২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দশক পর সুদহার বাড়াল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এক দশক পর প্রথমবারের মতো সুদ হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে, যার প্রভাব পুরো বিশ্বেই পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 12:08 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে উন্নয়নশীল অনেকে দেশের ক্ষেত্রে ঋণ নেওয়ার খরচ বেড়ে যাবে, যাদের অর্থনীতির গতি ইতোমধ্যে ধীর হয়ে এসেছে। 

দীর্ঘদিন ধরে অর্থনীতি নিয়ে বেকায়দায় থাকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ সুদের হার বাড়িয়েছিল ২০০৬ সালে। এরপর তা কমে ২০০৮ সালে শূন্যের কাছাকাছি পৌঁছায়।

রয়টার্স জানিয়েছে, মন্দার সেই ক্ষত কাটিয়ে উঠে এ বছর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করছেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জ্যানেটে ইয়েলেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অর্থনীতি চাঙ্গা হচ্ছে, আর এই ধারা অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। কমিটি মনে করছে, এই অবস্থায় ফেডারেল ফান্ডের সুদার সামান্য বাড়ানোই যথাযথ হবে।”  

এ বছর যুক্তরাষ্ট্র ২ দশমিক ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি পাবে বলে ফেডারেল রিজার্ভের প্রত্যাশা, যা আগে ২ দশকি ৩ শতাংশ ধরা হয়েছিল।    

আর সুদ বাড়ানোর এই ঘোষণার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছে।

বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্র সুদ হার বাড়ানোর ফলে আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হবে, কিন্তু তাতে করে অনেক দেশ ও কোম্পানি ঋণ নিতে সমস্যায় পড়তে পারে এবং প্রবৃদ্ধির গতি নতুন করে জটিলতায় পড়তে পারে।

ইউরোপ যেখানে ঋণ নেওয়ার শর্ত আরও শিথিল করার চেষ্টা করছে, সেখানে যুক্তরাষ্ট্র সুদ বাড়িয়ে উল্টো পথে হাঁটল বলেও মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে।