২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট অনলাইন প্রকল্পে সব ব্যাংককে যুক্তের আহ্বান গভর্নরের

‘ভ্যাট অনলাইন প্রকল্পে’ দেশের সব ব্যাংককে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 08:04 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বুধবার ‘ভ্যাট ই-পেমেন্ট, ইনটিগ্রেশন উইথ আইবাস অ্যান্ড আদার কমার্শিয়াল ব্যাংকস’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানোর পাশাপাশি সম্ভব হলে মোবাইল ব্যাংকিংকে এ প্রকল্পে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন গভর্নর।

সেমিনারে ভ্যাট অনলাইন প্রকল্পকে ‘সাইবার অ্যাটাক’ থেকে নিরাপদ করার পরামর্শ এসেছে।

বর্তমানে শুধু সোনালী ব্যাংকে সংগৃহীত ভ্যাটের চালান অনলাইনে জমা হয়ে থাকে।

প্রকল্পটি চালু হলে কর আদায় বাড়বে- সেনিমারে এ আশা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, “এখনও ব্যাংকগুলো জানে না কীভাবে অনলাইন ভ্যাট প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। সেটা ব্যাংকগুলোকে জানাতে হবে।

“একইসাথে মনে রাখতে হবে, আমরা যতটাই ডিজিটাল হচ্ছি ততই সাইবার আক্রমণের ঝুঁকি বাড়ছে। এ ঝুঁকি শুধু আমাদের না। বিশ্বের সকলেরই।”

বিশ্বব্যাংক, আইএমএফ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হ্যাকারদের কবলে পড়ার প্রসঙ্গ তুলে আতিউর রহমান বলেন, “এফবিআই, বিশ্ব ব্যাংক, আইএমএফ সবাই হ্যাক হয়েছে। তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের সব ধরনের নিরাপত্তা ফায়ারওয়াল গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম সাইবার হামলা প্রতিরোধে গুরুত্বারোপ করে বলেন, “সাইবার সিকিউরিটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যত ডিজিটালাইজড হচ্ছি, এই ঝুঁকি তত বাড়ছে। সব ধরনের সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকার ব্যবস্থা নিতে হবে।”

তিনি প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভ্যন্তরীণ পরিচালন ব্যবস্থা সহজ করার পরামর্শও দেন।

আরেক বিশেষ অতিথি কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস আবুল কাশেম ঢাকা একাউন্টস অফিসের মতই বিভাগীয় ও জেলা একাউন্টস অফিসগুলোকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে সংস্থাটির সদস্য মো. ফরিদ উদ্দিন ও ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন।

মাঠ পর্যায়ে ‘অস্পষ্টতা’

অনলাইনের মাধ্যমে মূল্য সংযোজন কর (ভ্যাট) কীভাবে সংগ্রহ হবে সে বিষয়ে ভ্যাট সংগ্রহের দায়িত্বে থাকা এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ধারণা পরিষ্কার নয়।

বুধবার এনবিআরের ভ্যাট অনলাইন বিষয়ক এ সেমিনারে দেওয়া বক্তব্যে দেখা গেছে, কর্মকর্তারা জানেন না অনলাইন ভ্যাট সংগ্রহ পদ্ধতিতে কর অঞ্চলের অর্থনৈতিক কোড কীভাবে ব্যবহার হবে? সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা না থাকলে সিস্টেম সচল রাখার ব্যবস্থা কী? আইবাস প্লাস প্লাস কীভাবে এর সঙ্গে সম্পৃক্ত হবে ইত্যাদি।

এমনকি খোদ কন্ট্রোলার জেনারেল অব একাউন্টসও জানেন না সরকারি হিসাব ব্যবস্থাপনায় ব্যবহৃত আইবাস এই প্রকল্পে কীভাবে সম্পৃক্ত হচ্ছে; যাদের মাধ্যমে ভ্যাটের প্রায় ৩৩ শতাংশ জমা হয়।

২০১২ সালের ২৭ নভেম্বর সরকার নতুন ভ্যাট আইন পাস করে, যা চলতি বছরের ১ জুলাই থেকে অনলাইনে ভ্যাট আদায়ের মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে।

নতুন এ আইন বাস্তবায়নে এনবিআর ‘ভ্যাট অনলাইন’ নামে একটি প্রকল্পও চালু করেছে।

সেমিনারে ঢাকা দক্ষিণের কমিশনার মতিউর রহমান বলেন, “আইনটি বাস্তবায়ন নিয়ে আমরা খুব বেশি আস্থাভাজন হতে পারছি না। কারণ আমাদের অধিকাংশ অফিস ভাড়া বাড়িতে, বিদ্যুৎ সব সময় থাকে না, জেনারেটর নেই। আমরা এখনও জানি না এসবের বিকল্প কী?

“আমার ২৩ বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় দেখেছি, নতুন কিছু বাস্তবায়নে নানা জটিলতা থাকে। এক্ষেত্রেও কি সেদিকে এগোচ্ছি?” বলেন তিনি।

পানগাঁও বন্দরের কমিশনার মুজতবা আলী বলেন, “একেকটি কর অঞ্চলের আলাদা আলাদা অর্থনৈতিক কোড রয়েছে। এখন চালান জমা দেওয়ার ক্ষেত্রে সেই কোড ব্যবহার করা হয়। কিন্তু অনলাইনে ভ্যাট সংগ্রহ শুরু হলে ওই কোড কীভাবে ব্যবহৃত হবে।”

ভ্যাট জমার নির্ধারিত ব্যাংক সোনালী ব্যাংকের চিফ কমার্শিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস বলেন, “গ্রাহকদের জন্য এটি আরও সহজ করা যাবে কীভাবে সেটি আরও পর্যালোচনা করা দরকার।”

এনবিআরের পরিসংখ্যান বিভাগের পরিচালক জাকিয়া সুলতানা বলেন, “আইবাস প্লাস প্লাস চালু হচ্ছে। নতুন এই ব্যবস্থা ভ্যাট অনলাইনে কীভাবে সম্পৃক্ত হবে তা স্পষ্ট না।”

সেমিনারে ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাকির আলী চৌধুরী জানতে চান, ভ্যাট অনলাইন প্রকল্পে দেশের সব ব্যাংককে সম্পৃক্ত করা হবে কি না ?

আরও কয়েকজন কর্মকর্তা জানতে চান, অনলাইনে ভ্যাট জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হলে তা শোধরানোর ব্যবস্থা আছে কি না? অনলাইনে ভ্যাট আদায়ে কি এনবিআর সক্ষমতা অর্জন করেছে- এমন প্রশ্নও আসে দর্শক সারি থেকে।

এসব প্রশ্নের জবাব দেন এবিআর সদস্য (ভ্যাট নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “সক্ষমতা কতটা অর্জন করেছি, তা আমরা জানি। আমরা একটু একটু করে এগোচ্ছি। জুলাইয়ের মধ্যে আশা করি পুরোপুরি সক্ষমতা অর্জন সম্ভব হবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক আমাদের পাশে আছে।”

ভাড়া বাসা, বিদ্যুৎ না থাকা এ কার্যক্রম বাস্তবায়নে সমস্যা না জানিয়ে তিনি বলেন, “আমাদের গ্রাহকরা তাদের ঘরে বসেই কাজটি করতে পারবে। অনলাইন কার্যক্রমের সাথে কমিশনার অফিস বা মাঠ পর্যায়ের অফিসের ভূমিকা বিশেষ নেই।”

জাহাঙ্গীর হোসেন বলেন, “করদাতাদের সেবা আমরা আরও সম্প্রসারিত করতে চাই। সে প্রেক্ষিতে ভ্যাট চালান জমা নেওয়ার জন্য সব ব্যাংক, বিশেষ করে যেসব ব্যাংক অনলাইনে রয়েছে তাদেরকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”