র্যাবের প্রস্তাব নাকচ এনবিআরের
ভ্যাট আদায়ে যুক্ত হতে র্যাবের প্রস্তাব ‘গ্রহণযোগ্য কিংবা বিবেচনাযোগ্য’ নয় বলে নাকচ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সংস্থার চেয়ারম্যান নজিবুর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা এনবিআরের সুস্পষ্ট অবস্থান।
“বিদ্যমান আইন অনুযায়ী আমরাই ভ্যাট আদায় করব। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেব।”
মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য পুলিশের বিশেষ শাখা র্যাবের পক্ষ থেকে সম্প্রতি এনবিআরের কাছে একটি প্রস্তাব আসে, যা নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, র্যাবের প্রস্তাবটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও পর্যালোচনা করে দেখেছেন তারা। প্রস্তাবটি গ্রহণযোগ্য এবং বিবেচনাযোগ্য নয় বলে সিদ্ধান্ত হয়েছে।
“প্রচলিত পদ্ধতিতেই ভ্যাট আদায় কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ কিংবা সংশয়ের কোনো অবকাশ নেই।”
এনবিআর দেশের অভ্যন্তরীণ সম্পদের প্রায় ৮৫ শতাংশ আহরণ করে থাকে।
এনবিআর ভ্যাট আদায় ও ভ্যাট ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ভ্যাট ফাঁকি রোধে ভ্যাট গোয়েন্দা ইউনিট কাজ করে।
ভ্যাট আইনের ২৪ ধারায় বলা রয়েছে, চাইলে এনবিআর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে পারবে।
সংস্থার কার্যক্রমে সন্তুষ্ট এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন, প্রচলিত পদ্ধতিতেই ভ্যাট আদায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভ্যাটসহ চলতি ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
চলতি বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ২৪৩ কোটি টাকা।
এর মধ্যে এনবিআরকে এক লাখ ৮২ হাজার ২৪৪ কোটি টাকা আদায় করতে বলা হয়েছে; যার মধ্যে ৬৪ হাজার ২৬৩ কোটি টাকা আদায় করতে হবে ভ্যাট থেকে।
ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধন করে ভ্যাট আদায়ে যুক্ত হতে এনবিআরের কাছে প্রস্তাব দিয়েছিল র্যাব।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের পাঠানো ওই প্রস্তাবে নানা অপরাধ দমনে বাহিনীর ভ্রাম্যমাণ আদালতের অভিযান ‘প্রশংসিত’ হওয়ার কথা উল্লেখ করে বলা হয়, “কিন্তু মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ মোবাইল কোর্ট আইনের তফসিলে অন্তর্ভুক্ত না হওয়ায় ওই আইনে হওয়া অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
“ফলে একদিকে যেমন ভ্যাট ফাঁকির প্রবণতা বাড়ছে, অন্যদিকে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।”
এবিষয় বিবেচনা করে মূল্য সংযোজন কর আইনকে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর তফসিলভুক্ত করার প্রস্তাব দেয় র্যাব, যা হলে তাদের ভ্রাম্যমাণ আদালত ভ্যাট ফাঁকির বিরুদ্ধেও অভিযান চালাতে পারত।
