২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতির ‘স্বস্তিতে’ বিনিয়োগের কাঁটা

রাজনৈতিক সংঘাতময় বছর পেরিয়ে নির্বাচনের পর ‘স্বস্তি’র একটা বছর পার করলেও তার কোনো প্রভাব অর্থনীতির প্রধান সূচক বিনিয়োগে পড়েনি।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 11:51 AM

Updated : 13 Oct 2022, 12:58 PM

‘যে তিমিরে ছিল, সেই তিমিরেই’ আটকে আছে বিনিয়োগ। বেসরকারি বিনিয়োগের পাশাপাশি সরকারি বিনিয়োগও বাড়েনি।

আর এটাকেই ‘এই মুহূর্তে’ বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যা বলে মনে করছেন অর্থনীতির দুই বিশ্লেষক এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও জায়েদ বখত।

রাজনীতিতে স্থিতিশীলতা থাকলেও বিনিয়োগ স্থবিরতার কারণে ২০১৪ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য খুব একটা ‘ভালো’ বছর ছিল না বলে মন্তব্য তাদের।

আর এ কারণেই এবারও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশেই আটকে থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন এই দুজন।

তবে মূল্যস্ফীতি, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, বিদেশি মুদ্রার মজুদসহ অর্থনীতির অন্য কয়েকটি সূচক ‘ভালো’ বলে মূল্যায়ন তাদের।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিনিয়োগ স্থবিরতার কথা স্বীকার করেছেন।

Image
এনএসসি সম্মেলন কেন্দ্রে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরার অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনএসসি সম্মেলন কেন্দ্রে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরার অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তবে তার মতে, গত এক বছরে দেশে বিনিয়োগের একটি আবহ তৈরি হয়েছে। ব্যবসায়ী-শিল্পপতিদের মধ্যে আস্থা ফিরে এসেছে। বিদ্যুৎ-গ্যাস সমস্যার অনেকটাই সমাধান হয়েছে।

রাজনীতিতে ‘স্বস্তি’ থাকলে বিনিয়োগ ‘অবশ্যই’ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী।

সংসদ নির্বাচন নিয়ে চরম রাজনৈতিক অনিশ্চয়তা দিয়ে শুরু ২০১৪ সাল। ৫ জানুয়ারি নির্বাচন আদৌ হবে কি না? হলেও অন্যতম প্রধান দল বিএনপির বর্জনের কারণে একতরফা নির্বাচনের মাধ্যমে আসা সরকার গ্রহণযোগ্য হবে কি?

এরকম হাজারো প্রশ্ন নিয়ে শুরু করা বছরের অর্থনীতিতে একটুও আঁচও লাগেনি এসবের। বরং সামষ্টিক অর্থনীতির কোনো কোনো জায়গায় আগের চেয়ে শক্তিশালী হয়েছে। গত তিন বছরের ধারাবাহিকতায় কমেছে মূল্যস্ফীতি। বেড়েছে রেমিটেন্স। ব্যাংক থেকে কম ঋণ নিয়েছে সরকার।রাজস্ব আদায় বেড়েছে। প্রবৃদ্ধি কম হলেও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা ধরে রেখেছে বাংলাদেশ।

তবে সব কিছুকেই ছাড়িয়ে গেছে বিদেশি মুদ্রার সঞ্চায়ন। বাংলাদেশের বিদেশি মুদ্রার মজুদ এখন ২২ বিলিয়ন ডলারের বেশি, যা পাকিস্তানের রিজার্ভের চেয়ে প্রায় দ্বিগুণ; শ্রীলংকার তিন গুণ। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের রিজার্ভ দ্বিতীয়, ভারতের প্রথম।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজ বিদায়ী ২০১৪ সালের অর্থনীতির হালচাল বিশ্লেষণ করতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার চোখে অর্থনীতির ভালোর চেয়ে খারাপ দিকগুলোই বেশি ভাসছে। এ কথা ঠিক যে মূল্যস্ফীতি কম, রিজার্ভ বেশি। তবে রিজার্ভ ‘বালিশের নিচে’ থাকার মতো অবস্থা হয়েছে। এটা উৎপাদনমুখী কোনো কাজে আসছে না।

“যেটা কোনো কাজে আসে না সেটা বেশি থেকেই বা লাভ কী?”

‘রাজনীতিতে স্থিতিশীলতা বিরাজ করলেও ২০১৪ সাল অর্থনীতির জন্য খুব একটা ভালো ছিল না’ মন্তব্য করে মির্জ্জা আজিজ বলেন, “ব্যাংকিং খাতের অবস্থা খারাপ। খেলাপি ঋণ বাড়ছেই। এডিপি বাস্তবায়নের অবস্থাও খারাপ। ফরেন এইডও কমছে।”

কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “এ কথা ঠিক যে, গত এক বছর দেশে হরতাল-অবরোধ হয়নি। তবে অনিশ্চয়তা কিন্তু সব সময়ই ছিল। এছাড়া গ্যাস-বিদ্যুৎ, রাস্তা-ঘাটসহ অবকাঠামো সমস্যাও ছিল। এ সব কারণে বিনিয়োগকারীদের মধ্যে পুরোপুরি আস্থা ফিরে আসেনি।”

তিনি বলেন, শুধু বেসরকারি খাতে নয়, সরকারি খাতের বিনিয়োগও বাড়েনি। চলতি অর্থবছরের পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) হিসাবে মোট এডিপির মাত্র ২১ শতাংশ বাস্তবায়িত হয়েছে। গতবারও এই সময়ে এ হার একই ছিল।

ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অলস অর্থ পড়ে আছে। বিনিয়োগ হচ্ছে না। সে কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহও বাড়েনি।

“বিনিয়োগ না বাড়লে অর্থনীতি এগোয় না- অর্থনীতির মূল কথা এটিই। সে কারণেই আমি বলছি- প্রবৃদ্ধি যেটা সেটা গত বছরের মতই থাকবে। অর্থাৎ গত অর্থবছরে যেমন ৬ শতাংশের একটু বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল চলতি ২০১৪-১৫ অর্থবছরেও সেরকমই হবে।।”

মির্জ্জা আজিজের মতে, এ বছর রাজনৈতিক ‘স্বস্তি’ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

রাজনৈতিক ‘উত্তাপের’ আভাস থাকায় ২০১৫ সাল কেমন কাটবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসির সাবেক এই চেয়ারম্যান।

Image
জায়েদ বখত (ফাইল ছবি)

জায়েদ বখত (ফাইল ছবি)

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত অবশ্য হতাশার পাশাপাশি আশার কথাও শুনিয়েছেন।

‘অর্থনীতিতে মিশ্র অবস্থা বিরাজ করছে’ বলে মনে করছেন তিনি।

এ বছরের অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরে তিনি বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, রেমিটেন্স ভালো, রিজার্ভে রেকর্ড। রানা প্লাজা, তাজরিন গার্মেন্টসে ভয়াবহ দুর্ঘটনার পরও কিন্তু আমরা রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রেখেছি। রাজস্ব আদায় পরিস্থিতিও খারাপ না। আমদানিও বাড়ছে এখন।”

আর নেতিবাচক দিকগুলো নিয়ে তিনি বলেন, “বিনিয়োগ হচ্ছে না। স্থবির হয়ে আছে অর্থনীতির অন্যতম প্রধান এই সূচক। বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ছে না। এডিপি বাস্তবায়ন হতাশাজনক।”

এ কারণেই অর্থনীতিতে ‘মিশ্র অবস্থা’ চলছে বলে মনে করেন তিনি।

তবে বিশ্ব বাজারে জ্বালানি তেল ও খাদ্য পণ্যসহ অন্যান্য পণ্যের দাম কিছুটা কমায় বাংলাদেশের অর্থনীতিতে আরেকটি ‘স্বস্তি’ এসেছে মন্তব্য করে অগ্রণী ব্যাংকের চেয়ারমান জায়েদ বখত বলেন, “পদ্মা সেতু, মেট্রো রেল, ঢাকা চট্টগ্রাম চার লেন, গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো প্রকল্পগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে বিনিয়োগ নিয়ে যে দুশ্চিন্তা সেটা আর থাকবে না।”

সরকারি-বেসরকারি খাত মিলে এ বিষয়গুলোর দিকেই ‘বিশেষ গুরুত্ব’ দেওয়ার পরামর্শ দেন অর্থনীতির এই গবেষক।

বিনিয়োগ

বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপির মাধ্যমেই মূলত সরকারি বিনিয়োগ হয়ে থাকে। কিন্তু চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) যে তথ্য পাওয়া গেছে তা মোটেই সন্তোষজনক নয়।

১৪ ডিসেম্বর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলন করে এডিপি বাস্তায়নের যে তথ্য প্রকাশ করেছেন তাতে দেখা যায়, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপির ২১ শতাংশ বাস্তবায়িত হয়েছে। গত ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ২০ শতাংশ।

তবে পরিকল্পনামন্ত্রীর এডিপি বাস্তবায়নের এই তথ্য নিয়েও বিভ্রান্তি দেখা দিয়েছে। এই প্রথমবারের মত ‘থোক বরাদ্দ’ বাদ দিয়ে এডিপি বাস্তবায়নের হিসাব প্রকাশ করেছেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী যে তথ্য দিয়েছিলেন, সেটির সঙ্গে মিল নেই পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত তথ্যের।

আইএমইডির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ২০ শতাংশ।

প্রকল্প নজরদারি ও তদারক করে আইএমইডি। প্রতি মাসে আইএমইডি বাস্তবায়ন হার প্রকাশ করে থাকে। এবারই প্রথম পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন করে মাসওয়ারি এডিপির বাস্তবায়ন চিত্র প্রকাশ করলেন।

এবার বিশেষ সহায়তা ও থোক বরাদ্দসহ মূল এডিপির আকার হলো ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। এর মধ্যে বিশেষ সহায়তা ও থোক বরাদ্দের পরিমাণ চার হাজার ৪৯৭ কোটি টাকা।

প্রতি মাসে মূল এডিপি ধরেই বাস্তবায়ন হার হিসাব করা হয়। কিন্তু পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে এডিপি বাস্তবায়নের যে হার প্রকাশ করেছিলেন, সেখানে থোক বরাদ্দের অর্থ বাদ দেওয়া হয়েছে। থোক বরাদ্দ বাদ দিয়ে এডিপির আকার ধরা হয়েছে ৭৫ হাজার ৮১৮ কোটি ৯৬ লাখ টাকা। আর আলোচ্য সময়ে খরচ হয়েছে ১৫ হাজার ৮৯৭ কোটি টাকা। সেই হিসাবে বাস্তবায়ন হার ২১ শতাংশ হয়।

আর আইএমইডি যে বাস্তবায়ন হার প্রকাশ করেছে, সেখানে এডিপির আকার ৮০ হাজার ৩১৫ কোটি টাকা ধরা হয়েছে।

অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়নে মন্থর গতি নিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আসলে সারা বছর ধরেই হয়। ঠিকাদাররা বছরের শেষ দিকে এসে বিল সাবমিট করে। সে কারণে অর্থবছরের শেষ তিন মাসেই অধিকাংশ বিল শোধ করা হয়।”

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জেইডি) সরকারের এক বছর পুর্তি উপলক্ষে অর্থনীতির হালচাল নিয়ে যে প্রতিবেদন তৈরি করেছে তাতে বলা হয়েছে, ২০১৪ সালে দেশে বিনিয়োগের পরিমাণ জিডিপির ২৮ দশমিক ৬৯ শতাংশে গিয়ে দাঁড়াবে। ২০১৩ সালে এই হার ছিল ২৮ দশমিক ৩৯ শতাংশ।

অন্যদিকে গত অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবাহ হয়েছিল ১২ দশমিক ২৭ শতাংশ। চলতি বছরের অক্টোবর পর্যন্ত হিসাবে এই হার তার থেকেও কম ১২ দশমিক ১২ শতাংশ।

মূল্যস্ফীতি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ছয় মাস ধরে মূল্যস্ফীতি নিম্নমুখী।

সর্বশেষ নভেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ২১ শতাংশে নেমে এসেছে।

অর্থাৎ গত বছরের নভেম্বর মাসে যে পণ্য বা সেবা কিনতে ১০০ টাকা খরচ হত; এখন সেই একই পণ্য বা সেবার জন্য ১০৬ টাকা ২১ পয়সা খরচ হচ্ছে। অক্টোবর মাসের মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশ ধরে এই খরচ ছিল ১০৬ টাকা ৬০ পয়সা। ছয় মাস আগে জুন মাসে এই হার ছিল ৭ দশমিক ৩৫ শতাংশ।

গত এক বছরে (২০১৩ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের নভেম্বর) গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ১০ শতাংশ। পূর্ববর্তী একই সময়ে এ হার ছিল ৭ দশমিক ৫২ শতাংশ।

মূল্যস্ফীতির এই হার ‘নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে’ বলে মনে করেন আজিজুল ইসলাম ও জায়েদ বখত। এটাকে সরকারের এক ধরনের সাফল্যও বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ। তবে বিশ্ব বাজারে জ্বালানি তেল ও খাদ্য পণ্যের দাম কমাটা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরায় সহায়তা করেছে বলেও মনে করেন তারা।

বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে নামিয়ে আনার যে ঘোষণা দেওয়া হয়েছে তা অর্জনের ব্যাপারে আশাবাদী অর্থমন্ত্রী।

রিজার্ভ

অর্থনীতির সূচকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বিদেশি মুদ্রার মজুদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রিজার্ভের পরিমাণ ছিল ২২ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। গত বছরের একই দিনে এর পরিমাণ ছিল ১৮ বিলিয়ন ডলার। এ হিসাবে এক বছরে রিজার্ভ বেড়েছে প্রায় ২৫ শতাংশের মতো।

বিদায়ী বছরে তিন বার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার রিজার্ভ ২২ বিলিয়ন ছাড়ায় ৭ অগাস্ট। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর তা কমে যায়।

৮ অক্টোবর দ্বিতীয় দফায় রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের উপরে উঠে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আকুর বিল পরিশোধের আগ পর্যন্ত রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের উপরে অবস্থান করে।

১৫ ডিসেম্বর ফের রিজার্ভ ২২ বিলিয়ন ডলার অতিক্রম করে।

প্রতি মাসে ৩ বিলিয়ন ডলার হিসাবে এই রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয় বাড়ায় রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।

২০০৯ সালের ১০ ডিসেম্বর রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। ২০১৩ সালের এপ্রিল মাসে তা ১৫ বিলিয়ন ডলারে পৌঁছে।

২০১৪ সালের এপ্রিল মাসে রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়ায়। ৩০ জুন রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রা মজুদ থাকতে হয়।

রেমিটেন্স

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও বেড়েছে। বছরের বারো দিন বাকি থাকতেই আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি রেমিটেন্স দেশে এসেছে।

২০১৩ সালে ১৩ দশমিক ৭২ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত এসেছে ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।

বিদেশি জনশক্তি রপ্তানি ৭ শতাংশ বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্সে।

রপ্তানি

বিদায়ী বছরের ১১ মাসেই (জানুয়ারি-নভেম্বর) ২০১৩ সালের পুরো সময়ের চেয়ে সাড়ে তিন বিলিয়ন ডলার বেশি রপ্তানি আয় দেশে এসেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জানুয়ারি-নভেম্বর সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করেছে। ২০১৩ সালে এই পরিমাণ ছিল ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক রপ্তানি থেকে ১১ মাসে আয় হয়েছে ২২ দশমিক ২৫ বিলিয়ন ডলার, যেখানে আগের বছ এই খাত থেকে ২১ দশমিক ২২ বিলিয়ন ডলার আয় হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আমদানি

সাধারণ অর্থনীতি বিভাগের (জেইডি) তথ্য অনুযায়ী, এবার ১১ মাসে আমদানি ব্যয়  বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ। আমদানি বাড়ায় আড়াই বছর পর বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি (ঋণাত্মক) দেখা দিয়েছে।

চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১২৬ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ৮০ কোটি ডলার উদ্বৃত্ত ছিল।

২০১৩ সালে আগের বছরের চেয়ে আমদানি ব্যয় বেড়েছিল ৯ দশমিক ৭ শতাংশ।

রাজস্ব আদায়

জেইডির ১১ মাসের হিসাবে (নভেম্বর পর‌্যন্ত) রাজস্ব আদায় বেড়েছে ১৩ শতাংশ। গত বছর (২০১৩ সাল) তার আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ১৫ শতাংশ।

গত অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছিল ১০ দশমিক ৪১ শতাংশ। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) যে তথ্য এনবিআর প্রকাশ করেছে তাতে দেখা যায়, প্রবৃদ্ধির হার হচ্ছে ১৪ দশমিক ২৪ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরের এই চার মাসে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ১৬ শতাংশ।

শেয়ার বাজার

ডিমিউচ্যুয়ালাইজেশনের পর বাজার ‘স্বাভাবিক’ হবে বলে প্রত্যাশা করা হলেও বছরের শেষ দিকে এসে তার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। লেনদেনও কমে এসেছে দুশ কোটি টাকার নীচে।

২০১৪ সালে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার কোটি টাকা। গত বছর ছিল ২ লাখ ৬৪ হাজার কোটি। এ বছর আইপিওর মাধ্যমে ১৪টি প্রতিষ্ঠান ১ হাজার কোটি টাকা তুলেছে শেয়ার বাজার থেকে।

বিদেশিরা বেচা-কেনা করেছেন ৫ হাজার ৬০০ কোটি টাকা। গত বছর এই পরিমান ছিল ৩ হাজার ৩০০ কোটি টাকা।

ব্যাংক ঋণ

জেইডির তথ্যে দেখা যায়, ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ কমেছে। গত বছর ব্যাংক থেকে জিডিপির ৩ দশমিক ৪৫ শতাংশ ঋণ নিয়েছিল সরকার। এবার নিয়েছে ৩ শতাংশ।

অর্থবছরের নিট হিসাবে গত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকার ব্যাংক থেকে যতো টাকা ধার করেছে তার থেকে বেশি শোধ করেছে।

প্রত্যাশার চেয়ে বেশি সঞ্চয়পত্র বিক্রি হওয়ায় প্রয়োজনীয় খরচ মেটাতে সরকারকে ব্যাংক থেকে কোন ধার করতে হচ্ছে না। উল্টো আগে যে অর্থ ধার করেছিল তা পরিশোধ করছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের পহেলা জুলাই থেকে ২১ ডিসেম্বর সময়ে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো অর্থ ধার করেনি। উল্টো বিভিন্ন সময়ে নেওয়া ঋণের নয় হাজার ১৬২ কোটি টাকা পরিশোধ করেছে।

এই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার নয় হাজার ১৪১ কোটি ৩৪ লাখ টাকা ঋণ নিয়েছে।

নিট হিসাবে এই ছয় মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে যতো টাকা ঋণ নিয়েছে তার থেকে ২০ কোটি ৫৬ টাকা বেশি শোধ করেছে।

অথচ গত বছরের একই সময়ে এই নিট ঋণের পরিমাণ ছিল তিন হাজার ৮১৭ কোটি ৬২ লাখ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ১১ হাজার ৭০৭ কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার। চলতি ২০১৪-১৫ অর্থবছরের চার মাসেই (জুলাই-অক্টোবর)নয় হাজার ৭৮ কোটি টাকা। যা পুরো বছরের (১২ মাস) লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

২০১৪-১৫ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নয় হাজার ৫৬ কোটি টাকা।

সঞ্চয়পত্র থেকে ঋণ বাড়ায় ব্যাংক থেকে সরকারের ঋণ কমেছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Image
কৃষি ঋণ বিতরণ কমছে

কৃষি ঋণ বিতরণ কমছে

কৃষি

বরাবরের মতো অর্থনীতিতে সুখকর অবস্থা তৈরির ভিত মজবুত করে চলেছে কৃষি। ফসল উৎপাদন এবং কৃষির বিভিন্ন খাত-উপখাত সবখানেই ভালো করেছে বাংলাদেশ। মাছ উৎপাদনে সামগ্রিকভাবে চতুর্থ স্থান অর্জনের সুখবর এসেছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফএও থেকে।

রেকর্ড পরিমান বোরো উৎপাদন হয়েছে এবার ১ কোটি ৯০ লাখ মেট্টিক টন। আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ কোটি ৩৪ লাখ টন। গতবার ছিল ১ কোটি ৩০ লাখ টন।

এফএও বলছে, চাল-গম মিলে উৎপাদন হতে পারে ৫ কোটি ৬ কোটি টন।

ব্যাংক খাত

ব্যাংক ঋণের সুদের হার কমতে শুরু করলেও এখনো হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ধকল কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকিং খাত। খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। ব্যাংকার্স বৈঠকে এই খেলাপি ঋণ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন গভর্নর আতিউর রহমান।

অর্থনীতিবিদরা নতুন বছরে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে। তা না হলে বছর শেষে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন ও চাকরি কমিশনের পেশ করা সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় ২১ হাজার কোটি টাকার যোগান দিতে সরকারকে বেগ পেতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন তারা।