২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএমে সবার জন্য এক সীমার উদ্যোগ

এটিএম জালিয়াতির মাধ্যমে কয়েকটি ব্যাংকের গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার পর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি লেনদেন ব্যবস্থায় একক সীমা নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 12:28 AM

Updated : 20 Aug 2022, 11:53 AM

পাশাপাশি প্রতি লেনদেনের পর গ্রাহকের মোবাইলে এসএমএসে তা জানিয়ে দিতে ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বুধবার দেশে কার্যরত সব ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে এসব উদ্যোগের প্রস্তাব তুলে ব্যাংকগুলোর মতামত জানতে চান। ব্যাংকগুলোর মতামতের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বর্তমানে একেক ব্যাংকের এটিএমে একেক রকম লেনদেনের সুযোগ রয়েছে।। কোন ব্যাংক একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা তোলা এবং সারাদিনে এক লাখ টাকা তোলার সুযোগ দিয়েছে। আবার কোনো ব্যাংক থেকে এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তোলার সুযোগ রয়ছে। কোনো কোনো ব্যাংকের এটিএম দিয়ে একবারে ২০ হাজার টাকার বেশি তোলারও সুযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা বলেন, “বাংলাদেশ ব্যাংক চাচ্ছে সকল ব্যাংকের ক্ষেত্রে একবারে টাকা তোলা ও সারাদিনে সর্বোচ্চ কত টাকা তোলা যাবে তা একই হবে। তবে সেটা অবশ্যই গ্রাহক স্বার্থ বিবেচনা করে করা হবে। কারণ টাকা কম তোলার ব্যবস্থা হলে ঝুঁকি কম- এটা যেমন সত্য, তেমন গ্রাহকদের সেবাও কমবে।

“আমরা ব্যাংকগুলোর মতামত চেয়েছি। তাদের মতামতের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এছাড়া এটিএম জালিয়াতি রোধে সব এটিএম বুথে এন্টি স্কিমিং ডিভাইস বসানো, এটিএম বুথে কোনো যন্ত্র বসালে সার্ভিস যাতে জ্যাম হয়ে যায় এরকম ডিভাইস বসানো, ব্যাংকগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানো, কর্মকর্তাদের সচেতনতা বাড়ানো, বুথের নিরাপত্তা প্রহরীদের আরও সতর্ক করা, সিসি ক্যামেরা মনিটরিং বাড়ানো, বুথে স্বচ্ছ কাঁচ ব্যবহার করা, কোন মহিলা গ্রাহক হিজাব পরে বুথে টাকা তুলতে আসলে বুথের দরজা খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েকদিনে এটিএম জালিয়াতির মাধ্যমে দেশের চারটি ব্যাংকের ৩৬ জন গ্রাহকের ২০ লাখ ৫৯ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান শুভংকর।

ওই চারটি ব্যাংক হলো- সিটি ব্যাংক, ইউসিবিএল, ইবিএল ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এই চারটি ব্যাংকের কয়েকটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরি করে এই জালিয়াতি করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে আসে।

এভাবে প্রায় ১২ হাজার কার্ডের তথ্য চুরি হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ।

ওই ১২ হাজার কার্ডের লেনদেন বন্ধ রেখে গ্রাহকদের নতুন কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

এই জালিয়াতির ঘটনা কারা ঘটিয়েছে বা কোনো ব্যাংকের কর্মীরা জড়িত কি না জানতে চাইলে শুভংকর সাহা বলেন, “আমরা ভিডিও ফুটেজে ছবি দেখেছি। নাম পরিচয় পাইনি। আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে। আমাদের সহযোগিতা চাইলে করব।

“এখনও পর্যন্ত কাউকে সনাক্ত করা গেছে কি না সে তথ্য আমাদের কাছে নেই।”