স্প্রেড ৫% এর নিচে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
ব্যাংক খাতের ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের নিচে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে তা ব্যাংকগুলোতে পাঠানো হয়।
এর আগেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্প্রেড কমানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এসএমই খাতে সুদ হার কমানোর লক্ষ্যে গত নভেম্বরে ওই নির্দেশনা দেওয়া হয়েছিল।
নভেম্বরের আগ পর্যন্ত স্প্রেড হিসাব করার ক্ষেত্রে এসএমই ঋণ অন্তর্ভুক্ত হত না। তখন এসএমই ঋণ অন্তর্ভুক্ত করে স্প্রেড নিম্নতর এক অংকে রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক রূপ রতন পাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের সার্কুলারে আমরা বলেছিলাম, স্প্রেড নিম্নতর এক অংকে নামিয়ে আনতে হবে। কিন্তু এতে ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিভ্রান্তি হয়েছে। এক অংক বলতে একেক পক্ষ একেক ব্যাখ্যা দিয়েছে। এজন্য এখন স্পষ্ট করে বলা হল, স্প্রেড ৫ শতাংশের কম হতে হবে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে স্প্রেড ৫ শতাংশের নিচে রয়েছে। মার্চ মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। ওইসময়ে ঋণের গড় সুদ হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ, আর আমানতের সুদ হার ছিল ৭ দশমিক শূন্য ৬ শতাংশ। এরপর থেকে অক্টোবর পর্যন্ত স্প্রেড ৫ শতাংশের উপরে যায়নি।
কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনারা ঋণের যে গড় সুদ হার দেখছেন, সেটা ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ বাদে ব্যাংকের বিতরণ করা সব ধরনের ঋণের সুদ হারের গড়।
“কিন্তু আমরা (বাংলাদেশ ব্যাংক) চাচ্ছি, এসএমই খাতে ঋণের সুদ হার কমাতে। ব্যাংকগুলো এখনও এসএমই খাতে বেশি সুদ নিচ্ছে।”
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় এ বিষয়ে বলেন,এসএমই ঋণের ক্ষেত্রে স্প্রেড ৫ শতাংশের বেশি। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো এসএমই খাতে গড়ে ১২ থেকে ১৩ শতাংশ সুদ নিচ্ছে। আর বেসরকারি ব্যাংকগুলো নিচ্ছে গড়ে ১৫ শতাংশ বা তার বেশি। আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো নিচ্ছে ১৬ থেকে ১৭ শতাংশ।
“এজন্য যাতে এই সুদ হার কমানো যায় সেই উদ্যোগ নিতে আমরা ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগকে অনুরোধ করেছিলাম।”
চলতি বছরে ব্যাংকগুলো এসএমই খাতে ১ লাখ ৪ হাজার ৫৮৬ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নিয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত এ খাতে ৮১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ হয় বলে তথ্য পাওয়া গেছে।
