জোয়ারে ভাসা থেকে মুক্তি মিলছে মংলার
জলোচ্ছ্বাস এবং মংলা-পশুর নদীর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া থেকে মংলা পৌরবাসীকে রক্ষায় ৬৮ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকল্পের আওতায় পৌরসভার রাস্তা-ঘাট নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে তিনটি স্লুইচ গেইট।
মংলা নদীর দুই পাড়ে বেড়ি বাঁধের উপর ৬ ও ৫ কিলোমিটার মোট ১১ কিলোমিটার মেরিন ড্রাইভ রোড নির্মাণের কাজ চলছে।
আগামী বছরের মধ্যে এর পুরো কাজ শেষ হবে বলে মনে করছেন পৌরসভার মেয়র জুলফিকার আলী।
খুলনা শহর থেকে ৪৮ কিলোমিটার দূরের এই পৌরসভা উন্নয়নে নেওয়া এই প্রকল্পের মোট ব্যয়ের ৮০ শতাংশ অর্থই যোগান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। বাকিটা সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হচ্ছে।
১৮ ডিসেম্বর প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ কাজ চলছে। বন্যা, জলোচ্ছ্বাস বা ঘন বৃষ্টিতে রাস্তা যাতে নষ্ট না হয় সেজন্য কংক্রিট দিয়ে রাস্তা তৈরি করছেন শ্রমিকরা।
২০১৬ সালের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন এই প্রকৌশলী।
মেয়র জুলফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছায়া সুনিবিড়, শান্ত এলাকা মংলা পৌরসভা। কিন্তু মংলা ও পশুর নদীর জোয়ার-ভাটায় বদলে যায় এখানকার চেহারা। দিনে রাতে দুইবার জোয়ারের পানিতে তলিয়ে যায় এখানকার অধিকাংশ রাস্তাঘাট। মানুষের দুর্ভোগের সীমা থাকে না।
“কিন্তু তিনটি স্লুইচ গেইট নির্মাণ করায় এখন জোয়ারের প্লাবন থেকে মুক্তি পাবে দেশের গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক বন্দর শহর মংলা পৌরসভা।”
নদীর দুই পাড়ে মেরিন ড্রাইভ সড়ক দুটি নির্মাণে জলোচ্ছ্বাস হলে পানি শহরে ঢুকতে পারবে না বলে জানান মেয়র।
১৯৭৫ সালের ডিসেম্বর মাসে বাগেরহাটের প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে মংলা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এক লাখ ১০ হাজার মানুষের বসবাস এই শহরে।
“পুরো প্রকল্পটি বাস্তবায়িত হলে জোয়ারের পানি আর ঢুকতে পারবে না।”
মেয়র জুলফিকার আলী বলেন, ১৯৭০ সালে মংলা নদী দিয়ে জাহাজ আসত। জলবায়ু পরিবর্তনের ফলে এ নদী নাব্য হারিয়েছে। ফলে নদীর পানি উপচে মংলা শহরের প্রবেশ করছে।
“এই প্রকল্পের ফলে এখন জোয়ারের পানির অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে মংলাবাসী।”
এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ওলেগ তনকনোজেনকভ বলেন, “প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি দেখে আমি খুশি। এ প্রকল্পে অর্থায়ন করে এডিবি মোংলা পৌরসভার উন্নয়নে অংশীদার হয়ে রইল।”
