সোনা চোরাচালান বন্ধে সমন্বিত উদ্যোগ চান রাজ্জাক
বাংলাদেশ সোনা চোরাচালানের রুটে পরিণত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শুল্ক গোয়েন্দাদের পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
তিনি বলেছেন, বিমান বন্দরগুলোতে সোনার যেসব চোরাচালান ধরা পড়ছে তাতে কোনো কৃতিত্ব না দেখে বরং চোরাচালান বেড়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক কাস্টমস দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক মন্ত্রী এ আহ্বান জানান।
প্রতিবছর ২৬ জানুয়ারিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এবছরের কাস্টমস দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ড উন্মুক্ত করা হয়েছে।
রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক বলেন, “প্রায়ই সোনার চোরাচালান ধরা পড়ছে। ৬০০ কেজি ধরেছেন, এটা ফলাও করে বলা হচ্ছে। আমি মনে করি এতে কোনো কৃতিত্ব নেই। কারও ৬০০ কেজি ধরা পড়ছে, আবার ৬ হাজার ধরা পড়ছে না।”
“আমরা কি সোনা চোরাচালানের রুটে পরিণত হয়েছি? এই সোনার চোরাচালান ধরা পড়ায় জাতির গায়ে কালিমা লেপন হচ্ছে; এটা বন্ধ করতে হবে। এজন্য দেশের সকল গোয়েন্দা সংস্থাকে সমন্বিত উদ্যোগ নেবে এটা আশা করছি।”
কাস্টমস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “বদলির বিষয়ে আপনাদের কাজকে গুরুত্ব দিতে হবে, স্টেশন গুরুত্ব দিলে হবে না। সেদিন আমার এক কলিগের (এমপি) কাছে একজন এসেছেন তদবির নিয়ে, তার ঢাকায় বদলি হয়েছে তিনি ঢাকায় আসেবেন না। আমি অবাক, সবাই ঢাকায় আসতে চায়। পরে শুনলাম সেও ঢাকায় আসতে চায়, তবে সেটা কমলাপুর অথবা বিমানবন্দরে। কেন এমন হবে?”
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “রাজস্ব আদায় সহজ করতে এডিআর ব্যবস্থা চালু করলাম। কিন্তু এই সুবিধা ব্যবসায়ীরা বিশেষ গ্রহণ করেনি।”
কেন ব্যবসায়ীরা এই সুবিধা নিচ্ছেন না তা জানতে চেয়ে অর্থমন্ত্রী বলেন, “এই ব্যবস্থায় কী অসুবিধা আছে তা আপনারা এনবিআরকে বলেন। আমি ইতোমধ্যে এডিআর ব্যবস্থা আরও সহজ ও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছি।”
“এছাড়া নতুন শুল্ক আইন আসছে। আগামী মে মাসে আমি সংসদে এই আইন তুলব। আশা করছি ব্যবসায়ীরা স্বঃপ্রণোদিত হয়ে এই আইনে কী পরিবর্তন দরকার তা জানাবেন।”
আগামী মাস থেকে পরবর্তী অর্থবছরের বাজেটের কাজ শুরু হবে জানিয়ে মুহিত বলেন, “আপনারা এখন থেকেই আপনাদের দাবি-দাওয়া জানাবেন।”
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “রাজস্ব আহরণ করতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির মুখে না পড়ে; সহজে কর আদায় করতে হবে। মানুষ কর দিতে আগ্রহী হয় সেই ব্যবস্থা করতে হবে।”
“পাশাপাশি এও মনে রাখতে হবে যারা কর দেয় শুধু তাদের থেকেই কর আদায় করলে হবে না, করের আওতা বাড়াতে হবে।”
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান বলেন, “বিশ্ব উৎপাদন কাঠামো ও মুদ্রা বাজার গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বের প্রধান প্রধান মুদ্রার বিনিময় হার আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে। এরকম সময় বিনিয়োগকারিরা সোনায় বিনিয়োগ করে। এজন্য এই ধাতুর চোরাচালান বাড়তে পারে।”
“এছাড়া আমাদের পাশের দেশ ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে, এটাও একটা কারণ হতে পারে।”
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলেন, “দেশের অর্থনীতিতে এখন দুটো বিষয় ক্যান্সারের মত কাজ করছে। এর একটি হচ্ছে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ। আরেকটি হচ্ছে ব্যবসায়ীদের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের ৩১ হাজার কোটি টাকার পাওনার দাবি।”
“ব্যবসায়ীরা বলছে রাজস্ব বোর্ড যে কর ধরে হিসাব করছে সেটি ঠিক না, আর রাজস্ব বোর্ড বলছে কর হার আরও বেশি। আরেকটি সমস্যা হচ্ছে আমরা (ব্যবসায়ীরা) যে এইচএস কোডে হিসাব করছি এনবিআর হিসাব করছে অন্যটি ধরে।”
এফবিসিসিআই সভাপতি বলেন, “এজন্য আমি বলব ব্যবসায়ীরা আগে থেকে বলবে আমি এই পণ্য আনব, আর আপনারা(এনবিআর) আগেই বলে দেবেন কার কত শুল্ক। একটা ইমপোর্ট অ্যাসেসমেন্ট ব্যবস্থা থাকতে হবে।”
ব্যবসায়ীদের কর ফাঁকির ঘটনা ধরা পড়লে লজ্জা লাগে উল্লেখ করে নিটল গ্রুপের চেয়ারম্যান বলেন, “কন্টেইনারের মধ্যে মার্সিডিজ গাড়ি ধরা পড়ছে। ঘোষণা ছাড়া এসব গাড়ি আসছে। এতে লজ্জা লাগে। কোন না কোন ব্যবসায়ীর নামেই তো আসে। আপনারা যারা বেশি আয় করেন, এ ধরনের গাড়ি চালাতে চান তারা বেশি কর দিয়ে আনবেন।”
মুক্ত আলোচনায় ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মো. ফরিদ বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথাসময়ে পণ্য ছাড় না হওয়া ও অব্যবস্থাপনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।”
বিকেএমইএর সাবেক সহ-সভাপতি মো. হাতেম বলেন, “বিদেশি ক্রেতা কোনো কারণে পণ্য না নিলে ফেরত আসা কন্টেইনার ছাড় করাতে বন্দরে অনেক জটিলতায় পড়তে হয়।”
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান প্রতিবছরের পরিবর্তে দুই বছর পরপর নিরীক্ষা করার দাবি জানান।
করের হার না বাড়িয়ে আওতা বাড়ানোরও পরামর্শ দেন তিনি।
