২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অর্থমন্ত্রী মুহিত 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই অনুষ্ঠান হবে।

এরমধ্যে ২৩ ফেব্রুয়ারি হবে সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠকে তারা নিজ নিজ দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন।

একই দিন ইউএনডিপি ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই অর্থনীতি কাঠামো সফল করে তোলার বিষয়টি উপস্থাপন করা হবে।

অর্থমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৈঠকে অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

২৪ ফেব্রুয়ারি মুক্ত আলোচনায় স্থান পাবে ২০৩০ সালের মধ্যে টেকসই অর্থনীতি কাঠামো গড়ে তোলার বিষয়ে সদস্য দেশগুলোর মতামত।

১৯৬৬ সালের ২৪ জানুয়ারি জাতিসংঘের এক্সটেনডেড প্রোগ্রাম অব টেকনিক্যাল অ্যাসিসট্যান্স এবং ইউনাটেড ন্যাশনস স্পেশাল ফান্ডস একীভূত করে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ইউএনডিপি গঠন করা হয়।

বর্তমানে সংস্থাটির সদস্য দেশের সংখ্যা ১৭০।

সোমবার সকালে এমিরেটসের একটি বিমানে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাবেন মুহিত।

১ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।