২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫: কতোটা এগিয়েছে অর্থনীতি?

বিশ্ব ব্যাংকের খাতায় নিম্ন মধ্যম আয়ের কাতারে নাম উঠেছে, সামষ্টিক অর্থনীতিতে ‘স্থিতিশীলতা’ বজায় থাকায় নানা ফোরামে মিলেছে ঢালাও প্রশংসা; আর দেশে সরকারি চাকুরেদের বেতন বেড়ে হয়েছে দ্বিগুণ।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 01:21 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

২০১৫ সালে সত্যিই কতোটা এগিয়েছে বাংলাদেশের অর্থনীতি?

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় গত একটি বছরে মূল্যস্ফীতি পাগলা ঘোড়া হয়ে উঠতে পারেনি, বছরের শেষে এসে রপ্তানি আয়েও লেগেছে স্বস্তির হওয়া।

পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে মারার নিষ্ঠুর আতঙ্ক নিয়ে বছর শুরু হলেও বাকি দুই তৃতীয়াংশ সময় স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অর্থনীতিকে বেড়ে ওঠার অনুকূল পরিবেশই দিয়েছে।

তারপরও বাংলাদেশ গেলবছর অর্থ-বাণিজ্যের বিচারে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

Image
এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

 

ফেলে আসা একটি বছরের দিকে তাকিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি বলব, আগের বছরের মতোই আছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। গত এক বছরে খুব বেশি উন্নতি হয়েছে সেটা বলা যাবে না।”

২০১৪ সাল ছিল দশম জাতীয় সংসদ নির্বাচনের বছর। বাংলাদেশের অর্থনীতি মোটামুটি  ‘স্বস্তি’র নিয়েই ওই বছরটি পার করতে পেরেছিল, যদিও তাতে কাঁটা হয়ে ছিল বিনিয়োগের খরা।

এরপর পেরিয়ে গেছে আরও এক বছর। অর্থনীতির প্রধান সূচকগুলোতে বড় ধরনের অবনতি কোথাও না হলেও কয়েকটি খাতের দুর্বলতা ও সন্তোষজনক অগ্রগতি পেতে  ব্যর্থতায় সার্বিক উন্নতির গতিও শ্লথ হয়ে গেছে বলে মনে করছেন মির্জ্জা আজিজ।   

# প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। গত অর্থবছরে প্রায় ৮ শতাংশের মতো প্রবৃদ্ধি হলেও চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত সময়ে তা দশমিক ৬৮ শতাংশ কম এসেছে।

# পিক মৌসুমে চাহিদা বেশি থাকায় এখন পর্যন্ত রপ্তানি আয়ে ৭ শতাংশের মতো প্রবৃদ্ধি হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন মির্জ্জা আজিজুল ইসলাম।

# বেসরকারি খাতে ঋণ প্রবাহও সন্তোষজনক অবস্থায় নেই। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ১৬ শতাংশের বেশি ঋণ প্রবাহের ঘোষণা দেওয়া হলেও সেটি অর্জিত হচ্ছে না।

# ভালো নেই শিল্প খাতও। শিল্পের কাঁচামাল আমদানি কমেছে।

সব মিলিয়ে বিদায়ী বছরে বিনিয়োগে ‘কাঙ্ক্ষিত উদ্দীপনা’ দেখতে পাচ্ছেন না সাবেক এই উপদেষ্টা।

“আমি বলব, চলতি ২০১৫-১৬ অর্থবছরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা অর্জনের আশা কম। আর তা হলে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যগুলোও অর্জন হবে না।”

অর্থনীতির অন্য কয়েকটি সূচকে আগের বছরের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। তবে তা আবার নির্ভর করছে অন্য কোনো নিয়ামকের ওপর, যার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেই।  

# মূল্যস্ফীতি এখন স্থিতিশীল। তবে অর্থনীতির এ সূচকে স্বস্তি এসেছে বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম কম থাকার কারণে।

# তেলের দাম ৩৫/৩৬ ডলারে নেমে এসেছে। ফলে তেল আমদানিতে সরকারের ব্যয় হচ্ছে আগের তুলনায় অর্ধেক। এখন আর সরকারকে তেলে ভর্তুকি দিতে হয় না। উল্টো মোটা অংকের মুনাফা হচ্ছে।

# বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর পেছনেও মূল ভূমিকা রেখেছে তেলের দাম। তেল আমদানির খরচ কমায় বিদেশি মুদ্রা ধরে রাখতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক।

# এর বাইরে কৃষিতে ধারাবাহিকভাবে ভালো ফলন বাংলাদেশের অর্থনীতিতে ‘মঙ্গল’ বয়ে এনেছে বলে মনে করেন আজিজুল ইসলাম।

“বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে যে স্বস্তি সেটা জ্বালানি তেলে কম খরচের কারণেই। এ খাতে যে সাশ্রয় হচ্ছে সেটা দিয়েই পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের খরচসহ অন্যান্য খরচ মেটাতে পারছে সরকার।”

বিনিয়োগ

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমেই মূলত সরকারি বিনিয়োগ হয়। কিন্তু চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) যে তথ্য পাওয়া গেছে তাকে সন্তোষজনক বলা যাবে না।

এই পাঁচ মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ১৭ শতাংশ; যা গত দুই অর্থবছরের একই সময়ের চেয়ে কম।

এডিপি বাস্তবায়নে ধীর গতির জন্য চলতি (২০১৫-১৬) অর্থবছরের প্রথম তিন মাসে বৃষ্টিকে দুষেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এক সংবাদ সম্মেলনে এডিপি বাস্তবায়নের তথ্য তুলে ধরে তিনি বলেন, “প্রথম তিন মাসে তীব্র বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে রাস্তা-ঘাটসহ উন্নয়ন কাজ বিঘ্নিত হয়েছে। এই কারণেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি কিছুটা ধীর।”

জানুয়ারি থেকে এডিপি বাস্তবায়নের গতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গত ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ২০ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল। তার আগের অর্থবছরের একই সময়ে বাস্তবায়িত হয়েছিল ১৯ শতাংশ।

অন্যদিকে গত অর্থবছর এই সময়ে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ছিল মোট ঋণের ১৩ দশমিক ১৯ শতাংশ। চলতি বছরের অক্টোবর পর্যন্ত হিসাবে এই হার প্রায় সেই জায়গাতেই আছে- ১৩ দশমিক ২২ শতাংশ।

 

মূল্যস্ফীতি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সালে অর্থনীতির অন্যতম প্রধান সূচক মূলস্ফীতি সহনীয় পর্যায়েই ছিল।

সর্বশেষ নভেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ০৫ শতাংশে নেমে এসেছে।

অর্থাৎ গত বছরের নভেম্বর মাসে যে পণ্য বা সেবা কিনতে ১০০ টাকা খরচ হতো; এখন তা কিনতে ১০৬ টাকা ০৫ পয়সা খরচ হচ্ছে। অক্টোবর মাসের মূল্যস্ফীতি ৬ দশমিক ১৯ শতাংশ ধরে এই খরচ ছিল ১০৬ টাকা ১৯ পয়সা।

গত এক বছরে (২০১৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের নভেম্বর) গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ২ শতাংশ, যা আগের এক বছরে ছিল ৭ দশমিক ১০ শতাংশ।

 

রিজার্ভ

অর্থনীতির সূচকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বিদেশি মুদ্রার মজুদ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রিজার্ভে ছিল ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

গত বছরের একই দিনে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ণ ছিল ২২ বিলিয়ন ডলারের কিছু বেশি।

২০০৯ সালের ১০ ডিসেম্বর রিজার্ভে ছিল ১০ বিলিয়ন ডলার। ২০১৩ সালের এপ্রিল মাসে তা ১৫ বিলিয়ন ডলারে পৌঁছায়। ২০১৪ সালের এপ্রিলে রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়ায়।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের হাতে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রা মজুদ থাকতে হয়।

রেমিটেন্স

গত অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও এবার তাতে ভাটা পড়েছে।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৬১৭ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ৬৮ শতাংশ কম।

২০১৪-১৫ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রপ্তানি

গত অর্থবছরে ৩১ দশমিক ২ বিলিয়ন ডলারের রপ্তানি আয় দেশে এসেছিল। ওই অংক ছিল আগের বছরের চেয়ে ৩ দশমিক ৩৫ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ১২ দশমিক ৮৮ বিলিয়ন ডলার আয় করেছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৭১ শতাংশ বেশি।

সর্বশেষ নভেম্বর মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ।

আমদানি

আমদানি খাতে ব্যয় কমেছে। ২০১৪-১৫ অর্থবছরে যেখানে এ খাতে ব্যয় ১১ দশমিক ২৬ শতাংশ বেড়েছিল, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে সেখানে ২ দশমিক ৩ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মূলত জ্বালানি তেল আমদানিতে খরচ কমায় সামগ্রিক আমদানি ব্যয় কমেছে।

গত ২০১৪-১৫ অর্থবছরে জ্বালানি তেল আমদানিতে এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ ২০ শতাংশের মতো কমেছিল। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) কমেছে প্রায় ৫০ শতাংশ।

আমদানি কমায় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) বড় উদ্বৃত্ত ধরে রেখেছে বাংলাদেশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসের হিসাবে, অর্থ্যাৎ জুলাই-অক্টোবর সময়ে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩ কোটি ৬০ লাখ ডলার। ২০১৪-১৫ অর্থবছরের এই সময়ে ১৩ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।

রাজস্ব আদায়

সামষ্টিক অর্থনীতির আরেক গুরুত্বপূর্ণ সূচক রাজস্ব আয়। ১ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকার বিশাল আয়ের লক্ষ্য পূরণে প্রথম প্রান্তিকে বড় ঘাটতি কাটিয়ে নভেম্বরে এসে প্রায় ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

নতুন বছরে কার্যকর হবে সংশোধিত মূল্য সংযোজন কর আইন। অনলাইনে কর এবং মূসক দেয়ার সুবিধাও পাবেন করদাতারা। সব মিলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

সংবাদ সম্মেলন করে তিনি ঘোষণা দিয়েছেন, “উচ্চাভিলাষী হলেও লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জিত হবে।”

২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আদায়ে ১৩ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

Image
কৃষি ঋণ কমেছে: বাড়ানোর তাগাদা গভর্নরের

কৃষি ঋণ কমেছে: বাড়ানোর তাগাদা গভর্নরের

কৃষি

বরাবরের মতো অর্থনীতিতে সুখকর অবস্থা তৈরির ভিত মজবুত করে চলেছে কৃষি। শষ্য উৎপাদন এবং কৃষির বিভিন্ন খাত-উপখাত সব ক্ষেত্রেই ভালো করেছে বাংলাদেশ।

কৃষিখাতে ২০১৫ সালে বেশ কয়েকটি ভালো খবর এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র কাছ থেকে। ফল উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষে। আম এবং পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান যথাক্রমে সপ্তম ও অষ্টম।

২০২২ সালে মাছ উৎপাদনে যে চারটি দেশ ভালো করবে- সেই সম্ভবনার তালিকাতেও আছে বাংলাদেশের নাম। এফএও’র সহযোগিতায় সবচে বড় চেইন ওয়ালমার্টে আম রপ্তানি শুরু হয়েছে এ বছরই।

মাছ নিয়ে গবেষণাকারী আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশ বলেছে, যে ১১টি দেশে ইলিশ মাছ পওয়া যায় বাংলাদেশ বাদে বাকি সব দেশেই ইলিশের উৎপাদন কমেছে।

বহুমুখী প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে এমন একটি নতুন ধানের জাত উদ্ভাবনের কথা জানিয়েছে ধান গবেষণার আন্তর্জাতিক প্রাতষ্ঠান ইরি।

২০১৫ সালেই বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জিংক সমৃদ্ধ ধানের নতুন জাত ব্রি-৭২ এর বীজ ছেড়েছেন বাজারে। চাল আমদানি নিরুৎসাহিত করতে দুই দফায় ২০ শতাংশ শুল্ক বসানোও একটা গুরুত্বপূর্ণ ঘটনা।

অবশ্য নিম্ন মানের গম আমদানির অভিযোগ নিয়েও সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে এ বছর।

পুরনো খবর:

অর্থনীতির ‘স্বস্তিতে’ বিনিয়োগের কাঁটা
বাংলাদেশের প্রবৃদ্ধি বিস্ময়কর: কৌশিক বসু