুলো বাণিজ্য খাতের। ঋণ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৫টি ঢাকার। বাকিগুলোর মধ্যে চট্টগ্রামের ২৮টি ও নারায়ণগঞ্জের ১৪টি।
এই প্রকল্পের মাধ্যমে শিল্প ও সেবা খাতের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে অনুষ্ঠানে দাবি করেন স্বপন কুমার।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জাইকার বাংলাদেশ অফিসের প্রধান মিকিও হাতায়েদা, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস, পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল মান্নান, জাপানি দূতাবাসের মিনিস্টার তাকেশি মাতসুনাগাসহ বাংলাদেশ ব্যাংক ও জাইকার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গভর্নর বলেন, “বাংলাদেশ ব্যাংক এসএমই খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। জাইকা কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে সহযোগিতা করেছে। আশা করছি, ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে জাইকা।”
জাইকার বাংলাদেশ অফিসের প্রধান মিকিও হাতায়েদা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন,“বাংলাদেশ এগোচ্ছে। এই এগিয়ে যাওয়ার সহযাত্রী হতে চায় জাইকা।”
